
গ্র্যাচুইটি তহবিলের টাকায় সঞ্চয়পত্র কেনার জন্য জাতীয় সঞ্চয় নীতির সংশোধন বা পরিবর্তন হতে পারে। বেসরকারি ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বাবলু কুমার সাহাকে আহ্বায়ক করে এ জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। কমিটি আগামী ১৪ নভেম্বরের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশ (এবিবি) বলছে, সঞ্চয়পত্রে বিনিয়োগের বিপরীতে বেসরকারি প্রাইম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, ইউনাইটেড লিজিং, বার্জার পেইন্টস, বাটা—এসব প্রতিষ্ঠানের অন্তত ২০০ কোটি টাকা আটকে রয়েছে সরকারের কাছে। এ টাকা সরকার নিজের প্রয়োজনে খাটিয়েছে, এখনো খাটিয়ে যাচ্ছে।
জানতে চাইলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নান গত রাতে মুঠোফোনে বলেন, ‘কমিটি হয়েছে ভালো, আইন সংশোধনের কাজটিও এগোতে পারে। তবে আমি মনে করি আগে যেসব ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠান সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছে, তাদের মুনাফাটা দিয়ে দেওয়া উচিত।’
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, গ্র্যাচুইটি তহবিলের টাকায় সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে সরকারের বর্তমান অবস্থান এবং জনগণের চাহিদার সঙ্গে সমন্বয় করে সঞ্চয়পত্র ও সমজাতীয় সুবিধা পরিচালনার জন্য সুপারিশ, গ্র্যাচুইটি তহবিলের টাকায় সঞ্চয়পত্রে বিনিয়োগ হওয়া অর্থের মুনাফা নগদায়নের উপায় এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বিভিন্ন ধরনের বন্ড জনপ্রিয় করতে বিদেশে প্রচারের কার্যকর পদ্ধতির সুপারিশ করা।
চাকরির বয়স পাঁচ বা সাত বছর পার হওয়ার পরই বেসরকারি ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠানগুলো কর্মকর্তা-কর্মচারীদের গ্র্যাচুইটি সুবিধা দিয়ে থাকে। চাকরি থেকে স্বেচ্ছায় চলে গেলে বা অবসরে গেলে সেবার স্বীকৃতিস্বরূপ কর্মকর্তা-কর্মচারীদের এককালীন যে অর্থ দেওয়া হয়, তা-ই হচ্ছে গ্র্যাচুইটি। এ জন্য প্রতিষ্ঠানগুলোতে যে তহবিল থাকে, সেটাই গ্র্যাচুইটি তহবিল। এ তহবিলের অর্থ দিয়েই সঞ্চয়পত্র কিনে আসছিল ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠানগুলো।
বিদ্যমান ১৯৭৭ সালের সঞ্চয়পত্র বিধি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্য-তহবিলের অর্থ পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যায়। কিন্তু গ্র্যাচুইটি তহবিলের অর্থ এ সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যায় না। মুনাফা না দেওয়ার জন্য এ বিষয়টিকেই সামনে নিয়ে এসেছে আইআরডি।
তবে এনবিআরেরই নির্দেশনা রয়েছে যে, ১৯৮৪ সালের আয়কর বিধির ৫৮ ডি ধারা অনুযায়ী গ্র্যাচুইটি তহবিলের অর্থে ‘পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র’ কেনা যাবে। ২০০৭ সাল থেকে বিভিন্ন ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠানকে এমন নির্দেশনা দিয়ে আসছিল এনবিআর।
কিন্তু গ্র্যাচুইটি তহবিলের অর্থে সঞ্চয়পত্র কেনা যাবে না বলে ২০১৪ সালের জুলাইয়ে প্রথম উদ্যোগ নেয় আইআরডি। বাংলাদেশ ব্যাংককে এক চিঠি দিয়ে আইআরডি জানায়, এ সুবিধা আর দেওয়া যাবে না—বাংলাদেশ ব্যাংক যাতে বেসরকারি ব্যাংকগুলোকে তা বলে দেয়। বাংলাদেশ ব্যাংক এরপর থেকে কয়েক মাস পরপরই সব ব্যাংকের এমডিদের উদ্দেশে চিঠি দিয়ে মুনাফা ছাড়াই সঞ্চয়পত্র ভাঙিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে আসছে।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ডিজি বাবলু কুমার সাহা বলেন, ‘আগামী রোববার কমিটির একটি বৈঠক রয়েছে এবং নির্ধারিত সময়েই সরকারের কাছে প্রতিবেদন দাখিল করব।’