ঘুঙুর-খঞ্জনি উধাও, মন্দায় কঙ্গ-বঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শঁাখারীবাজারে যতীনের বাদ্যযন্ত্রের দোকান l ইউসুফ সা’দ
শঁাখারীবাজারে যতীনের বাদ্যযন্ত্রের দোকান l ইউসুফ সা’দ

একসময় গ্রাম-গঞ্জের পালাগান, যাত্রাপালা, সাপের খেলা, বাউলদের গানের আসরে ব্যবহার হতো—এমন অনেক দেশি বাদ্যযন্ত্রের এখন দেখা মেলা ভার।এগুলো এখন তৈরি হয় না বললেই চলে, কিনতেও পাওয়া যায় না। এমনই কয়েকটি যন্ত্র সাপুড়ের তুবড়ি, বাজিকরের ডুগডুগি, সার্কাসের জোকারের ঘুঙুর, বৈরাগীর খঞ্জনি। তবে যন্ত্রগুলো কিছুদিন আগ পর্যন্ত তৈরি হতো পুরান ঢাকার শাঁখারীবাজারে।
হারিয়ে যাওয়া এ রকম বাদ্যযন্ত্রের তালিকায় শিগগিরই হয়তো যুক্ত হয়ে যাবে কঙ্গ ও বঙ্গ—এমনটাই মনে করেন শাঁখারীবাজারের সবচেয়ে পুরোনো বাদ্যযন্ত্রের দোকান যতীন অ্যান্ড কোংয়ের কারিগর জীবন মণ্ডল। তিনি নিজে এসব বাদ্যযন্ত্র তৈরি করেন। তিনি জানালেন, তাঁর দোকানে গত তিন মাসে এক জোড়া কঙ্গ কিংবা বঙ্গ বিক্রি হয়নি। কয়েক বছর আগেও এগুলোর বেশ চাহিদা ছিল।
দেশীয় বাদ্যযন্ত্রের যখন এমন করুণ দশা, ঠিক তখন বিক্রি রমরমা অ্যাকুস্টিক ও ইলেকট্রিক গিটার, কি-বোর্ড, পিয়ানো, ড্রামসেট, বেস গিটার, ভায়োলিনের মতো আধুনিক সব বাদ্যযন্ত্রের। এগুলো সবই ভারত, চীন, জাপান, ইন্দোনেশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানি হয়ে আসে।
ফলে দেশি বাদ্যযন্ত্র তৈরি করা প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় এখন চলছে ভাটার টান। তাদের ব্যবসা এখন মূলত হারমোনিয়াম, ডুগি-তবলা ও গিটারনির্ভর হয়ে পড়েছে। আর ব্যবসা কম থাকায় কারিগরেরা অন্য পেশায় চলে যাচ্ছেন। বাদ্যযন্ত্র প্রস্তুত করে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বর্তমানে সারা দেশে ৪০-৪৫টি। তবে গত চার-পাঁচ বছরে শুধু শাঁখারীবাজারেই পাঁচ-ছয়টি বন্ধ হয়ে গেছে, জানালেন উদ্যোক্তারা।
বাদ্যযন্ত্রের ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, দেশে প্রতিবছর দেশি-বিদেশি মিলিয়ে আনুমানিক ৪০ কোটি টাকার বাদ্যযন্ত্র বিক্রি হয়। এর মধ্যে শাঁখারীবাজারের দোকানগুলোতে বার্ষিক চার থেকে পাঁচ কোটি টাকার দেশীয় বাদ্যযন্ত্রের ব্যবসা হয়। সারা দেশে এর পরিমাণ ১০ কোটি টাকার বেশি নয়। আর বিদেশি বাদ্যযন্ত্রের বিক্রি বছরে প্রায় ৩০ কোটি টাকা।
বাদ্যযন্ত্র খাতে উদ্যোক্তারা দেশে কী পরিমাণ বিনিয়োগ করেছেন তার কোনো সার্বিক পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে শাঁখারীবাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁদের মোট বিনিয়োগ আনুমানিক আট থেকে ১০ কোটি টাকা।
শাঁখারীবাজার সরগরম নয়: শাঁখারীবাজারে এখন ২০টি দেশীয় বাদ্যযন্ত্রের দোকান আছে। এসব দোকানের বাদ্যযন্ত্র বেশির ভাগই এখানকার কারিগরেরা নিজেরাই তৈরি করেন। এসব দোকানে বিক্রি হয় হারমোনিয়াম, তবলা, বিভিন্ন আকৃতির ঢোল, হাতবায়া, কঙ্গ, বঙ্গ, জিপসি, বাঁশি, খমগ, মৃদঙ্গ, একতারা, দোতারা, সারিন্দা, নাল, ড্রামসেট ইত্যাদি।
শত বছরের পুরোনো দোকান যতীন অ্যান্ড কোং। ১৯১০ সালে প্রতিষ্ঠা করেছিলেন যতীন্দ্র কুমার মণ্ডল। এখন দোকান চালান তাঁর ছেলে নবকুমার মণ্ডল ও দৌহিত্র সুরজিত মণ্ডল। তিন পুরুষের ব্যবসা তাঁদের। এখন ব্যবসা কেমন—জানতে চাইলে নবকুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘হারমোনিয়ামের বিক্রি ভালো। তবে অন্যান্য যন্ত্রপাতির বিক্রি ভালো নয়। আবার বর্ষা ও রাজনৈতিক অস্থিরতা আছে। সব মিলিয়ে এখন বেচা-বিক্রি কম।’
দোকানটির পেছনেই তাঁদের হারমোনিয়াম তৈরির কারখানা। সেখানে কাজ করছিলেন ছয়জন কারিগর। প্রত্যেকেই হারমোনিয়াম বানান এবং তাঁরা সবাই ৩০ বছরের বেশি সময় ধরে এই কাজ করেন। তাঁরা জানালেন, একেকজন কারিগর মাসে তিন থেকে সর্বোচ্চ চারটি হারমোনিয়াম বানাতে পারেন।
জানতে চাইলে কারিগর লক্ষ্মণ সরকার বললেন, ‘একটি হারমোনিয়াম বানিয়ে তিন হাজার টাকা মজুরি পাই, তা দিয়ে চারজনের সংসার চালাতে কষ্ট হয়।’
শাঁখারীবাজারের দোকানগুলো ঘুরে দেশীয় বাদ্যযন্ত্রের বিক্রি কমে যাওয়ার কয়েকটি কারণ জানা গেল।
আদি বুদ্ধ অ্যান্ড কোম্পানির উত্তম কুমার সরকারের মতে, রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান আগের চেয়ে কমে গেছে। শুদ্ধ সংগীত চর্চা করা লোকের সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে। সে কারণে হারমোনিয়াম দিয়ে গান শেখার প্রবণতাও অনেক কমে গেছে। আবার গ্রাম-গঞ্জের যাত্রা, সার্কাস, পালাগান, বাউল গান, মেলার মতো অনুষ্ঠান কমে যাওয়াও দেশীয় বাদ্যযন্ত্র বিক্রি কমার আরেকটি কারণ।
অবশ্য সুর ভুবন নামের দোকানের স্বত্বাধিকারী জয় দাসের মত কিছুটা ভিন্ন। তিনি জানালেন, অনেক কারিগর তাঁর দোকানে কাজ শিখে এখন নিজের এলাকায় গিয়ে এসব বাদ্যযন্ত্র তৈরি করছে। মফস্বলের অনেক ক্রেতাই তাই আর এখানে কিনতে আসেন না।
কয়েকজন দোকানি জানালেন, পশ্চিমা বাদ্যযন্ত্রের প্রতি তরুণ প্রজন্মের ঝোঁক, বাদ্যযন্ত্র তৈরির উৎপাদন খরচ ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় দেশি বাদ্যযন্ত্র বিক্রি কমে গেছে। তাঁরা বলেন, একটি হারমোনিয়াম কিনতে যেখানে অন্তত আট হাজার টাকা লাগে, সেখানে চার-পাঁচ হাজার টাকায় একটি ভালো মানের অ্যাকুইস্টিক গিটার পাওয়া যায়।
শাঁখারীবাজারের প্রায় সব বাদ্যযন্ত্র ব্যবসায়ীই কয়েক পুরুষ ধরে এখানে ব্যবসা করছেন। তাঁরা চান, পরবর্তী প্রজন্ম এ ব্যবসায় আসুক তবে ব্যবসার সার্বিক অবস্থা চিন্তা করে খুব বেশি আশাবাদীও তাঁরা হতে পারছেন না।
অঙ্কুর মিউজিক্যাল মার্টের স্বত্বাধিকারী নিবাস সুরের মতে, দেশীয় বাদ্যযন্ত্র বেচা-বিক্রির এখনকার অবস্থা চলতে থাকলে বেশি দিন আর এ ব্যবসা করা যাবে না। যে কষ্ট তিনি করেছেন, ছেলেও তা করুক এটা তিনি চান না।
সুর ভবনের জয় দাস আক্ষেপ করে বললেন, ‘৪০ বছর ধরে আমরা এ ব্যবসা করছি। সব খরচ চালিয়ে এখন আর কুলোতে পারছি না। ভাবছি দোকান বিক্রি করে বিদেশে চলে যাব।’
দোকান বন্ধ হওয়ার পাশাপাশি হারিয়ে যাচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্রও, যা আগেই উল্লেখ করা হয়েছে। জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমস তাঁর কয়েকটি গানে ‘খমগ’ নামের একটি যন্ত্র ব্যবহার করেছেন। ১০ দোকান ঘুরে মাত্র একটি দোকানে পাওয়া গেল যন্ত্রটি। দোকানি নিবাস সুর জানান, হঠাৎ বিক্রি হয় বলে তাঁরা এটি কম রাখেন।। আর এটি এখন তেমন তৈরি হয় না বললেই চলে।
দেশি বাদ্যযন্ত্র খাতে মোট কর্মসংস্থানের সঠিক কোনো হিসাব নেই। যতীন অ্যান্ড কোংয়ের নবকুমার মণ্ডল জানান, আট-দশ বছর আগেও শ্রমিক ও কর্মচারী মিলিয়ে তাঁর দোকানে ৬০ জন মানুষ কাজ করতেন। এখন কাজ করেন মাত্র ৩৫ জন। সুর ভুবনের জয় দাস জানালেন, আগে তাঁর দোকানে পাঁচজন কারিগর কাজ করলেও এখন আছেন মাত্র একজন। কারিগরদের অনেকেই এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন বলে জানালেন আরও কয়েকজন দোকানি।
পশ্চিমা বাদ্যযন্ত্রে আগ্রহী তরুণেরা: ছেলেকে বসুন্ধরা সিটি থেকে সম্প্রতি একটি গিটার কিনে দিয়েছেন ব্যাংকার আসিফ রায়হান। সেখানেই কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানালেন, ‘একসময় নিজে গান করতাম, আমি চাই ছেলেও গান শিখুক।’
বসুন্ধরা সিটির আমদানিকারক ও বিক্রেতাপ্রতিষ্ঠান ওয়ার্ল্ড মিউজিকে সব ধরনের আধুনিক বাদ্যযন্ত্রই কিনতে পাওয়া যায়। দোকানটির কর্ণধার তন্ময় সরকার প্রথম আলোকে বলেন, ‘বিশ্বখ্যাত ব্র্যান্ড পিভি, ইএসপি, মার্শালের গিটার ও অন্যান্য বাদ্যযন্ত্র আমরা বাংলাদেশে নিয়ে এসেছি।’
বেশ কয়েকজন তরুণ ওই সময় সে দোকানে গিটার দেখছিলেন। তাঁদেরই একজন আহ্ছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাহিম আল আমিন। তিনি বলেন, ‘পাশ্চাত্য বাদ্যযন্ত্র ব্যবহার করে আমরা পুরোনো দিনের দেশি গানগুলো বাজাই।’ দেশীয় বাদ্যযন্ত্রে কি এসব গান করা যায় না—জানতে চাইলে তিনি বলেন, ‘আমি হারমোনিয়াম, তবলা দিয়ে গান শিখিনি। তাই এগুলো দিয়ে গান করা হয় না।’
রাহিমের কথার সমর্থন পাওয়া যায় জনপ্রিয় ব্যান্ড রেনেসাঁর পিলু খানের কথাতেও। বারিধারার ১৩ নম্বর রোডের ২১ নম্বর বাড়িতে আছে ব্লুনোট নামের একটি সংগীত শিক্ষার স্কুল, যেটি পরিচালনা করেন পিলু খান ও নকিব খান। এই স্কুলে সংগীতের প্রাথমিক হাতেখড়ি ছাড়াও শেখানো হয় গিটার, পিয়ানো, কি-বোর্ড, ড্রামস, ভায়োলিনের মতো পাশ্চাত্য ধারার বাদ্যযন্ত্র। দেশীয় ধারার বাদ্যযন্ত্র কেন শেখানো হয় না?—জানতে চাইলে পিলু খানের সরল স্বীকারোক্তি, ‘আমরা যেসব যন্ত্র এত দিন বাজিয়ে এসেছি সেগুলোই শেখাচ্ছি। তবে ভবিষ্যতে দেশীয় বাদ্যযন্ত্র নিয়ে কাজ করার পরিকল্পনা আমাদের আছে।’
দেশীয় বাদ্যযন্ত্র কেন হারিয়ে যাচ্ছে—জানতে চাইলে পিলু খানের উত্তর, ‘সংগীতের ভাষা সব জায়গাতে একই রকম। হারমোনিয়ামের বদলে পিয়ানো বাজিয়ে গান শেখায় খুব একটা পার্থক্য নেই।’ এ ছাড়া মানসম্পন্ন যন্ত্রশিল্পীর অভাব, আগের প্রজন্মের শিল্পীদের সচেতনতার অভাব, বাদ্যযন্ত্রগুলো সংরক্ষণে কোনো প্রতিষ্ঠান না থাকায় দেশীয় বাদ্যযন্ত্রের এই অবস্থা হয়েছে বলে তাঁর মত।
বিদেশিদের আগ্রহ দেশীয় বাদ্যযন্ত্রে: বিশ্বখ্যাত সংগীত পরিচালক রবি শঙ্করের সেতার, ওস্তাদ জাকির খানের তবলা শুনে মুগ্ধ হন পাশ্চাত্যের অনেক মানুষ। বাংলাদেশে বেড়াতে আসা কিংবা কাজের প্রয়োজনে এদেশে আছেন—এমন অনেক বিদেশি নাগরিকের এ দেশীয় বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ আছে। অনেক বিদেশি নাগরিক দেশীয় বাদ্যযন্ত্র কিনতে শাঁখারীবাজার, বসুন্ধরা সিটি বা সায়েন্স ল্যাবরেটরির দোকানগুলোতে আসেন।
গুলশানের মেলোডি মিউজিক জোনের ব্যবস্থাপক রঞ্জন সরকার জানান, অনেক বিদেশি আগ্রহ করে দেশি বাঁশি, একতারা, ঢোলের মতো বাদ্যযন্ত্র কিনে নিয়ে যান। প্রাচ্যের সংগীতের প্রতি আগ্রহ, আকর্ষণীয় নির্মাণশৈলী, বিচিত্র গঠন ও রঙের কারণেই বিদেশিরা এসব বাদ্যযন্ত্র কেনেন বলে মনে করেন বিক্রেতারা।