ঘরে বসেই ই-টিআইএন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) থাকা বাধ্যতামূলক। কিন্তু এখন আর ই-টিআইএন নিতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) যেতে হবে না। ঘরে বসেই অনলাইনে মাত্র কয়েক মিনিটেই ই-টিআইএন সনদ পাওয়া যাবে।

করদাতাদের জন্য এনবিআরের ওয়েবসাইটে ই-টিআইএন নেওয়ার বিশেষ ব্যবস্থা আছে। অনলাইনে নির্দিষ্ট ফরম পূরণ করে জমা দিলে স্বয়ংক্রিয়ভাবে আপনার ই-মেইলে ই-টিআইএন সনদের অনুলিপি চলে আসবে। পরে সেই ই-টিআইএন ব্যবহার করে বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে পারবেন।

প্রথমে এনবিআরের ওয়েবসাইটের বাঁ দিকে ই-টিআইএন ঘরে ক্লিক করতে হবে। এরপর নিজের ই-মেইল ও মোবাইল ফোন নম্বর দিয়ে প্রাথমিক নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নেওয়ার পর আপনার মোবাইল ফোনে একটি খুদে বার্তা আসবে, তাতে অ্যাকটিভেশন কোডের একাধিক গোপন সংখ্যা থাকবে। গোপন সংখ্যাগুলো দিলেই কম্পিউটার স্ক্রিনে ই-টিআইএনের আবেদন ফরম আসবে। সেই ফরমে নিজের ও বাবা-মায়ের নাম, পেশা, ঠিকানা ইত্যাদি ব্যক্তিগত তথ্য দিতে হবে। তবে মনে রাখতে হবে, ই-টিআইএন নিতে জাতীয় পরিচয়পত্রের নম্বর লাগবে। স্বয়ংক্রিয়ভাবে মুহূর্তেই আবেদন ফরমে দেওয়া তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি মিলিয়ে দেখা হবে। যাঁদের পুরোনো টিআইএন আছে, তাঁদেরও পুনর্নিবন্ধন করে ই-টিআইএন নিতে হবে। এনবিআরের ওয়েবসাইট হলো www.nbr.gov.bd।