ঘুরে দাঁড়াবে বাংলাদেশ

হরতাল-অবরোধজনিত নির্মম, নৃশংস রাজনীতিতে মানুষ যখন চরম হতাশায় নিমজ্জিত, তখন বাংলাদেশের জন্য সম্ভাবনার সুখবরও আছে। সিএনএন মানির তৈরি করা বৈশ্বিক জিডিপির (মোট দেশজ উৎপাদন) পূর্বাভাসে উঠে এসেছে ভালো খবরটি। তাতে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত িতন বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে।
জিডিপির আকার ১০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি এমন সব দেশকে নিয়ে সিএনএন মানি সম্প্রতি একটি টাইমলাইন প্রকাশ করেছে। এতে ২০১৯ সাল পর্যন্ত বৈশ্বিক জিডিপির পূর্বাভাস দেওয়া হয়েছে। সে অনুযায়ী ২০১৯ সালে জিডিপিতে সর্বোচ্চ হারে প্রবৃদ্ধি অর্জনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে যাবে বাংলাদেশ। ওই বছরে বাংলাদেশ জিডিপিতে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। আর তখন ৯ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে শীর্ষস্থানে উঠবে। ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশের পেছনেই ভারত।
অন্য বছরগুলোর মধ্যে জিডিপি পূর্বাভাসের তালিকায় বাংলাদেশ ২০১৫ সালে পঞ্চম (৬.৫% প্রবৃদ্ধি), ২০১৬ সালে পঞ্চম (৬.৮%), ২০১৭ সালে চতুর্থ (৭%) ও ২০১৮ সালে তৃতীয় (৭%) স্থানে থাকবে।
জিডিপির আকার ১০ হাজার কোটি ডলারের বেশি এমন সব দেশকে নিয়ে সিএনএন টাইমলাইন প্রকাশ করেছে। এতে ২০০২ থেকে শুরু করে ২০১৯ সাল পর্যন্ত জিডিপির চিত্র দেখানো হয়েছে। সে অনুযায়ী বাংলাদেশের জিডিপিতে ২০১২ সালে ৬ দশমিক ১ শতাংশ, ২০১৩ সালে ৫ দশমিক ৮ শতাংশ ও ২০১৪ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের তথ্য দেখানো হয়েছে।