ঘাটতি সামান্য কমেছে

প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পণ্য বাণিজ্যে ঘাটতি টানা পাঁচ বছর পর সামান্য কমেছে।
মূলত গত ২০১২-১৩ অর্থবছরে পণ্য রপ্তানি আয় বাড়ার পাশাপাশি আমদানি ব্যয় প্রায় অপরিবর্তিত থাকায় বাণিজ্য ঘাটতিতে এই অবস্থা দেখা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, গত অর্থবছরে ভারত থেকে পণ্য আমদানি বাবদ ব্যয় করতে হয়েছে ৪৭৪ কোটি সাত লাখ ডলার। এটি অবশ্য প্রাথমিক হিসাব। আর ২০১১-১২ অর্থবছরে এই আমদানি ব্যয় ছিল ৪৭৩ কোটি ২৬ লাখ ডলার। ফলে ভারত থেকে পণ্য আমদানি বেড়েছে দশমিক ১৮ শতাংশ।
অন্যদিকে, গত অর্থবছরে ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানি প্রায় ১৩ শতাংশ বেড়ে হয়েছে ৫৬ কোটি ৩৯ লাখ ডলার। তার আগের অর্থবছরে এই আয় ছিল ৪৯ কোটি ৮৫ লাখ ডলার।
অর্থাৎ ২০১২-১৩ অর্থবছরে ভারতের সঙ্গে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৪১৭ কোটি ৬৮ লাখ ডলার। ২০১১-১২ অর্থবছরে তা ছিল ৪২৪ কোটি ৩১ লাখ ডলার। ঘাটতি কমেছে ১ দশমিক ৫৬ শতাংশ।
গত অর্থবছরের মাঝামাঝি সময় থেকেই ভারতীয় মুদ্র রুপির দরপতন চলছে। বিশেষ করে মার্চ মাস থেকে রুপির দরপতন ত্বরান্বিত হয়। রুপির দরপতনের একটি প্রভাব পড়ে বাংলাদেশি পণ্য রপ্তানির ওপর। ভারতীয় আমদানিকারকেরা বাংলাদেশ থেকে পণ্য আমদানি কমিয়ে দেন।
অন্যদিকে, রুপির দরপতনে ভারতীয় পণ্য তুলনামূলকভাবে সস্তা হয়ে যাওয়ায় আমদানি কিছুটা বেড়েছে। তবে আমদানি মূল্য কিছুটা নিম্নমুখী হওয়ায় শেষ পর্যন্ত আমদানি ব্যয় তেমন একটা বাড়েনি। তা ছাড়া গত অর্থবছরে বাংলাদেশের সার্বিক আমদানিই ছিল নিম্নমুখী।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুসারে, গত বছর মোট আমদানি ব্যয় দাঁড়িয়েছে তিন হাজার ৩৮৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ আগের বছরের তুলনায় আমদানি ব্যয় কমেছে ৪ দশমিক ৩৬ শতাংশ।
পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায়, ২০০৭-০৮ অর্থবছরে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি ৩০০ কোটি ডলার অতিক্রম করার পর ২০০৮-০৯ অর্থবছরে তা কমে ২৫৮ কোটি ৭১ লাখ ডলারে নেমে আসে। এরপর প্রতিবছরই বাণিজ্য ঘাটতি বাড়লেও গত অর্থবছরে তা একটু কমে গেল।