ঘুরে দাঁড়াল মূল্যসূচক, লেনদেনও বেড়েছে
পরপর দুই দিন দরপতনের পর গতকাল সোমবার দেশের শেয়ারবাজারের সব কটি সূচকই বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে ১ দশমিক ৮৮ শতাংশ বা ৭৮ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ১ দশমিক ৮৩ শতাংশ বা ২৩০ পয়েন্ট। সূচকের পাশাপাশি দুই বাজারেই গতকাল লেনদেনের পরিমাণও বেড়েছে। মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। তবে সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে সূচকের কিছুটা ওঠানামা ছিল। এরপর সূচক বাড়তে শুরু করে, যা দিন শেষেও অব্যাহত ছিল। সোমবার লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২০২ পয়েন্টে। ৮ জুলাইয়ের পর গতকাল ঢাকার বাজারের সাধারণ সূচক আবারও চার হাজার ২০০ পয়েন্ট ছাড়িয়েছে। সর্বশেষ ৮ জুলাই ডিএসইর সাধারণ সূচক ছিল প্রায় চার হাজার ২৭৩ পয়েন্টে। বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কসমোপলিটন ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, ‘বেশ কিছু খবরের ইতিবাচক প্রভাব পড়েছে গতকালের বাজারে। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণসহায়তা পেতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে। এর তাৎক্ষণিক কিছুটা ইতিবাচক প্রভাব গতকালের বাজারে পড়েছে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংকের সহযোগী মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহীদের নিয়ে গতকাল ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক একটি সভা করেছেন। সেখানে সরকারি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও আলোচিত হয়েছে। এই খবরটিও বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।’ মাশরিব জাহিদ আরও বলেন, ‘যদি শেষ পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ পাওয়া যায় তাহলে সেটি হবে দেশের অর্থনীতি, ব্যাংক ও আর্থিক খাতের জন্য খুবই ইতিবাচক খবর।’ ঢাকার বাজারে সোমবার ২৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৮৮ শতাংশ বা ২২৭টির দাম বেড়েছে, কমেছে ২০টির আর অপরিবর্তিত ছিল ১২টির দাম। ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস। রোববার বিকেলে কোম্পানি শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করে। বছর শেষে কোম্পানিটি শেয়ারধারীদের ৪০ শতাংশ বোনাস ও ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এ খবরে গতকাল কোম্পানিটি লেনদেনের শীর্ষে ওঠে আসে। দিন শেষে সোমবার ঢাকার বাজারে প্রায় ২০৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ২৬ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে গতকাল ১৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৭৯ শতাংশ বা ১৩২টিরই দাম বেড়েছে, কমেছে ২৪টির আর অপরিবর্তিত ছিল ১২টির দাম। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৭৬৪ পয়েন্টে। লেনদেন শেষে সোমবার চট্টগ্রামের বাজারে প্রায় ২৬ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় তিন কোটি টাকা বেশি। আইসিবিতে বৈঠক: শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল সরকারি বিভিন্ন ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের সহযোগী মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান। আইসিবির সম্মেলনকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, অগ্রণী, রূপালী ও জনতা, আইসিবি, জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ফায়েকুজ্জামান বলেন, বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে অলোচনা হয়েছে। সেকেন্ডারি বাজারের পাশাপাশি প্রাইমারি বাজারকে সমান গুরুত্ব দেওয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসে। সরকারি ব্যাংকের অর্থায়ন রয়েছে—এমন ভালো ভালো কোম্পানিকে বাজারে নিয়ে আসার বিষয়েও কথা হয়েছে। জানা গেছে, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফের বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়।