দেশের কলকারখানায় বিদ্যুত্ ঘাটতি মেটাতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং জাতীয় কয়লানীতি দ্রুত চূড়ান্ত করার তাগিদ দিয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) নেতারা। তাঁরা আরও বলেছেন, ২০২১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বর্তমান সরকার ঘোষিত খসড়া শিল্পনীতি ২০০৯-এর দিকনির্দেশনা অত্যন্ত বাস্তবসম্মত। তাঁরা নতুন শিল্পনীতিকে একটি আদেশ হিসেবে ঘোষণা করে এর দিকনিদের্শনাগুলো আইনি কাঠামোর আওতায় আনার দাবি জানিয়েছেন। গতকাল বিকেলে এমসিসিআই সভাপতি এম আনিস উদ দৌলার নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে শিল্প মন্ত্রণালয়ে বৈঠককালে এসব দাবি জানান। বৈঠকে নেতরা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুসংহত করতে বিদেশে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ-প্রক্রিয়া সহজীকরণের দাবি জানান। তাঁরা বিএসটিআইর ওজন ও পরিমাপ (পণ্যের মোড়কজাতকরণ) অধ্যাদেশ ২০০৭ সংশোধন, বিএসটিআইর আধুনিকায়ন এবং ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্যের পারস্পরিক স্বীকৃতিচুক্তির দ্রুত বাস্তবায়নের জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। নেতারা বলেন, শিল্প-কারখানায় হয়রানিরোধে পণ্য উৎপাদনকারী মূল কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের আওতামুক্ত রাখতে হবে। যেসব শিল্প-কারখানার যতন্ত্রপাতি সার্বক্ষণিক চালু রাখা বাধ্যতামূলক, সেগুলোকে গ্যাস রেশনিংয়ের আওতামুক্ত রাখতে তাঁরা সরকারের প্রতি অনুরোধ জানান। দেশের চলমান বিদ্যুত্ ঘাটতি মোকাবিলায় তাঁরা ভারত থেকে দ্রুত বিদ্যুৎ আমদানিরও পরামর্শ দেন।লিখিত বক্তব্যে এমসিসিআইর পক্ষ থেকে বলা হয়, এখন সময় এসেছে বাংলাদেশি বিনিয়োগকারীদের দেশের বাইরে বিনিয়োগ করার। অথচ বর্তমানে বাংলাদেশের মূলধনী হিসাব স্থানান্তরযোগ্য নয়। এই অবস্থায় বাংলাদেশ থেকে বিদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে নিয়মকানুন শিথিল করতে ব্যবস্থা নেওয়ার জন্য এমসিসিআই নেতারা আহ্বান জানান।মেট্রো চেম্বার কর অবকাশ কর্মসূচির আওতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেছে। বর্তমানে মাত্র ১৮টি খাত এই সুবিধা পায়। এমসিসিআই আরও বেশিসংখ্যক খাতকে কর অবকাশ সুবিধার আওতায় আনার সুপারিশ করেছে। শিল্পমন্ত্রী বলেন, শিল্পসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার বেসরকারিখাতের বিকাশের প্রতি অগ্রাধিকার দিচ্ছে। টেকসই বেসরকারিখাতের বিকাশে সরকার সবধরনের সহায়তা দেবে বলে তিনি উল্লেখ করেন। দেশের শিল্পোদ্যোক্তাদের সুবিধার্থে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এবং সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োগ করে কয়লার বহুমুখী ব্যবহারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে শিল্প মন্ত্রণালয় থেকে পরামর্শ দেওয়া হবে বলে তিনি নেতাদের আশ্বস্ত করেন। দিলীপ বড়ুয়া বলেন, দেশব্যাপী দ্রুত শিল্পায়নের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে শিল্প মন্ত্রণালয়ে একটি গবেষণা ও উন্নয়ন সেল গঠন করা হয়েছে। নতুন শিল্পনীতিকে আইনি কাঠামোর আওতায় আনতে একটি আদেশ হিসেবে ঘোষণার জন্য শিল্প মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে তিনি উল্লেখ করেন। এর আগে মন্ত্রী শিল্পখাতের উন্নয়নের লক্ষ্যে চলতি অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের আওতায় গৃহীত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং দিকনির্দেশনামূলক সভায় বক্তব্য দেন। তিনি যেকোনো মূল্যে চলতি অর্থবছরে প্রকল্পের শতভাগ অর্জন নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। সভায় শিল্পসচিব দেওয়ান জাকির হোসাইন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালকেরা উপস্থিত ছিলেন।