গ্রাহকের সঠিক পরিচয় নিশ্চিত হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণ দেওয়ার সময় গ্রাহকের সঠিক পরিচিতি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য দেশের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) সম্প্রতি এক চিঠির মাধ্যমে এ নির্দেশ দেয়।
এমআরএর নিবন্ধনপ্রাপ্ত সব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে এ চিঠি পাঠানো হয়। তাতে বলা হয়েছে, ঋণ দেওয়ার আগে ঋণদাতা প্রতিষ্ঠানকে গ্রাহকের পরিচিতি নিশ্চিত হওয়ার পাশাপাশি তাঁদের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ করতে হবে।
বিদ্যমান মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের তথ্য বিষয়ে প্রতিবেদন তৈরি ও প্রদানকারী সংস্থা।
চিঠিতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে যার যার প্রতিষ্ঠানে গ্রাহক পরিচিতি সম্পর্কিত ফরম (কেওয়াইসি প্রোফাইল ফরম) চালু করারও পরামর্শ দিয়েছে এমআরএ। ফরমে গ্রাহকের নাম, পিতা, মাতা, স্বামী বা স্ত্রীর নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, পেশা, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর, স্থায়ী সম্পদের বিবরণ, গ্রাহকের পক্ষে পরিচয়দানকারী ব্যক্তির নাম ও পদবি ইত্যাদি উল্লেখ করতে বলা হয়েছে।
জানতে চাইলে এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জি গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আগে থেকেই চালু রয়েছে। নতুন করে চিঠির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে আবার তা মনে করিয়ে দেওয়া হলো।’