ঘরে বসেই কর পরিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম আতিকুর রহমান একটি বিদেশি ব্যাংকে চাকরি করেন। প্রতিবছরই বার্ষিক আয়কর বিবরণী ও কর জমা দেওয়ার সময় অফিস থেকে ছুটি নিতে হয়। ব্যাংক থেকে করের সমপরিমাণ অর্থ চালান নিয়ে আয়কর বিবরণী সংশ্লিষ্ট সার্কেলে গিয়ে জমা দেন। এ জন্য কমপক্ষে তাঁকে দুই দিন ছুটি নিতে হয়। আর কর অফিসের ঝক্কিঝামেলা তো রয়েছেই।কিন্তু ঝক্কিঝামেলার দিন শেষ হতে যাচ্ছে। এখন বছরের যেকোনো সময় কর পরিশোধ করা যাবে ঘরে বসেই। এ জন্য ব্যাংকে লাইনে দাঁড়িয়ে চালান নিতে হবে না। শুধু জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটে গিয়ে করদাতা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে কর পরিশোধ করবেন।গতকাল শনিবার থেকে অনলাইনে কর পরিশোধের ব্যবস্থা চালু করেছে এনবিআর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এই ব্যবস্থায় আয়কর, মূল্য সংযোজন কর ও কাস্টমসসংক্রান্ত যাবতীয় কর পরিশোধ করা যাবে। অনলাইনে কর পরিশোধের চালানের কপি বার্ষিক রিটার্নের সঙ্গে জমা দিতে হবে। এই পদ্ধতির স্লোগান হলো: ‘পে অনলাইন, এনিহোয়্যার, এনিটাইম’।এই পদ্ধতিতে সমন্বয়কের ভূমিকায় থাকবে এনবিআর, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (ওসিএজি)।ব্যবহারবিধি: এনবিআরের www.nbr-bd.org ওয়েব ঠিকানায় গিয়ে ই-পেমেন্ট পোর্টালে যেতে হবে। সেখানে গিয়ে প্রথমবার অনলাইনে কর পরিশোধ করতে হলে প্রথমে নিবন্ধন নিতে হবে। তাই লগইন অপশনে গিয়ে নাম, ঠিকানা, ই-মেইল ইত্যাদি লিখতে হবে। নিবন্ধন শেষ হলে আয়কর, মূসক, কাস্টমস ও অন্যান্য—এই চারটি অপশন আসবে। আয়কর দিতে চাইলে সেই অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘পে ইনকাম ট্যাক্স অনলাইন’ অপশনে গিয়ে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), করদাতার নাম, কর অঞ্চল, সার্কেল, কোন ধরনের আয়কর দেবেন (বার্ষিক বিবরণীর আয়কর, অগ্রিম কর, চাহিদা কর, করবর্ষ, করের পরিমাণ, ঠিকানা) তা লিখতে হবে। এরপর ‘নেক্সট’ অপশনে ক্লিক করলে সোনালী ব্যাংক-এনবিআর ই-পেমেন্ট পোর্টাল আসবে, সেখানে করদাতা ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ডে কর পরিশোধ করতে চান, তা জানতে চাওয়া হবে। এরপর ‘নেক্সট’ অপশনে ক্লিক করলে একটি খসড়া চালান কপি আসবে। করদাতা চাইলে খসড়া নিজেদের তথ্য-উপাত্ত সব পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন।এরপর আবারও ‘নেক্সট’ অপশনে ক্লিক করলে কীভাবে পরিশোধ করতে চান তা পর্দায় ভেসে আসবে। এই অপশনে ডেবিট বা ক্রেডিট কার্ড নম্বর নিতে হবে। এরপর নিরাপত্তা কোড, কার্ডের মেয়াদ লিখে আবারও নেক্সট অপশনে ক্লিক করতে হবে। পরে কার্ডের পাসওয়ার্ড নম্বর দিয়ে ‘সাবমিট’ ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে একটি চূড়ান্ত চালান কপি পর্দায় ভেসে আসবে। আর এই চালান কপিতে বার কোড, চালান নম্বর, ই-পেমেন্টের জলছাপ থাকবে। আর পর্দার নিচের অংশে প্রিন্ট, সেভ চালান, ই-মেইল ও ফিনিশ অপশনগুলো থাকবে। করদাতা চাইলে এই অপশনগুলোর সুযোগ নিতে পারেন।কিউ-ক্যাশের নেটওয়ার্কে যেসব ব্যাংক: কিউ-ক্যাশ নেটওয়ার্কে সংযুক্ত ২৬টি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা আপাতত অনলাইনে কর পরিশোধের সুবিধা নিতে পারবেন। ব্যাংকগুলো হলো: বেসিক ব্যাংক, ব্যাংক এশিয়া, কমার্স ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, জনতা ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, পূবালী ব্যাংক, শাহজালাল ব্যাংক, সোনালী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, এক্সিম ব্যাংক, ঢাকা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও ব্র্যাক ব্যাংক।এনবিআরের সদস্য (আয়কর) এম এ কাদের সরকার বলেন, ২০১৩ সালের মধ্যে সব করদাতা অনলাইনে বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে পারবেন। এখন অনলাইনে কর পরিশোধ করতে পারছেন করদাতারা। দুটি ব্যবস্থা পূর্ণাঙ্গ আকারে চালু হলে কর কর্মকর্তাদের সঙ্গে আর করদাতার সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এতে হয়রানি কমবে, করবান্ধব পরিবেশ নিশ্চিত হবে। প্রসঙ্গত, এখন সীমিত আকারে অনলাইনে বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে। এনবিআরের ই-গভর্নেন্স ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক কানন কুমার রায় প্রথম আলোকে জানান, অনলাইনে কর পরিশোধের ব্যবস্থা চালু হলে কর প্রদান-প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে। করদাতারা ঘরে বসেই কর দিতে পারবেন। চাইলে প্রতিমাসে আয় থেকে অল্প অল্প করে সারা বছরই কর পরিশোধ করতে পারবেন। শুধু বার্ষিক বিবরণী জমা দেওয়ার সময় চালানের কপিগুলো সঙ্গে জমা দিতে হবে।