
মালয়েশিয়াতে চিকিৎসা নিতে আগ্রহীদের জন্য বিশেষ স্বাস্থ্যবিমা কর্মসূচি ‘জিডি হেলথ’ নিয়ে এসেছে বেসরকারি সাধারণ বিমা প্রতিষ্ঠান গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স। এ জন্য জিডি অ্যাসিস্ট নামে আলাদা একটি প্রতিষ্ঠানও খুলেছে বিমা প্রতিষ্ঠানটি।
মালয়েশিয়ার পর্যটন খাতের সরকারি প্রতিষ্ঠান মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের (এমএইচটিসি) সঙ্গে যৌথ উদ্যোগে এ ব্যবস্থা চালু করেছে গ্রিন ডেল্টা। আর এ জন্য আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত হবে দিনব্যাপী ‘মালয়েশিয়া হেলথকেয়ার এক্সপো’ শীর্ষক এক স্বাস্থ্য প্রদর্শনী। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ প্রদর্শনী উদ্বোধন করবেন।
রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন গ্রিন ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী, এমএইচটিসির জ্যেষ্ঠ ব্যবস্থাপক ডলি লিম, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের উপদেষ্টা ও জিডি অ্যাসিস্টের চেয়ারম্যান নাসির এ চৌধুরী প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সর্বোত্তম চিকিৎসাসেবা প্রদানকারী দেশের তালিকায় মালয়েশিয়ার অবস্থান বিশ্বে তৃতীয়। ২০১৩ সালে সাত লাখ ৭০ হাজার ১৩৪ জন বিদেশি নাগরিক দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন। এর মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যা মাত্র ১২ হাজার।
ফারজানা চৌধুরী বলেন, ‘মালয়েশিয়ার বিখ্যাত ছয়টি হাসপাতাল আজকের প্রদর্শনীতে অংশ নিচ্ছে। মালয়েশিয়ায় অপক্ষোকৃত কম খরচে চিকিৎসা করানো সম্ভব, যা আমাদের দেশে অনেকেই জানে না। তাই আমরা এ উদ্যোগ নিয়েছি।’