ঘাটতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: এফবিসিসিআই
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি অর্থায়নকেই বড় চ্যালেঞ্জ মনে করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট ঘোষণার ঘণ্টা দুয়েক পর রাতে এক ব্রিফিংয়ে এমন প্রতিক্রিয়া জানিয়েছে এফবিসিসিআই।
রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বাজেট প্রতিক্রিয়া তুলে ধরেন সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। তিনি বলেন, বাজেট ঘাটতি মোকাবিলায় সরকার অধিক হারে দেশীয় ব্যাংক থেকে ঋণ নেবে বলে ঠিক করেছে। এটি ব্যবসায়ী-উদ্যোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ তাঁরা বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ ব্যাংক থেকে পাবেন না।
সরকারকে বাজেট ঘাটতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে হবে বলে উল্লেখ করেন কাজী আকরাম। তিনি বলেন, বাংলাদেশ কখনো বৈদেশিক ঋণের খেলাপি হয়নি। সে কারণে বিদেশি উত্স থেকে আরও বেশি ঋণ নিতে পারে। এতে করে দেশীয় ব্যাংকগুলোর ওপর চাপ কমবে।
প্রস্তাবিত বাজেটকে ব্যবসায়ী, বিনিয়োগবান্ধব ও পুঁজিবাজারবান্ধব বলে মনে করছে এফবিসিসিআই। তবে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি প্রত্যাশা করছে সংগঠনটি।