ঘাটতি অর্থায়নে অভ্যন্তরীণ উৎসের ওপর নির্ভরতা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বাজেট ঘাটতি অর্থায়নে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম আট মাসে ঘাটতি অর্থায়নে অভ্যন্তরীণ উৎস থেকে মোট পাঁচ হাজার ২৫০ কোটি ৮৮ লাখ টাকা ঋণ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই এসেছে ব্যাংকবহির্ভূত উৎস থেকে।অথচ গত ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া নেতিবাচক হয়ে গিয়েছিল। এই সময়ে বরং সরকারের হাতে ফেরতযোগ্য এক হাজার ১৯৪ কোটি ৬৩ লাখ টাকা জমে গিয়েছিল।এর মূল কারণ ছিল ওই সময়কালে ব্যাংকব্যবস্থা থেকে সরকার যে পরিমাণ ঋণ নিয়েছিল, তার চেয়ে বেশি পরিমাণ অর্থ ফেরত দিয়েছিল। ফলে সরকারের হাতে ওই সময়কালে ফেরতযোগ্য ব্যাংকঋণের পরিমাণ ছিল নয় হাজার ২৬৪ কোটি ৭০ লাখ টাকা। একই সময় ব্যাংকবহির্ভূত উৎস থেকে সরকার ঋণ নিয়েছিল আট হাজার ৭০ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম আট মাসে সরকার ব্যাংকব্যবস্থা থেকে প্রকৃত হিসাবে এক হাজার ৭৮৮ কোটি ৭০ লাখ টাকা ঋণ নিয়েছে। আর এই সময় ব্যাংকবহির্ভূত উৎস থেকে নেওয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৪৬২ কোটি ১৮ লাখ টাকা।ব্যাংকবহির্ভূত উৎসের প্রায় পুরোটাই আসে সঞ্চয়পত্র বিক্রি করার মাধ্যমে। প্রাপ্ত পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম আট মাসে সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৬১২ কোটি ৮৮ লাখ টাকা। এটি আবার গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ৬৫ শতাংশ কম। কোনো নির্দিষ্ট সময়ে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের অর্থমূল্য থেকে ওই সময়কালে নগদায়ন করা সঞ্চয়পত্রের পার্থক্যই হলো ওই সময়কালে সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি। নগদায়ন বলতে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের মূল ফেরত দেওয়াকে বোঝান হয়।চলতি অর্থবছরের প্রথম আট মাসে সঞ্চয়পত্রের মোট বিক্রি হয়েছে ১২ হাজার ৯৯ কোটি ৬৬ লাখ টাকা। আর গত অর্থবছরের প্রথম আট মাসে মোট ১৬ হাজার ৪৫১ কোটি ১১ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল।আবার ২০১০-১১ অর্থবছরের প্রথম আট মাসে সঞ্চয়পত্র নগদায়নের পরিমাণ দাঁড়িয়েছে নয় হাজার ৪৮৬ কোটি ৭৮ লাখ টাকা। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় পাঁচ শতাংশ বেশি।চলতি অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্রের যেকোনো পরিমাণ মুনাফার ওপর উৎসে ১০ শতাংশ হারে কর কর্তন এবং মুনাফার হার কমিয়ে দেওয়াই সঞ্চয়পত্রের বিক্রি হ্রাস পাওয়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।তবে শুধু মহিলাদের জন্য প্রবর্তিত পারিবারিক সঞ্চয়পত্রের জন্য এই বিধি কার্যকর না হওয়ায় ব্যাপকভাবে বিক্রি বেড়েছে এই সঞ্চয়পত্রের। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসের শেষে এসে সঞ্চয়পত্রের বিক্রির স্থিতি দাঁড়িয়েছে ৬৩ হাজার ৯৯৪ কোটি ৩১ লাখ টাকা। আবার চলতি অর্থবছরের প্রথম আট মাসে বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে অর্থায়ন করা হয়েছে চার হাজার ৬২৮ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে দুই-তৃতীয়াংশ কম। গত ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে বিদেশি উৎস থেকে ঘাটতি অর্থায়নের পরিমাণ ছিল সাত হাজার ৪০৪ কোটি ৪০ লাখ টাকা। অথচ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতায় বলেছিলেন, ‘ঘাটতি অর্থায়নে এবারও আমরা সহজ শর্তে স্বল্প সুদের বৈদেশিক উৎসকে গুরুত্ব দিচ্ছি।’ আর বাজেটে বিদেশি উৎস থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ১০ হাজার ৮৩৪ কোটি টাকা।কিন্তু অর্থবছরের আট মাসের ঘাটতি অর্থায়নের চিত্র থেকে অনুমান করা যায়, এবারও বিদেশি উৎস থেকে অর্থায়ন লক্ষ্যমাত্রার অনেক দূরে থাকবে। ইতিমধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আয়তন কমিয়ে যে সংশোধন করা হয়েছে, সেখানেও পুরোটাই কমানো হয়েছে প্রকল্প সাহায্যের লক্ষ্যমাত্রা, যার সবটাই আসে বিদেশি উৎস থেকে। চলতি অর্থবছরের বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে সরকার ২৩ হাজার ৬৮০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। অভ্যন্তরীণ উৎসে ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ১৫ হাজার ৬৮০ কোটি টাকা। আর ব্যাংকবহির্ভূত উৎস থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে আট হাজার কোটি টাকা।আর ২০১০-১১ অর্থবছরের ঘোষিত বাজেট অনুযায়ী, চলতি অর্থবছর সরকার মোট ঘাটতি প্রাক্কলন করেছে ৩৪ হাজার ৫১৪ কোটি টাকা। গত ২০০৯-১০ অর্থবছরের সামগ্রিকভাবে ঘাটতি অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছিল ১৮ হাজার ৯৯ কোটি টাকা, যা ছিল মোট দেশজ উৎপাদনের ২ দশমিক ৬২ শতাংশ।