গ্রাহকেরা পাওনা ফেরত পাবেন কবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিতর্কিত প্রতিষ্ঠান যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) গ্রাহকেরা আর কত বছর পর তাঁদের পাওনা ফেরত পাবেন, তা নিশ্চিত নয় এখনো। পাওনা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নিতে সরকারের পক্ষ থেকে খুব একটা আগ্রহী নয় কেউ। আবার গ্রাহকদের পাওনা কে বুঝিয়ে দেবে, সেটাও এখনো ঠিক হয়নি। ফলে অর্থ থেকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য থেকে অর্থ মন্ত্রণালয়ে কয়েক বছর এভাবেই ঘুরছে বিষয়টি।
আর ঘোরার পর্যায়ে থাকতেই এ দফায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে আবার আন্তমন্ত্রণালয়ের বৈঠক বসছে ১৯ সেপ্টেম্বর। অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠেয় এ বৈঠকে অর্থ, বাণিজ্য, স্বরাষ্ট্র, আইন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আন্তমন্ত্রণালয়ের এ বৈঠকে উপস্থিত থাকতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ পাঠিয়েছে। কার্যক্রম বন্ধের ১০ বছর পার হওয়ার পর গ্রাহকেরা পাওনা ফিরে পেতে আশায় বুক বেঁধে আছেন। সরকারি হিসাবে যুবকের আড়াই হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে।
যোগাযোগ করলে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘আশা করছি ১৯ সেপ্টেম্বরের বৈঠক থেকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত বের হয়ে আসবে।’
যুবক কমিশনের প্রতিবেদনসহ যুবকের ওপর এ যাবৎ যতগুলো প্রতিবেদন হয়েছে, সব কটিতেই যুবকের সম্পত্তি রক্ষার্থে প্রশাসক নিয়োগের সুপারিশ এসেছে। প্রশাসক যুবকের স্থাবর, অস্থাবর সম্পত্তি ও দেওয়ানি দায় সুরক্ষায় দায়িত্ব পালন করবেন।
আইন মন্ত্রণালয়ও গত ফেব্রুয়ারিতে বাণিজ্য মন্ত্রণালয়কে জানায়, যুবকে প্রশাসক নিয়োগ করা যেতে পারে। কিন্তু একজন প্রশাসকের পক্ষে ওই দায়িত্ব পালন কতটা বাস্তবসম্মত, সে প্রশ্নও তুলেছেন অনেকে।
গত ৫ এপ্রিল যুবক বিষয়ে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের যৌথ স্বাক্ষরিত এ সার-সংক্ষেপে বলা হয়, ‘আইন মন্ত্রণালয়ের মতামতের পরিপ্রেক্ষিতে যুবকের সম্পত্তি ব্যবস্থাপনার জন্য প্রাথমিক পর্যায়ে যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি) কর্তৃক প্রশাসক নিয়োগের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া যেতে পারে।’
ওই সারসংক্ষেপের ওপর গত ২৪ এপ্রিল মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘এ সকল বিষয়ে অর্থমন্ত্রীর সাথে আলোচনা করুন।’ এরপর বিষয়টি আবার অর্থ মন্ত্রণালয়ে গড়ায় এবং গত ২৬ মে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক চিঠিতে অর্থমন্ত্রীকে বলা হয়, ‘দীর্ঘদিন অনিষ্পন্ন থাকায় যুবকের গ্রাহকেরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।’
আর এই পর্যায়ে ঈদের আগে ৫ সেপ্টেম্বর অর্থমন্ত্রীর কাছে আরেকটি সারসংক্ষেপ উপস্থাপন করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এতেও প্রশাসক নিয়োগের পক্ষে সুপারিশ করা হয়। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যুবকের নিবন্ধন যেহেতু বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, যুবকের গ্রাহকদের পাওনা বুঝিয়ে দেওয়ার দায়িত্বও শেষ পর্যন্ত ওই মন্ত্রণালয়ের ওপরই আসবে। অর্থ মন্ত্রণালয়ের এখানে কিছু করার নেই।
রাজধানীর শাহবাগের আজিজ কো-অপারেটিভ মার্কেটে কয়েকটি দোকান ভাড়া নিয়ে ১৯৯৪ সালে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে যুবক। ১৮৬১ সালের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় আরজেএসসি থেকে নিবন্ধন নেয় প্রতিষ্ঠানটি এবং পরে উচ্চ সুদের বিনিময়ে আমানত সংগ্রহ ও ঋণদান কর্মসূচি চালু করে।
কেন্দ্রীয় ব্যাংকের এক তদন্তে যুবকের প্রতারণামূলক কার্যক্রমসহ অবৈধ ব্যাংকিংয়ের চিত্র উঠে আসে ২০০৬ সালে। তখনই এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে ২০১০ সালের ২৬ জানুয়ারি ক্ষতিগ্রস্ত গ্রাহক ও স্থাবর-অস্থাবর সম্পত্তির তালিকা তৈরি করতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করা হয়।
ফরাসউদ্দিন কমিশনের সুপারিশ অনুযায়ী ২০১১ সালের ৫ মে সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলামকে চেয়ারম্যান করে গঠন করা হয় দুই বছর মেয়াদি যুবক কমিশন। মেয়াদ শেষে ২০১৩ সালে কমিশন অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয় এবং প্রশাসক নিয়োগসহ ১৪টি সুনির্দিষ্ট সুপারিশ করে। কিন্তু কোনো সুপারিশই বাস্তবায়িত হয়নি।
১৯৯৬ থেকে ২০০১ সময়ের আওয়ামী লীগ এবং ২০০১ থেকে ২০০৬ সময়ের বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মন্ত্রী, সাংসদ, রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সরকারি আমলা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পৃষ্ঠপোষকতায় যুবকের অশুভ উত্থান হয় বলে যুবক কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, সারা দেশে যুবকের ৯১টি জমি, ১৮টি বাড়ি ও ১৮টি কোম্পানি রয়েছে এবং ৩ লাখ ৩ হাজার ৭০০ গ্রাহকের কাছ থেকে ২ হাজার ৬০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন যুবকের কর্তাব্যক্তিরা।
কমিশনের সুপারিশের সূত্র ধরে অর্থ মন্ত্রণালয় ২০১৪ সালের জুলাইয়ে বিষয়টি নিষ্পত্তির পুরো দায়িত্ব দেয় বাণিজ্য মন্ত্রণালয়কে। বাণিজ্য মন্ত্রণালয় তখন আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করে একটি প্রতিবেদন তৈরি করে। এ প্রতিবেদনে বলা হয়, অতি মুনাফালোভী ও সহজ-সরল বিভিন্ন শ্রেণির শিক্ষিত, অর্ধশিক্ষিত ও অশিক্ষিত লোক অতি সহজে যুবকের পাতা ফাঁদে ধরা পড়েন এবং একপর্যায়ে সর্বস্বান্ত হয়ে যান।
যুবকের ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা ‘যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটি’ নামে ২০১৩ সালের ডিসেম্বরে একটি সংগঠন করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন ঈদের আগে প্রথম আলোকে বলেন, ‘এই ফাঁকে অনেক কিছু হয়ে গেছে। বেহাত হয়ে গেছে যুবকের মূল্যবান কিছু সম্পত্তি। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকটিতে উপস্থিত থাকতে পারলে অনেক বিষয় তুলে ধরতে পারতাম, যা সরকারের অজানা।’