ঘাটতি নিয়েই দুশ্চিন্তা ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের জাতীয় হিসাবরক্ষণকে বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কাজের অন্যতম। সে কারণেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করেন, তখন তা গোটা বিশ্ববাসীর নজর কাড়তে বাধ্য হয়। এ মুহূর্তে যুক্তরাষ্ট্র জাতীয়ভাবে ১২ লাখ কোটি (১২ ট্রিলিয়ন) ডলারের বেশি ঋণের বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। তার পরও ওবামাকে আগামী অর্থবছরের জন্য এক লাখ ৫৬ হাজার কোটি ডলারের ঘাটতি রাখতে হচ্ছে। এ প্রসঙ্গে ওবামার বক্তব্য হলো, ‘আমরা এমনভাবে খরচ চালিয়ে যেতে পারি না যাতে মনে হয় যে ঘাটতির কোনো প্রভাব নেই।...ওয়াশিংটনের দায়দায়িত্বহীন কর্মকাণ্ড যে শেষ করতে হবে, যা আমাদের মানতে হবে। নিজেদের রাজস্ব ব্যবস্থাপনা ঠিক না করে দীর্ঘ মেয়াদে আমরা টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে পারব না।’ওবামা আরও বলেছেন, লোকজনকে একচেটিয়া কারবারির মতো ব্যয় করা থেকে বিরত থাকতে হবে।বিশ্লেষকেরা বলছেন, ওবামা সার্বিকভাবে কর যতটা কমিয়েছেন তার চেয়ে বেশি বাড়িয়েছেন। কারণ, বাজেটে এক লাখ কোটি ডলারের মতো বাড়তি করারোপ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ওবামা সামাজিক নিরাপত্তা সুবিধাভোগী ও অবসরযাপনকারীদের মাথাপিছু ২৫০ ডলার দেওয়ার কথা বলেছেন। বেকারদের জন্য সুবিধা ও স্বাস্থ্যবিমার সুবিধা সম্প্রসারণ করা হয়েছে। বেকারদের যারা কাজ দেবে, এমন প্রতিষ্ঠান কাজপ্রতি পাঁচ হাজার ডলার পর্যন্ত কর ছাড় পাবে।তবে অর্থনীতি যদি ঘুরে দাঁড়ায় এবং এর প্রভাবে যদি রাজস্ব আয় বাড়ে ও সরকারের খরচ কমে, তাহলে ঘাটতি শেষ পর্যন্ত এক লাখ ২৭ হাজার কোটি ডলারে নেমে আসবে। আর ২০১১-১২ অর্থবছরে তা আরও কমিয়ে ৮২ হাজার ৮০০ কোটি ডলারে আনার পরিকল্পনা রয়েছে। ১ অক্টোবর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থবছর শুরু হয় আর শেষ হয় ৩০ সেপ্টেম্বর। তাই এ বছর সেপ্টেম্বর মাসের মধ্যেই কংগ্রেসকে বাজেটের চূড়ান্ত অনুমোদন দিতে হবে। সূত্র: এপি ও বিবিসি