ঘটনাবহুল সপ্তাহ পার করল শেয়ারবাজার
মূল্যসূচকের বাড়া-কমার রেকর্ড সপ্তাহ অতিক্রান্ত হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। বাজারের এই পরিস্থিতিকে কেন্দ্র করে পরপর কয়েক দিন বিনিয়োগকারীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ করেছেন। রবি ও সোমবার রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনের সামনের সড়কে হাজার হাজার বিনিয়োগকারী অবরোধ পরিস্থিতি তৈরি করেন। গাড়ি ভাঙচুরসহ অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। বিদেশ সফরে যাওয়ার আগে রোববার সন্ধ্যায় মন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানও উপস্থিত ছিলেন। ওই দিন অর্থমন্ত্রী বিনিয়োগকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা ধৈর্য ধরুন। ঠকবেন না। সরকার আপনাদের সঙ্গে আছে।’ অর্থমন্ত্রীর ওই আহ্বানেও আশ্বস্ত হতে পারেননি পুঁজি হারানো বিনিয়োগকারীরা। আর তাই মন্ত্রীর সংবাদ সম্মেলনের পরের দিন সোমবার বাজারে ব্যাপক দরপতন ঘটে। মাত্র ৫০ মিনিটের লেনদেনে ডিএসইর মূল্যসূচক কমে যায় ৬৩৫ পয়েন্ট। তাতেই উদ্বিগ্ন এসইসি দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ করে দেয়। ওই দিনই বাজারের দরপতন ঠেকাতে এসইসি ও বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসে। বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দুই পক্ষই আলাদা আলাদা বেশ কিছু সিদ্ধান্ত নেয়। তাতে আবার মঙ্গলবার সূচক উত্থানের চমক দেখা যায়। এক দিনেই সাধারণ মূল্যসূচকের এক হাজার ১৩ পয়েন্টের উল্লম্ফন ঘটে। এর বাইরে সোম ও মঙ্গলবার বাজারে লেনদেন হওয়া অনেক শেয়ার ক্রেতা-বিক্রেতাশূন্য ছিল। এসব কারণে শেয়ারবাজারের জন্য সপ্তাহটি ছিল বেশ ঘটনাবহুল ও আলোচিত। রোববার সাধারণ মূল্যসূচকের ৬০০ পয়েন্টের পতন দিয়ে সপ্তাহের প্রথম লেনদেন শুরু হয়েছিল। আর পতন দিয়েই সপ্তাহ শেষ হলো। বৃহস্পতিবার শেষ কার্যদিবসে ডিএসইর সূচক প্রায় ১১৫ পয়েন্ট কমেছিল। পাঁচ লেনদেন দিবসে রেকর্ড বাড়া-কমার ফলে সপ্তাহ শেষে মূল্যসূচকের দুই শতাংশ বা ১৫৯ পয়েন্ট পরিবর্তন হয়েছে। শুরুর দিনে সাধারণ মূল্যসূচক ছিল সাত হাজার ৭৩৫ পয়েন্টে। সপ্তাহের শেষ লেনদেনের পর সেটি কমে দাঁড়িয়েছে সাত হাজার ৫৭৬ পয়েন্টে। শুধু মূল্যসূচক নয়, পাশাপাশি কমেছে লেনদেন এবং শেয়ারের দামও। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ২৫২ কোম্পানির মধ্যে মাত্র ৩৬টি ছিল দাম বাড়ার তালিকায়। আর দাম কমার তালিকায় ছিল ২১২ কোম্পানি।সপ্তাহ শেষে ডিএসইর প্রতিদিনের গড় লেনদেন কমে হয়েছে প্রায় এক হাজার ৮৪ কোটি টাকা। আগের সপ্তাহটিতে এর পরিমাণ ছিল এক হাজার ২২৮ কোটি টাকা। এতে করে প্রতিদিনের গড় লেনদেন কমে গেছে ১৪৪ কোটি টাকা। পাশাপাশি কমেছে মোট লেনদেনের পরিমাণও। গেল সপ্তাহে ঢাকার বাজারে প্রায় পাঁচ হাজার ৪২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল প্রায় ছয় হাজার ১৪১ কোটি টাকা। সেই হিসাবে মোট লেনদেন ৭১৯ কোটি টাকা কমে গেছে।এ ছাড়া এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় দুই হাজার ৮৪০ কোটি টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন কমে দাঁড়িয়েছে তিন লাখ ২৭ হাজার ৬৩২ কোটি টাকায়। সপ্তাহটি সম্পর্কে জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘গত সপ্তাহে ব্যাপক উত্থান-পতনের ঘটনা ঘটলেও এখনো বাজার পুরোপুরি ঝুঁকিমুক্ত হয়নি। অনেক কোম্পানির শেয়ারের দাম যে অবস্থায় রয়েছে, তাতে ঝুঁকি রয়েই গেছে। এ অবস্থায় বিনিয়োগকারীদের উচিত অত্যন্ত সতর্কতার সঙ্গে নিজেদের অর্থের নিরাপত্তা বিধান করা। এটি করতে হলে হয় তাঁদের বিনিয়োগ স্থানান্তর করতে হবে, নয়তো নিরাপদে বাজার থেকে বেরিয়ে আসতে হবে। ’এদিকে গত সপ্তাহে লেনদেন ও শেয়ারের দাম কমার মধ্যে বাজারে বেশ ভালো অবস্থানে ছিল মৌলভিত্তির ‘এ’ শ্রেণীভুক্ত কোম্পানিগুলো। গেল সপ্তাহে লেনদেনের প্রায় ৯৬ শতাংশ জুড়েই ছিল এই শ্রেণীর কোম্পানিগুলো। বর্তমানে ডিএসইতে কোম্পানি ও মিউচুয়াল ফান্ড মিলিয়ে ২১৮টি সিকিউরিটিজ ‘এ’ শ্রেণীভুক্ত রয়েছে।