গ্রিসের ঋণ-সংকট নিরসনে আলোচনায় ইইউ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের ঋণ-সংকট নিয়ে অচলাবস্থা দূর করতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গতকাল সোমবার একটি জরুরি সম্মেলনে বসেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। শেষ খবর পাওয়া পর্যন্ত এ আলোচনা চলছিল। বৈঠক চলাকালীন আগামী ২৪ ঘণ্টা গ্রিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গত রোববার গ্রিসের প্রধানমন্ত্রী এলেক্সিস সিপরাস আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১৬০ কোটি ইউরোর ঋণ খেলাপি হওয়া ঠেকাতে কয়েকটি নতুন প্রস্তাব দিয়েছেন। জার্মানি, ফ্রান্স ও ইউরোপীয় কমিশনের নেতাদের কাছে এই একগুচ্ছ সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। গ্রিসের মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে প্রস্তাবগুলো গৃহীত হয়। প্রধানমন্ত্রী একে ‘পারস্পরিক লাভজনক’ প্রস্তাব বলে উল্লেখ করেছেন। তবে প্রস্তাবটি এখনো প্রকাশ করা হয়নি। ইতালির প্রধানমন্ত্রী ম্যাত্তেও রেনজি উভয় পক্ষকে সুযোগের দ্বার খোঁজার আহ্বান জানিয়েছেন।
ইইউর একজন কর্মকর্তা জানান, প্রস্তাবে বেশ কিছু অঙ্গীকার করা হয়েছে। গ্রিসকে আগামী জুনের শেষ নাগাদ অবশ্যই ঋণ পরিশোধ করতে হবে। তা না করতে পারলে দেশটিকে একক মুদ্রা ও ইইউ থেকে বেরিয়ে যাওয়ার ঝুঁকির মুখে পড়তে হবে।
এদিকে, অর্থনৈতিক সংস্কারে রাজি না হওয়া পর্যন্ত ইউরোপীয় কমিশন, আইএমএফ ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) গ্রিসের ৭২০ কোটি ইউরোর বেইল আউট তহবিল (সংকট থেকে উত্তরণের তহবিল) ছাড় করতে অনাগ্রহ দেখাচ্ছে।
ইউরোপীয় কমিশন প্রেসিডেন্টের ক্যাবিনেট প্রধান মার্টিন সেলমেয়ার এক বার্তায় বলেন, গ্রিসের প্রস্তাব তিনটি ঋণদানকারী সংস্থা গ্রহণ করেছে। সূত্র: বিবিসি