এমসিসিআই, এফআইসিসিআই, ঢাকা চেম্বার ও বিসিআইয়ের বাজেট প্রতিক্রিয়া
ঘাটতি মেটাতে বিপুল ব্যাংকঋণে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হবে

বাজেট ঘাটতি মেটাতে সরকার দেশের ব্যাংক-ব্যবস্থা থেকে ৩৮ হাজার ৫২৩ কোটি টাকা ঋণ নেবে বলে অর্থমন্ত্রী যে প্রস্তাব করেছেন, তাতে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন ব্যবসায়িক সংগঠন। তারা উদ্বেগ জানিয়ে বলেছে, সরকার ব্যাংক খাত থেকে এই বিপুল পরিমাণ ঋণ নিলে বেসরকারি খাতের ঋণ প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে।
ব্যবসায়ী সংগঠনগুলো সদ্যঘোষিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের ওপর গতকাল শুক্রবার গণমাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানায়। এতে মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ গ্রহণ সীমিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) অভিমত হলো, ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নেওয়া না কমালে বেসরকারি খাতের বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন।
এমসিসিআই: এমসিসিআই বলেছে, আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য হচ্ছে ৭ শতাংশ। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হতে হলে এই হারে জিডিপি প্রবৃদ্ধি প্রয়োজন। তবে বেসরকারি খাতে আরও বিনিয়োগ ছাড়া এটি অর্জন সম্ভব নয়। এ জন্য সুনির্দিষ্ট অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে বাজেটে আসছে অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটি অর্জনকেও একটি চ্যালেঞ্জ মনে করে সংগঠনটি। কারণ চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি।
বাজেটে কয়েকটি ক্ষেত্রে করপোরেট করের হার হ্রাসের প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছে এমসিসিআই। তবে সুপারস্টোরে মূল্য সংযোজন কর (মূসক) ২ থেকে ৪ শতাংশ বৃদ্ধি করাকে উদীয়মান এই খাতের জন্য ক্ষতিকর হবে বলে মনে করে সংগঠনটি। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর মূসক আরোপের সিদ্ধান্তের সমালোচনা করেছে মেট্রো চেম্বার। এতে জনসাধারণের কাছে যথাযথ মানসম্পন্ন শিক্ষা বিস্তারের বাধাগ্রস্ত হবে মনে করে সংগঠনটি।
এমসিসিআই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং ব্যক্তি পর্যায়ে করযোগ্য আয়কর সীমা ২ লাখ ২০ হাজার থেকে বাড়িয়ে আড়াই লাখ টাকা করায় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। তবে সংগঠনটি বলছে, আনুতোষিকের ওপর আয়কর আরোপের বিষয়টি একটি খারাপ পদক্ষেপ। কারণ আনুতোষিক তহবিল প্রধানত অবসরপ্রাপ্ত ব্যক্তি ও জ্যেষ্ঠ নাগরিকদের জন্য হয়ে থাকে। সংগঠনটি মনে করে, সরকার এই প্রস্তাব থেকে সরে আসবে।
এফআইসিসিআই: প্রস্তাবিত বাজেটের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী অভিহিত করেছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই)। সংগঠনটি মনে করে, ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে জিডিপি ও বিনিয়োগের অনুপাত ২৮ শতাংশ থেকে ৩২ শতাংশে উন্নীত করতে হবে।
বাজেটের ইতিবাচক দিকগুলো সম্পর্কে এফআইসিসিআই মনে করে, উৎপাদনমুখী কারখানাগুলোর করের হার দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে দশমিক ১ শতাংশ করা ভালো উদ্যোগ। করপোরেট কোম্পানিগুলোর করের হার আড়াই শতাংশ কমানোয় সন্তুষ্টি প্রকাশ করলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব প্রতিষ্ঠান ২০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেবে, তাদের কর অবকাশ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা ঠিক হয়নি। মোবাইল সিম ট্যাক্স ৩০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা নির্ধারণ, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ২ শতাংশ থেকে ১ শতাংশ নির্ধারণ করাকে বাজেটের ইতিবাচক দিক বলে মনে করছে এফআইসিসিআই।
বাজেটের কয়েকটি বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছে এফআইসিসিআই। এগুলোর মধ্যে রয়েছে মূল্য সংযোজন কর (মূসক), মূসক আইন, উৎসে কর কর্তন, পারিতোষিকে কর আরোপ প্রভৃতি। বেসরকারি চাকুরেদের পারিতোষিকের পরিমাণ আড়াই কোটি টাকার বেশি হলে তাঁদের ওপর আলাদা কর আদায়ের উদ্যোগের সমালোচনা করেছে এফআইসিসিআাই।
পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করপোরেট কর কমানোর এফআইসিসিআই যে প্রস্তাব সরকারকে দিয়েছে, সেটি বিবেচনায় না নেওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এসব কোম্পানির করের হার আরও বেড়েছে। প্রস্তাবিত বাজেট দেশে নতুন বিনিয়োগ আকৃষ্ট করে অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করবে, এমন আশাবাদ ব্যক্ত করেছে এফআইসিসিআই।
ডিসিসিআই: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) বলেছে, আগামী অর্থবছরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ৭ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হলে দেশের অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। অর্থমন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সহায়তা-সুবিধা সম্প্রসারণে গুরুত্ব দিয়েছেন, যা জিডিপি প্রবৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।
ডিসিসিআইয়ের এক আলোচনা সভায় গতকাল শুক্রবার এভাবে বাজেটের ওপর প্রতিক্রিয়া জানানো হয়েছে। সভায় সংগঠনের সভাপতি হোসেন খালেদ সভাপতিত্ব করেন। ডিসিসিআই বোর্ডরুমে অনুষ্ঠিত এ আলোচনায় বর্তমান পরিচালক, সাবেক সভাপতিরা উপস্থিত ছিলেন।
সভায় ডিসিসিআইয়ের নেতারা নতুন বাজেটে অর্থনীতির চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় দেওয়া প্রস্তাব, করপোরেট করের হার পুনর্বিন্যাস, কৃষি খাতের বরাদ্দ, সিগারেটশিল্পের ওপর ৪৫ শতাংশ হারে একক কর ধার্য, ব্যক্তি শ্রেণির করদাতার করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকায় উন্নীত করা প্রভৃতি সিদ্ধান্তকে অভিনন্দন জানান।
ডিসিসিআই মনে করে, বাজেটে নির্ধারিত করের অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা দিয়ে অঘোষিত টাকা বৈধ করার যে সুযোগ দেওয়া হচ্ছে, তা যেন শুধু উৎপাদনশীল খাতেই ব্যবহার করা হয়, সেদিকে সরকারকে লক্ষ রাখতে হবে।
বিসিআই: এবারের বাজেটেও কালোটাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) প্রতিক্রিয়া জানিয়েছে। সংগঠনটির অভিমত, এটি যুক্তিসংগত হয়নি। কারণ, কালোটাকা উপার্জন কিংবা ব্যবহার উভয়ই অন্যায় ও অবৈধ কাজ। এতে করে বৈধ অর্থ উপার্জনকারীরা নিরুৎসাহিত হবেন।
এ বিষয়ে বিসিআই বলেছে, জমি, প্লট, ফ্ল্যাট ও শেয়ারবাজারে কালোটাকা ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। জমি ক্রয়ে কালোটাকা ব্যবহার করা হলে জমির দাম বাড়বে। এতে শিল্পায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।
সমালোচনা করলেও দেশের নতুন বিনিয়োগ এবং শিল্পায়নে প্রস্তাবিত বাজেট সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করে বিসিআই। সংগঠনটি বলছে, বরাবরের মতো বর্তমান বাজেটেও দেশি শিল্পকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী, যা দেশের শিল্প ও বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ।