গ্রীষ্মকালীন টমেটো চাষেই বলীয়ান বলরামপুরের কৃষকেরা
আষাঢ়-শ্রাবণ থেকে টানা ছয় মাস তাঁদের হাতে কাজ থাকত না। জায়গা-জমি বলতে কিছুই ছিল না, যে কারণে অনেক সময়ই তাঁদের ঘরে দিনে ঠিকমতো তিন বেলা ভাতও জুটত না। সে জন্য অভাবের তাড়নায় তাঁরা অন্য এলাকায় গিয়ে জমিতে বা অন্য কাজে কামলা খাটতেন। অথচ তাঁরা সবাই এখন স্বাবলম্বী, অধিকাংশেরই ঘরবাড়ি পাকা হয়েছে। কম-বেশি জায়গা-জমিও কিনেছেন তাঁরা। গ্রীষ্মকালীন টমেটোর চাষ করেই যশোরের বাঘারপাড়া উপজেলার বলরামপুর গ্রামের ৬৮ জন কৃষক নিজেদের ভাগ্য বদলে ফেলেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক বিপ্লব কুমার সাহা প্রথম আলোকে জানান, বলরামপুর গ্রামের কৃষকদের সাফল্য দেখে পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের কৃষকেরাও ইতিমধ্যে ব্যাপকহারে গ্রীষ্মকালীন টমেটো চাষে উদ্বুদ্ধ হয়েছেন। এবার গোটা উপজেলার ২৮১ জন কৃষক ৩০ হেক্টর জমিতে টমেটো চাষ করেছেন। বলরামপুরে এক দিন: সরেজমিনে সম্প্রতি বলরামপুর গ্রামে গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ টমেটো খেতের মধ্যে ছোট ছোট টংঘর। যেখানে আছেন কৃষকের গোটা পরিবার। কেউ বিশ্রাম নিচ্ছেন, আবার কেউ টমেটো খেতে কাজ করছেন। তেমনি একটি টংঘরে বিশ্রামরত কৃষক আকমত আলী প্রথম আলোকে জানান, তিনি এবার এক লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৫৫ শতক জমিতে টমেটোর চাষ করেছেন। এক মাসের ফলন বিক্রি করেই খরচের টাকা উঠে গেছে। আরও পাঁচ মাস টমেটো বিক্রি করা যাবে। আকমত আলী জানান, অতীতে এই সময় মাঠে কোনো কাজ থাকত না বলে তিনি বাধ্য হয়ে মোটর গাড়িতে দিনমজুুরির কাজ করতেন। টমেটোর চাষ করে গ্রামের অনেকের দিন ফিরেছে দেখে তিনিও ধারদেনা করে গত বছর সাড়ে ২২ শতক জমি লিজ (ইজারা) নিয়ে টমেটোর চাষ করেন। এতে তাঁর প্রায় এক লাখ টাকা খরচ হয়। কিন্তু টমেটো বিক্রি হয় আড়াই লাখ টাকা। কৃষকেরা জানান, এই টমেটোর চাষপদ্ধতি খুবই কঠিন। পরিবারের সবাইকে মাঠে এসে পড়ে থাকতে হয়। আকমত আলীর স্ত্রী খবিরন নেছা বলেন, ‘ভোর থেকে ওলোক (স্বামী) মাঠে কাজ করেন, আর আমি সকালে রান্না করে ভাত নিয়ে মাঠে চলে আসি। কোনো কোনো দিন দুপুরে বাড়ি যাওয়ার সময় পর্যন্ত পাওয়া যায় না।’কৃষক শেখ আফজাল হোসেন জানান, তিনি এবারই প্রথম ৬০ হাজার টাকা ব্যয়ে ১৫ শতক জমিতে চাষ করেছেন। এরই মধ্যে তিনি ৭৫ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন। আগামী জানুয়ারি মাস পর্যন্ত টমেটো বিক্রি করা যাবে বলে তিনি আশা করেন। চাষপদ্ধতি: কৃষকেরা জানান, তুলনামূলকভাবে একটু উঁচু জমিতে এই টমেটোর চাষ করতে হয়, যাতে জমিতে পানি না আটকে যায়। জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাসের মধ্যে বীজতলা তৈরি করতে হয়। সাদা মাছির আক্রমণ থেকে রক্ষার জন্য বীজতলা বিশেষ পদ্ধতিতে নেট দিয়ে ঢেকে দিতে হয়। ১০ থেকে ১৫ দিন পর বীজতলা থেকে চারা তুলে জমিতে লাগাতে হয়। ৩১ থেকে ৩২ দিনের মাথায় ফল ধরতে শুরু করে।যেখান থেকে শুরু: ১৯৯৫-৯৬ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সবজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সাহাবউদ্দিন উচ্চ তাপমাত্রা সহনীয় এই টমেটোর জাত উদ্ভাবন করেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে জানান, দেশের কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে এ জাতের টমেটোর চাষ করা হলেও একমাত্র যশোরের বলরামপুরেই সবচেয়ে ভালো ফলন পাওয়া যায়। এ গ্রামে প্রথম টমেটোর চাষ করেন খান মোকাদ্দেস আলী ও নূর মোহাম্মদ। মোকাদ্দেস আলী বর্তমানে কৃষি গবেষণা কেন্দ্র যশোরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক সহকারী হিসেবে কর্মরত। তিনি এ প্রতিবেদককে জানান, নতুন জাতের টমেটোর পরীক্ষামূলক প্রদর্শনী প্লটের দায়িত্ব ছিল তাঁর ওপর। প্রথম বছর তিনি ও নূর মোহাম্মদ চাষ করেন। ফলন ভালো হওয়ায় পরের বছর আরও দুজন উদ্বুদ্ধ হন, যা পরবর্তী বছরগুলোতে আরও বাড়ে। তবে ২০০৫ সালে এই টমেটোর হাইব্রিড জাত উদ্ভাবনের পর থেকেই ব্যাপক হারে এর প্রসার ঘটতে থাকে।চাষিদের প্রশিক্ষণ: কৃষকদের উদ্যোগে গঠিত দাদপুর-বলরামপুর টমেটো চাষি সমিতির সভাপতি আবু তালেব প্রথম আলোকে জানান, বলরামপুর গ্রামের চাষিদের প্রশিক্ষণের জন্য দাদপুর বাজারে একটি কৃষি তথ্য পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে। যেখান থেকে চাষিদের মৌসুমের শুরুতে সপ্তাহে এক দিন করে টমেটো চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।বাজারজাতকরণ: কৃষকেরা জানান, তাঁদের উৎপাদিত টমেটো বিক্রি করা নিয়ে কোনো ঝামেলা নেই। স্থানীয় দাদপুর বাজারেই গড়ে উঠেছে টমেটোর বড় মোকাম। এ বাজারেই রয়েছেন চারজন পাইকারি আড়তদার। তাঁরাই প্লাস্টিকের ক্যারোট (খাচি) পাঠিয়ে চাষিদের কাছ থেকে টমেটো সংগ্রহ করেন। সমিতির সাধারণ সম্পাদক আড়তদার জালাল উদ্দিন বলেন, এ বাজার থেকে প্রতিদিন অন্তত তিন থেকে চার ট্রাক টমেটো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।তবে সবজি প্রক্রিয়াজাতকরণের জন্য যশোরে কোনো হিমাগার না থাকায় বাজারে যখন টমেটোর আমদানি বাড়ে তখন দাম কমে। এ ব্যাপারে দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ভ্যান চালিয়ে, কামলা খেটে ও মোটর গাড়ির হেলপারি করে যাঁরা অতি কষ্টে দিন কাটাতেন, আজ তাঁরা স্বাবলম্বী হয়েছেন। এই সাফল্য ধরে রাখতে তিনি বলরামপুর বাজারে সবজির একটি হিমাগার স্থাপনের দাবি জানান।