বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক আয়-ব্যয়ের মধ্যে বড় ধরনের পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অংশ হিসেবে বৈদেশিক সহায়তার পরিমাণ কমছে। এ দুইয়ের সম্মিলনে অর্থনীতিতে ঘাটতি ও ঋণ ক্রমশ বেড়ে চলেছে।বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘উন্নয়ন অন্বেষণ’-এর নভেম্বর মাসের অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদনে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমান অর্থনীতির গতিপ্রকৃতি এবং বাজেটে প্রস্তাবিত ও সংশোধিত পরিমাণের পার্থক্য বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি অর্থবছরে বাজেট ঘাটতির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। ২০১২-১৩ অর্থবছরে বাজেট ঘাটতি ৫২ হাজার ৬৮ কোটি টাকা প্রাক্কলন করা হলেও তা শেষ পর্যন্ত বেড়ে ৫৩ হাজার ৩৬২ কোটি ৬৭ লাখ টাকা হতে পারে।প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি এবং বিদেশি সহায়তার প্রাপ্তি প্রত্যাশামতো না হওয়ায় ঘাটতি বেড়ে চলছে। তাই ঘাটতি মোকাবিলায় ঋণের পরিমাণও বাড়ছে। ২০১২-১৩ অর্থবছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক দাবি করা ভর্তুকির পরিমাণ ছয় হাজার ৪৭৯ কোটি টাকা, যা ২০১১-১২ অর্থবছরে ছিল ছয় হাজার ১০০ কোটি টাকা। আর চলতি অর্থবছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে সরকার বিদ্যুৎ খাতে যথাক্রমে ৬৫০, ৬৩৭ ও ৬২৭ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।উন্নয়ন অন্বেষণ বলছে, বর্তমান বছরগুলোতে মাথাপিছু ঋণের বোঝাও বেড়েছে। মাথাপিছু ঋণের বোঝা ২০১১-১২ অর্থবছরে ২৪ দশমিক ৪২ ও ২০১০-১১ অর্থবছরে ৪৮ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে। প্রতিষ্ঠানটি মনে করে, সরকারের অদূরদর্শিতা, সৃজনশীল নীতি-কাঠামোর অভাব এবং সুযোগসন্ধানী আচরণের কারণে ঘাটতি ও ঋণ বৃদ্ধি পাচ্ছে। তাই জনসাধারণকে বিদ্যুৎ ক্রয়ের জন্য উচ্চমূল্য দিতে হচ্ছে, সামাজিক খাতে সরকারের ব্যয় কমে যাচ্ছে এবং জনগণকে মূল্যস্ফীতি ও উচ্চ করের বোঝা বইতে হচ্ছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেকোনো সময়ের চেয়ে সরকারের ঋণের বৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ঋণের এই বৃদ্ধি প্রকৃত সুদের হারের ওপর ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টির মাধ্যমে বেসরকারি বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং এর সঙ্গে সহমত পোষণকারী প্রতিষ্ঠানগুলোর নীতিনির্ধারণী উপদেশ তথা বিদ্যুতের মূল্যবৃদ্ধি অথবা সুদের হার বৃদ্ধি সমস্যার মূল কারণকে জিইয়ে রাখছে বলে উন্নয়ন অন্বেষণ মনে করে। এ অবস্থা থেকে উত্তরণে রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কারখানাগুলো বন্ধ করা এবং একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারি বিনিয়োগ বৃদ্ধির সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি।