গ্রিসে আঙ্গেলা মেরকেল, আর্থিক কৃচ্ছ্রসাধন নিয়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সফর নিয়ে গ্রিসে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। তিনি গত মঙ্গলবার ছয় ঘণ্টার এক সংক্ষিপ্ত সফরে ঋণের ভারে জর্জরিত গ্রিসে যান।একদিকে অর্থনীতি পুনরুদ্ধারে দাতাদের পুঁজির গ্যারান্টির স্বার্থে গ্রিসের রক্ষণশীল দলের জোট সরকার নতুন শর্ত মেনে কৃচ্ছ্র সাধন ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে দেশ চালাতে রাজি হওয়ায় সেই দেশের জনগণের একটি অংশ সরকার ও প্রধান দাতাদেশ জার্মানির চ্যান্সেলরের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। অন্যদিকে আরেকটি অংশ অবশ্য বলেছে, জার্মানিসহ অন্য দাতাদেশগুলো এই মুহূর্তে পাশে না দাঁড়ালে গ্রিসের অর্থনীতি মুখ থুবড়ে পড়ত। সফরকালে আঙ্গেলা মেরকেল অবশ্য গ্রিসের অর্থনীতি পুনরুদ্ধারে জার্মানির পক্ষ থেকে আরও সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। এই সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইউরো অঞ্চলের দেশগুলোকে ইউরোপিয়ান স্টাবিলিটি মেকানিজমের (ইএসএম) আওতায় সংকট কাটাতে ৫০ হাজার কোটি ইউরোর পুনরুদ্ধার তহবিল দেবে। এতে জার্মানির নগদ ও গ্যারান্টিকৃত অর্থের পরিমাণ অন্য দাতাদের তুলনায় অনেক বেশী হওয়ার কারণেও মেরকেল নিজ দেশে করদাতাদের সমালোচনার মুখে রয়েছেন।