মোবাইল ব্যাংকিং লেনদেনের হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকেরা তাঁদের পরিচিতি সম্পর্কে যেসব তথ্য প্রদান করছেন (কেওয়াইসি-গ্রাহককে জানো), তার ৯৯ শতাংশই ভুয়া। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে এমন মতামত তুলে ধরা হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বা বিআইবিএমের এক গবেষণায়। মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে এ গবেষণা পরিচালনা করেন প্রতিষ্ঠানটির তিন শিক্ষক। গতকাল সোমবার ‘বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে মোবাইল ব্যাংকিংয়ের প্রভাব’ শীর্ষক এক সেমিনারের মাধ্যমে সেই গবেষণার ফলাফল তুলে ধরা হয়।
বিআইবিএমের গবেষণায় বলা হয়েছে, দেশের মোবাইল ব্যাংকিং সেবায় কার্যকর ভূমিকা রাখতে পারছে না সনদপ্রাপ্ত অধিকাংশ প্রতিষ্ঠানই। মোবাইল ব্যাংকিং সেবার জন্য ২০টি প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংক সনদ দিলেও বাজারের ৭৫ ভাগই রয়েছে একটি প্রতিষ্ঠানের দখলে। আরেকটি প্রতিষ্ঠানের দখলে আছে ২১ ভাগ। বাকি ১৮টি প্রতিষ্ঠান মিলে মাত্র চার ভাগ বাজার নিয়ন্ত্রণ করছে। কেন সনদধারী অধিকাংশ প্রতিষ্ঠান এ বাজারে কার্যকর ভূমিকা রাখতে পারছে না তা নিয়ে গবেষণা হওয়া দরকার।
গবেষণা প্রবন্ধটিতে বলা হয়, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে ২০১০ থেকে ২০১৪ সাল—পাঁচ বছরে আর্থিক অন্তর্ভুক্তির সূচক ২৭ শতাংশ থেকে বেড়ে ৬৫ শতাংশ হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তি বাড়লেও মোবাইল ব্যাংকিং সেবা নেওয়া মোট গ্রাহকের ৭৫ দশমিক ৪ শতাংশ বিকাশ এবং আর ২১ শতাংশ ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং ব্যবহার করেন। বাকি ১৮টি ব্যাংকের দখলে আছে মোট গ্রাহকের মাত্র সাড়ে ৩ শতাংশ।
গবেষণায় আরও বলা হয়, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মূলত টাকা ওঠানো ও টাকা পাঠানোর কাজটিই সবচেয়ে বেশি হয়। এ ছাড়া ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) পর্যায়ে টাকা পাঠানো, মোবাইল টপ আপ বা টাকা ভরা, সেবা বিল পরিশোধ, বেতন দেওয়ার মতো কাজেও এখন মোবাইল ব্যাংকিং ব্যবহৃত হচ্ছে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বলেন, মোবাইল ব্যাংকিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও নারীদের একটি অংশ এখনো এ সেবা থেকে বঞ্চিত। নারীরাও যাতে আর্থিক অন্তর্ভুক্তির সুফল পান, সেটি নিশ্চিত করতে নীতিনির্ধারক ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নতুন পণ্য ও সেবা নিয়ে আসতে হবে।
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল এস কাদির বলেন, ‘মোবাইল ব্যাংকিং বলতে অনেকে এখন বিকাশকেই বোঝেন। এ খাতে আমরা এগিয়ে আছি বলে অন্যদের সুযোগ নেই বিষয়টি এমন নয়।’
সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, ডাচ্-বাংলা ব্যাংকের ডিএমডি আবুল কাশেম মো. শিরিন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম রোকনুজ্জামান প্রমুখ।