বড় পতনের পরদিনই গতকাল সোমবার ঘুরে দাঁড়াল দেশের শেয়ারবাজার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক এদিন প্রায় সাড়ে ৩ শতাংশ বা ১৩৪ পয়েন্ট বেড়েছে। আগের দিন রোববার ডিএসইর এই সাধারণ মূল্যসূচক এক দিনেই প্রায় ৫ শতাংশ বা ১৯৮ পয়েন্ট কমেছিল।একইভাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এদিন প্রায় ৩ শতাংশ বা ৩৪৭ পয়েন্ট বেড়েছে। আগের দিন এই বাজারের সার্বিক সূচক প্রায় সাড়ে ৪ শতাংশ বা ৫৬৭ পয়েন্ট কমেছিল।রোববারের বড় দরপতনের দিনটি ছিল জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন, যা গতকাল সূচক বৃদ্ধির দিনেও অব্যাহত ছিল। বড় দরপতনের জন্য রোববার বাজারসংশ্লিষ্টরা রাজনৈতিক অস্থিরতাকে বড় কারণ বলে উল্লেখ করেন। কিন্তু এর সঙ্গে ভিন্নমত ছিল পুঁজিবাজার বিশ্লেষকদের। তাঁরা বলেন, রাজনৈতিক কারণ একটি উপলক্ষ মাত্র। বিভিন্ন সময় একটি গোষ্ঠী একেকটি উপলক্ষ সামনে রেখে বাজারকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, ‘দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বাজারে দরপতন ঘটার কথা যাঁরা বলছেন, তাঁরা সঠিক পর্যবেক্ষণ দিচ্ছেন না। যদি সঠিকই হতো, তাহলে রাজনৈতিক অস্থিরতা থাকা অবস্থায় বাজার ঘুরে দাঁড়ানোর কথা নয়, বরং গত কিছুদিনের বাজারচিত্র গভীরভাবে পর্যালোচনা করে মনে হচ্ছে, দুটি শক্তিশালী গোষ্ঠী বাজার নিয়ন্ত্রক করছে। একটি পক্ষ নিজেদের প্রয়োজনে নানা উপলক্ষ সামনে রেখে বাজারে দরপতন ঘটাচ্ছে আর একটি পক্ষ বাজার টেনে তুলছে। এ কারণেই মূলত বেশ কিছুদিন ধরে বাজার একটি জায়গায় ঘুরপাক খাচ্ছে।’মোহাম্মদ হেলাল আরও বলেন, ‘গত ছয় মাস বা এক বছরের আচরণ পর্যালোচনা করলে দেখা যাবে, বাজারের পতন বা উত্থানের জন্য যেসব কারণ অনুমান করা হয়েছে, তার কোনোটিরই শেষ পর্যন্ত যৌক্তিকতা পাওয়া যায়নি। তাই বাজারের এই অবস্থা কেন হচ্ছে, তার সঠিক কারণ খুঁজে বের করতে হলে দরকার তথ্য-উপাত্তভিত্তিক বিশ্লেষণ। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলোকেই সঠিক কারণ খুঁজে বের করতে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, গতকাল ঢাকার বাজারে লেনদেনে শীর্ষে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাত। এ খাতের ১৬ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৯ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২৫ শতাংশ। এ খাতটিকে লেনদেনে শীর্ষে নিয়ে আসার প্রধান কারণ ছিল নতুন তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হারভেস্ট। লেনদেনের প্রথম দিনেই এককভাবে কোম্পানিটির প্রায় ৬০ কোটি টাকার লেনদেন হয়। প্রথম দিনেই একক কোম্পানি হিসেবে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল গোল্ডেন হারভেস্ট। ডিএসইর মোট লেনদেনের ২২ শতাংশজুড়েই ছিল কোম্পানিটি। ডিএসইতে সোমবার সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৯৮২ পয়েন্ট। নতুন সূচক ডিএসইএক্সও প্রায় সাড়ে ৩ শতাংশ বা ১২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৮৯৫ পয়েন্টে। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৭৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক এদিন বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১৯১ পয়েন্টে। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪২ কোটি টাকা, যা আগের দিনের প্রায় সমপরিমাণ।