ঘুরে দাঁড়াচ্ছে কনটেইনারে পণ্য পরিবহনের প্রবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে কনটেইনারের স্তূপ ষ ফাইল ছবি
চট্টগ্রাম বন্দরে কনটেইনারের স্তূপ ষ ফাইল ছবি

কনটেইনারে পণ্য পরিবহন উল্লেখযোগ্য হারে বাড়ছে। খাদ্যপণ্য থেকে শুরু করে মূলধনি যন্ত্রপাতি, শিল্প কারখানার কাঁচামাল ও গৃহস্থালি পণ্য সবকিছুই এখন আমদানি হচ্ছে কনটেইনারে। রপ্তানি পণ্যের প্রায় পুরোটাই যাচ্ছে কনটেইনারে। এ কারণে কনটেইনারে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের প্রবৃদ্ধিও বাড়ছে।
চট্টগ্রাম বন্দরের হিসাবে দেখা গেছে, সদ্য সমাপ্ত ২০১২-১৩ অর্থবছরে আগের একই সময়ের তুলনায় কনটেইনার পরিবহন বেড়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ। এ সময়ে আমদানি-রপ্তানি পণ্যবাহী এবং খালি কনটেইনার পরিবহন হয় ১৪ লাখ ৬৮ হাজার ৭১৩টি (প্রতিটি ২০ ফুট লম্বা)। তার আগের অর্থবছরে কনটেইনার পরিবহন হয় ১৩ লাখ ৪৩ হাজার ৪০৮টি। এক বছরের ব্যবধানে প্রায় সোয়া লাখ কনটেইনার বেশি পরিবহন হয়েছে।
বন্দর ব্যবহারকারীরা জানান, সাম্প্রতিক সময়ে দেশে রাজনৈতিক সহিংসতা, হরতাল কর্মসূচির মতো নানা বাধার পরও কনটেইনারে প্রবৃদ্ধি থেমে থাকেনি। এর মূল কারণ দেশের রপ্তানি আয় বৃদ্ধি। রপ্তানি পণ্য পরিবহন হয় কনটেইনারে। সিংহভাগ রপ্তানি পণ্যের কাঁচামাল এখনো আমদানি হয় কনটেইনারে করে। এসবের প্রভাব পড়েছে এ খাতে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনের (বিজিএমইএ) প্রথম সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী মনে করেন, পোশাকশিল্পের অগ্রগতির ওপর নির্ভর করবে বন্দরে কনটেইনার পরিবহনের এই অগ্রগতি ধরে রাখা যাবে কি না। কারণ, কনটেইনারে আমদানি কাঁচামাল এবং রপ্তানি পণ্যের সিংহভাগই পোশাকশিল্পের।
বিদায়ী অর্থবছরের শুরুতে কনটেইনার পরিবহনের হার ধীরগতিতে বাড়লেও এপ্রিল থেকে দ্রুতগতিতে বেড়েছে। অর্থবছরের শেষে গত জুন মাসে কনটেইনার পরিবহন হয়েছে এক লাখ ৪৭ হাজার ৭৮৩টি, যা মাসভিত্তিক কনটেইনার ওঠানো-নামানোর এখন পর্যন্ত রেকর্ড। গত এক দশকের তথ্যানুযায়ী, বন্দরে প্রতিবছর গড়ে ১২ শতাংশ করে কনটেইনার পরিবহনের হার বাড়ছে।