গ্রিসের জন্য ১৩ হাজার কোটি ইউরো ঋণ সহায়তা অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীরা গ্রিসের জন্য দ্বিতীয়বারের মতো ১৩ হাজার কোটি ইউরোর ঋণ-সহায়তা অনুমোদন করেছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দীর্ঘ ১৩ ঘণ্টা আলোচনার পর ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীরা আজ মঙ্গলবার সকালে এ সিদ্ধান্তে পৌঁছেছেন বলে বিবিসি জানিয়েছে।আগামী ২০ মার্চের মধ্যে আগের ঋণ পরিশোধের জন্য এথেন্সের ১৩ হাজার কোটি ইউরো ঋণ-সহায়তা প্রয়োজন। ওই সময়ের আগে ঋণ-সহায়তা না পেলে গ্রিসের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।নতুন এই ঋণের বিনিময়ে ২০২০ সালের মধ্যে গ্রিস তার ঋণের পরিমাণ জিডিপির ১২০.৫ শতাংশ কমিয়ে আনবে। পাঁচ বছর ধরে চলতে থাকা অর্থনৈতিক মন্দার কারণে বর্তমানে গ্রিসের ঋণের পরিমাণ জিডিপির ১৬০ শতাংশে পৌঁছেছে।ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীদের গ্রুপের চেয়ারম্যান ও লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জ্যাঁ ক্লাউদে জাংকার আজ এই মতৈক্যের বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দেন।জাংকার বলেন, গ্রিসের ঋণ কমিয়ে আনার ক্ষেত্রে এবং দেশটির ইউরো অঞ্চলে অন্তর্ভুক্ত থাকার ব্যাপারে ঐতিহাসিক এই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, গ্রিসের জনগণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইউরো অঞ্চল পুরোপুরি সতর্ক রয়েছে। তবে গ্রিসের অর্থনীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে সব পক্ষের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন বলেও তিনি মনে করেন।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান খ্রিস্টাইন লাগার্ড বলেন, এই চুক্তিটি গ্রিসের অর্থনৈতিক প্রতিযোগিতা পুনঃপ্রতিষ্ঠার জন্য যথেষ্ট সুযোগ দেবে।গ্রিসের অর্থমন্ত্রী ইভানগেলিস ভেনিজেলস বলেন, নতুন এই ঋণচুক্তির ফলে দীর্ঘ সময় ধরে চলে আসা অনিশ্চয়তার অবসান হবে।