ঘন ঘন এসআরওতে ক্ষুব্ধ বিচারপতিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিনার ছিল বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) নিয়ে। কিন্তু মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিচারপতিরা ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘন ঘন প্রজ্ঞাপন (এসআরও) জারি করা নিয়ে।
বিচারপতিরা বলেছেন, অনেক মামলার বিচার করতে গিয়ে তাঁরা দেখেন এনবিআর থেকে নানা ধরনের এসআরও জারি হয়। একবার একধরনের এসআরও জারি হয়, তার দুই মাস পর আরেক রকম এসআরও জারি হয়। এতে বিভ্রান্তি বাড়ে। মামলা নিষ্পত্তিতেও সময় লাগে। বিচারপতিরা ঘন ঘন এসআরও জারির ক্ষেত্রে এনবিআরের ক্ষমতা কমানোর পরামর্শও দেন।
রাজধানীর একটি হোটেলে গত মঙ্গলবার সন্ধ্যায় রাজস্ব মামলার ব্যবস্থাপনা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যকারিতা নিয়ে এনবিআর আয়োজিত সেমিনারে এসআরও নিয়ে এভাবে প্রতিক্রিয়া জানান বিচারপতিরা। এরপর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও।
অর্থমন্ত্রী বলেন, ‘আমি এসআরওর অত্যাচারে অতিষ্ঠ। আমরা একটা আইন করি। এরপর থেকে এসআরও হতেই থাকে। অনেক সময় দেখা যায় ছোট একটা আইন, এসআরও তার চেয়েও বড়। আমরা এখন এসআরও কমানোর চেষ্টা করছি।’

>আমি দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিলাম। কিন্তু এখানেও আমলাতান্ত্রিক বাধা। আমার প্রস্তাবটি তিন মাস পড়ে ছিল। শুনেছি গত সপ্তাহে সেটি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এটা যদি অনুমোদিত হয়ে আসে, আমি যদি সেটাকে একটি সিস্টেমে ফেলতে পারি তাহলে এগুলোকে এডিআরে দিয়ে দেওয়া যাবে সুরেন্দ্র কুমার সিনহা, প্রধান বিচারপতি

সেমিনারে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বছরের পর বছর আদালতে পড়ে থাকা মামলাগুলো এডিআরে পাঠানো যায় কি না তা ভেবে দেখতে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বিচারপতিকে অনুরোধ করেন।
পরে এ নিয়ে ইতিবাচক মনোভাবও দেখান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে তিনিও আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিলাম। কিন্তু এখানেও আমলাতান্ত্রিক বাধা। আমার প্রস্তাবটি তিন মাস পড়ে ছিল। শুনেছি গত সপ্তাহে সেটি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এটা যদি অনুমোদিত হয়ে আসে, আমি যদি সেটাকে একটি সিস্টেমে ফেলতে পারি তাহলে এগুলোকে এডিআরে দিয়ে দেওয়া যাবে।’ তিনি বলেন, ভারতে ‘লিগ্যাল এইড’ তহবিল থেকে এডিআর নিষ্পত্তি করা হয়। দুই পক্ষকে কোনো আইনজীবী নিয়োগ দিতে হয় না। তিনিও এ নিয়ম চালু করতে আগ্রহী। কারণ দেশেও ‘লিগ্যাল এইড’ তহবিল আছে।
দেশের বিদ্যমান আইনগুলোর বেশির ভাগই ‘মরিচা ধরা’ বলে মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, দেশের বিদ্যমান আইনের ৬০-৭০ শতাংশই অকেজো। একবিংশ শতাব্দীর এই যুগে আইনও যুগোপযোগী করা প্রয়োজন।
রাজস্বসংক্রান্ত মামলার কার্যক্রম চলার সময় এনবিআরের কোনো কর্মকর্তা উপস্থিত না থাকার কারণেও অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘এনবিআরের প্রতিটি কেইসে এনবিআরের একজন অফিসার অবশ্যই উপস্থিত থাকবেন। ইটস অ্যান অর্ডার। আমার কেইস, অথচ আমিই জানি না। এটা কী করে হয়।’
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, পণ্য আমদানির সময় শুল্ক নিয়ে অনেক সময় বিরোধ হয়। সে ক্ষেত্রে আমদানিকারকও একটি নির্দিষ্ট পরিমাণ শুল্ক দিতে চান। সেটা আগে এনবিআর আদায় করুক। বাকি যে অর্থ নিয়ে বিরোধ সেটা নিয়ে এডিআরে যাক, সেখানে
নিষ্পত্তি হোক। তাহলে তো আর লাখ লাখ মামলা আটকে থাকে না। এই পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি হলে শুল্ক, আয়কর ও মূসকসংক্রান্ত ৭০ শতাংশ মামলাই নিষ্পত্তি হয়ে যাবে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, দেশে নতুন যা-ই কিছুই করা হয় না কেন তার ভেতর থেকে দুর্নীতির একটা প্রবণতা তৈরি হয়। তবে আমি এডিআর নিয়ে আশাবাদী হতে চাই। তিনি বলেন, ব্যবসায়ীরা সব সময় সৎ উদ্দেশে মামলা করেন না। বিশেষ ধরনের ব্যবসায়ী আছেন যাঁদের কাজই হলো সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা। হাজার হাজার কোটি টাকার মামলা এখন আটকে আছে। মামলাবাজ ব্যবসায়ীরা এটাই চান। তারপর যদি এডিআরের নামে আরও দীর্ঘ সময় এগুলো ঝুলে থাকে তাহলে মজা তো তাঁদেরই হবে, ক্ষতি হবে রাষ্ট্রের।
সেমিনারে জানানো হয়, বর্তমানে রাজস্বসংক্রান্ত ২৪ হাজার ৫৭২টি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। এসব মামলার কারণে ৩০ হাজার ৯৪৬ কোটি টাকার রাজস্ব আটকে আছে। এই অর্থ চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার ১৭ শতাংশের বেশি। এবারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ৭৬ হাজার ৩৭১ কোটি টাকা।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সংস্থাটির তিনজন সদস্য বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।