ঘাটতি অর্থায়ন নিম্নপর্যায়ে

নির্বাচন-পূর্ববর্তী রাজনৈতিক সহিংসতার প্রভাব পড়েছে ঘাটতি অর্থায়নেও৷ চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ঘাটতি অর্থায়নের জন্য সরকারকে ব্যয় করতে হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম৷
বাজেটের ব্যয় নির্বাহ করার জন্য সরকারকে রাজস্ব আদায়ের পাশাপাশি দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নিতে হয়৷ বাজেট ব্যয়ের যে অংশটুকু আদায়কৃত রাজস্ব থেকে মেটানো করা সম্ভব হয় না, সাধারণত ব্যয়ের সে অংশটুকু ঋণ করা অর্থ দিয়ে মেটানো হয়৷ এটাই ঘাটতি অর্থায়ন হিসেবে পরিচিত৷
অর্থ মন্ত্রণালয়ের হালনাগাদ পরিসংখ্যান থেকে জানা যায়, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ঘাটতি অর্থায়ন বাবদ সরকার ১৫ হাজার ৮৩৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয় করতে পেরেছে৷ আর সারা বছরের ঘাটতি অর্থায়নের লক্ষ্যমাত্রা ৪৮ হাজার ৩৫৪ কোটি টাকা৷ সে হিসেবে নয় মাসে লক্ষ্যমাত্রার মাত্র ৩২ শতাংশ ব্যয় হয়েছে৷ ঘাটতি অর্থায়ন বাবদ ব্যয় কম হয়েছে—ব্যাপারটিকে আপাতত সুখকর মনে হলেও বাস্তবে তা নয়৷ কারণ, অর্থায়ন কম হওয়ায় এই সময়কালে উন্নয়ন কর্মকাণ্ড কম হয়েছে৷
অবশ্য ২০১২-১৩ অর্থবছরের প্রথম নয় মাসে মাত্র চার হাজার ২৯৬ কোটি ৪০ লাখ টাকার ঘাটতি অর্থায়ন করা হয়েছিল৷
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নয় মাসের ঘাটতি অর্থায়নের প্রায় পুরোটাই করা হয়েছে ব্যাংক থেকে ঋণ গ্রহণের মাধ্যমে৷ এই নয় মাসে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের প্রকৃত পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ২৩২ কোটি ৬০ লাখ টাকা৷ কোনো নির্দিষ্ট সময়ে সরকার ব্যাংক থেকে মোট যে পরিমাণ ঋণ নেয়, একই সময়ে তা থেকে আগে গ্রহণ করা ঋণের আসল ফেরত দেওয়ার পর যা থাকে, তাই হলো নিট বা প্রকৃত ঋণ গ্রহণ৷
এই সময়ে ব্যাংকব্যবস্থা থেকে সরকার ১০ হাজার ৮১৪ কোটি ৪০ লাখ টাকা দীর্ঘমেয়াদি ঋণ নিয়েছে৷ আর স্বল্পমেয়াদি ঋণ নিয়েছে দুই হাজার ৪১৮ কোটি ৩০ লাখ টাকা৷
অর্থ মন্ত্রণালয়ের পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায়, ব্যাংক-বহির্ভূত উৎস থেকে সরকারের প্রকৃত ঋণ গ্রহণের পিরমাণ দাঁড়িয়েছে এক হাজার ৯৯৮ কোটি ১০ লাখ টাকা৷ ব্যাংক-বহির্ভূত উৎসগুলোর মধ্যে রয়েছে জাতীয় সঞ্চয় প্রকল্প, রাষ্ট্রীয় প্রভিডেন্ট ফান্ড, চলতি সম্পদ, অনিশ্চিত হিসাব ইতাদি৷
তবে এই উৎসের বেশির ভাগই আসে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বিক্রি করে৷ আর এই সময়কালে সঞ্চয়-পত্রের প্রকৃত বিক্রি দাঁড়িয়েছে সাত হাজার ৪৯৮ কোটি ৭০ লাখ টাকা৷
তবে এই সময়কালে ব্যাংক-বহির্ভূত অন্যান্য উৎস থেকে প্রকৃত ঋণ গ্রহণ ছিল নেতিবাচক৷ নেতিবাচকতার কারণ হচ্ছে, নয় মাসে সরকার যে ঋণ নিয়েছে, আগে নেওয়া ঋণ পরিশোধেই ব্যয় করতে হয়েছে তার চেয়ে বেশি৷ যার পরিমাণ পাঁচ হাজার ৫০০ কোটি টাকা৷
আবার সরকার আলোচ্য নয় মাসে প্রকৃত বিদেশি সহায়তা হিসেবে ঘাটতি অর্থায়নে মাত্র ১১৪ কোটি টাকা ব্যবহার করা হয়েছে নয় মাসে৷
যোগাযোগ করা হলে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, নয় মাসের ঘাটতি অর্থায়নের চিত্র দেখে বছর শেষে প্রকৃত পরিস্থিতি কী দঁাড়াবে, তা বোঝা সম্ভব হবে না৷ কেননা, সরকার অনেকগুলো দায়দেনা অর্থবছরের একেবারে শেষে গিয়ে নিষ্পন্ন করে থাকে৷ ফলে তখন ঘাটতি অর্থায়ন বেড়ে যায়৷ উদাহরণ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের দেনা কিংবা কৃষি ভর্তুকির বকেয়া অর্থবছরের শেষে গিয়ে পরিশোধ করা হবে৷ তখন দেখা যাবে ব্যাংক থেকে ঋণ গ্রহণ বেড়ে গেছে৷
আহসান মনসুর আরও বলেন, শেষ পর্যন্ত সরকারকে ব্যাংকঋণের লক্ষ্যমাত্রার পুরোটাই নিতে হতে পারে৷ কেননা, সরকারের রাজস্ব আদায়ে টান পড়বে৷ জাতীয় রাজস্ব বোর্ড এক লাখ ২৫ হাজার কোটি টাকা আদায়ের কথা বললেও শেষ পর্যন্ত তা এক লাখ ২০ হাজার কোটি টাকা না-ও হতে পারে৷ ফলে ঋণের ওপর নির্ভরতা বাড়বে৷
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড সম্প্রতি চলতি অর্থবছরের আদায়ের লক্ষ্যমাত্রা এক লাখ ৩৬ হাজার কোটি টাকা থেকে কমিয়ে এক লাখ ২৫ হাজার কোটি টাকা নির্ধারণ করে৷