বাজেট ঘাটতি মোকাবিলাই আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট ঘোষণার ঘণ্টা দুয়েক পর এক ব্রিফিংয়ে এমন প্রতিক্রিয়া জানিয়েছে এফবিসিসিআই।
রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বাজেট প্রতিক্রিয়া তুলে ধরেন সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, আগামী অর্থবছরের সার্বিক বাজেট ঘাটতি হবে ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা। অনুদানের হিসাব ছাড়া যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ। আর ছয় হাজার ২০৬ কোটি টাকা অনুদান রাজস্ব প্রাপ্তিতে ধরে হিসাব করলে ঘাটতি হবে ৬১ হাজার ৩৪৬ কোটি টাকা, যা জিডিপির ৪ দশমিক ৫ শতাংশ।
এই ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেবে মোট ৪৩ হাজার ২৭৭ কোটি টাকা। এর মধ্যে ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নেবে ৩১ হাজার ২২১ কোটি টাকা। অন্যদিকে বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে ১৮ হাজার ৬৯ কোটি টাকা।
কাজী আকরাম বলেন, বাজেট ঘাটতি মোকাবিলায় সরকার অধিকার হারে দেশীয় ব্যাংক থেকে ঋণ নেবে বলে ঠিক করেছে। এটি ব্যবসায়ী-উদ্যোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ, তাঁরা বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ ব্যাংক থেকে পাবেন না। সরকারকে বাজেট ঘাটতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে হবে৷ তিনি বলেন, বাংলাদেশ কখনো বৈদেশিক ঋণের খেলািপ হয়নি। সে কারণে বিদেশি উৎস থেকে আরও বেশি ঋণ নিতে পারে। এতে করে দেশীয় ব্যাংকগুলোর ওপর চাপ কমবে।
সরকার ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেবে মোট ৪৩ হাজার ২৭৭ কোটি টাকা। আর বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে ১৮ হাজার ৬৯ কোটি টাকা।
ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে দীর্ঘমেয়ািদ ১৯ হাজার ৮২৪ কোটি ও স্বল্পমেয়াদি ১১ হাজার ৩৯৭ কোটি টাকা। ব্যাংকবহির্ভূত খাত থেকে ১২ হাজার ৫৬ কোটি টাকা, যার মধ্যে সঞ্চয়পত্র বিক্রি করেই নেওয়া হবে নয় হাজার ৫৬ কোটি টাকা।
উল্লেখ্য, চলতি অর্থবছরে ব্যাংকব্যবস্থা থেকে ২৫ হাজার ৯৯৩ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও পরে তা বাড়িয়ে ২৯ হাজার ৯৮২ কোটি করিয়ে নেয় সরকার।
তবে সার্বিকভাবে প্রস্তাবিত বাজেটকে ব্যবসায়ী, িবনিয়োগবান্ধব ও পুঁজিবাজারবান্ধব বলে মনে করছে এফবিসিসিআই। পাশাপাশি বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি আশা করে সংগঠনটি।
প্রস্তাবিত বাজেটে অতালিকাভুক্ত কোম্পানির করপোরেট করহার ২ দশমিক ৫ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। এ বিষয়টি উল্লেখ করে কাজী আকরাম তালিকাভুক্ত কোম্পানির করও কমানোর দাবি জানান।
কোনো শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকলে ওই প্রতিষ্ঠান যত পণ্য বিক্রি করবে, তার ১ শতাংশে যত টাকা আসে, তা সারচার্জ হিসেবে কেটে নেওয়ার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।
কাজী আকরাম এ পদক্ষেপকে তেমন কার্যকর বলে মনে করেন না। তিনি বলেন, এই পদ্ধতি প্রয়োগ করে পরিবেশবান্ধব উপায়ে উদ্যোক্তাদের পণ্য উৎপাদনে নিরুৎসাহী করা যাবে না। অন্য কোনো পদ্ধতিতে এটা করা প্রয়োজন।
ব্যক্তি খাতের করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবিও জানিয়েছে এফবিসিসিআই।
প্রস্তাবিত বাজেটে চলতি অর্থবছরের মতো করমুক্ত আয়সীমা দুই লাখ ২০ হাজার টাকাই বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।
সংবাদ বিফিংয়ে এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন, পরিচালক আবদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।