গ্রীণ ডেল্টা ও পিপলস ইনস্যুরেন্সকে জরিমানা
নির্ধারিত হারের চেয়ে কম ট্যারিফে বিমা করায় গ্রীণ ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি, এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং দুই কর্মকর্তাকে নয় লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ কার্যালয়ে গত বুধবার অনুষ্ঠিত এক শুনানিতে এ জরিমানা করা হয়। গ্রীণ ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানিকে সাত লাখ টাকা, এমডি নাসির এ চৌধুরীকে এক লাখ টাকা, ঢাকার গুলশান শাখার জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হাবিবুল বাহারকে ৫০ হাজার টাকা এবং আঞ্চলিক প্রধান ও এলিফ্যান্ট রোড শাখার জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট গোলাম সাব্বির চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ১২ সেপ্টেম্বর পিপলস ইনস্যুরেন্স কোম্পানি ও এর এমডিসহ দুইজনকে একই কারণে জরিমানা করা হয় মোট সাড়ে ছয় লাখ টাকা। এর মধ্যে পিপলস ইনস্যুরেন্স কোম্পানিকে পাঁচ লাখ টাকা, এর ব্যবস্থাপনা পরিচালককে এক লাখ টাকা এবং চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, কম ট্যারিফ হারে বিমা করা হলে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়, সরকার কম কর পায় এবং শেয়ারহোল্ডাররাও বঞ্চিত হন। দীর্ঘদিনের এ প্রবণতা রোধে আইডিআরএ গত ১৮ আগস্ট দেশের সব সাধারণ বিমা কোম্পানির উদ্দেশে একটি প্রজ্ঞাপন জারি করে।