অভিযোগ আইসিটি প্রতিমন্ত্রীর, পদ্ধতিগতভাবে নির্ভুল বললেন বিবিএস মহাপরিচালক
ঘরে বসেই বিবিএসের জরিপ!
দেশে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপকে অসম্পূর্ণ ও অযৌক্তিক বলে মনে করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে গতকাল বুধবার ‘ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও প্রবেশাধিকার বাংলাদেশ, ২০১৩’ শীর্ষক এক কর্মশালায় বিবিএসের জরিপ নিয়ে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার শুরুতেই জরিপ প্রতিবেদনটির বিভিন্ন দিক নিয়ে একটি উপস্থাপনা দেন বিবিএসের যুগ্ম পরিচালক কবির উদ্দিন আহমেদ।
এরপর আলোচনায় অংশ নিয়ে জুনাইদ আহমেদ বলেন, ‘জরিপটি ঘরে ঘরে গিয়ে নয়; ঘরে বসেই করা হয়েছে। এই জরিপ তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে।’ তিনি বলেন, এই প্রতিবেদনের ফলে আইসিটি খাতের কোনো ক্ষতি হলে সেটা মেনে নেওয়া হবে না।
আইসিটি প্রতিমন্ত্রী আরও বলেন, আইসিটি বিভাগ, বেসিসসহ কয়েকটি প্রতিষ্ঠানের হিসাবে দেশে এখন ইন্টারনেট ব্যবহারকারী ৫ কোটি ৪০ লাখ। অথচ কেউ যদি বিবিএসের ওয়েবসাইটে দেখে এই ব্যবহারকারী মাত্র দেড় কোটি হিসাব করে, তবে সেটা নেতিবাচক ফলই বয়ে আনবে।
বিবিএসের জরিপের সময় উপযোগিতা নিয়েও প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ করতে আগ্রহী দেশগুলো একটি নির্ভরযোগ্য সূত্র খোঁজে, যেখান থেকে তারা একটি দেশের তথ্যপ্রযুক্তি খাত নিয়ে একটা স্বচ্ছ ধারণা পেতে পারে। কিন্তু বিবিএস ২০১৩ সালে করা জরিপ প্রতিবেদন প্রকাশ করছে তিন বছর পর। তাই এই সময়ে এসে জরিপটির কোনো যৌক্তিকতা থাকে না।
তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিবেদন তৈরিতে ভবিষ্যতে বিবিএসকে তাঁর বিভাগের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে জুনাইদ আহমেদ বলেন, ‘আইসিটি বিভাগের সঙ্গে কথা বলে সঠিক তথ্যগুলো যাতে নেওয়া হয়, সেদিকে বিবিএসকে দৃষ্টি রাখতে হবে।’
প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাব দেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ। তিনি বলেন, ‘বেশ কিছু বিষয়ে সক্ষমতার অভাবের কারণে সময়মতো জরিপ প্রতিবেদন আমরা প্রকাশ করতে পারি না। তবে পদ্ধতিগতভাবে আমাদের প্রতিবেদন নির্ভুল। কাউকে বিব্রত করার জন্য এসব তথ্য দেওয়া হয়নি। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কিছুও এই প্রতিবেদনে রাখা হয়নি।’
আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার বলেন, যেকোনো জরিপে ভৌগোলিকসহ বেশ কিছু বাধা থাকে। তবে সেগুলো অতিক্রম করেই তথ্য সংগ্রহ করতে হবে। আশা করছি বিষয়গুলো বিবিএস পরের দিনগুলোতে মাথায় রেখেই কাজ করবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন ৫ কোটি ৪১ লাখ। দেশে সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী নির্ধারণে মানদণ্ড হলো ৯০ দিন বা তিন মাসের মধ্যে একজন ব্যক্তি একবার ব্যবহার করলেই তিনি ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে চিহ্নিত হবেন।
ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে সরকারের হিসাবের সঙ্গে দ্বিমত করে বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশে প্রকৃত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ২০ লাখ, যা বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র সাড়ে ৭ শতাংশ। চলতি বছরের জানুয়ারিতে বিশ্বব্যাংক প্রকাশিত ‘ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ২০১৬: ডিজিটাল ডিভিডেন্ডস’ শীর্ষক এক প্রতিবেদনে ইন্টারনেট ব্যবহারকারীর এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে ইন্টারনেট থেকে বঞ্চিত একক জনগোষ্ঠীর দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৫ নম্বর।