ঘুরে দাঁড়াল রপ্তানি আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম দুই মাস—জুলাই ও আগস্টে গেল বছরের একই সময়ের চেয়ে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৪৩ শতাংশ। জুলাইয়ে রপ্তানি আয় কমলেও আগস্টে গেল বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৯ দশমিক ৭৬ শতাংশ। উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের আগস্টে দেশে রপ্তানি থেকে মোট আয় এসেছে ৩৩০ কোটি ৩৫ লাখ ডলার, যা গেল অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ৫৫ কোটি ডলার বেশি। ২০১৫-১৬ অর্থবছরের আগস্টে মোট রপ্তানি আয় আসে ২৭৫ কোটি ৮৪ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয় কম আসে দেশে। সে মাসে ২৫৩ কোটি ৪৩ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়, যা গেল বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৪৯ শতাংশ কম। ২০১৫-১৬ অর্থবছরের জুলাইয়ে বাংলাদেশ ২৬২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ডলারের পণ্য রপ্তানি করে।

গেল আগস্টে সবচেয়ে বেশি রপ্তানি আয় ২৭২ কোটি ৬২ লাখ ডলার এসেছে তৈরি পোশাক খাত থেকে। সেই হিসেবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় এসেছে মোট ৪৮৪ কোটি ৩৮ লাখ ডলার। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় আসে ৪৪৮ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ, অর্থবছর হিসেবে প্রথম দুই মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৮ শতাংশ। গত জুলাইয়ে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় আসে ২১১ কোটি ৭৫ লাখ ডলার, যা ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৪১ শতাংশ কম ছিল। অর্থনীতিবিদেরা ওই সময় বলেন ‘আরলি শিপমেন্টের’ কারণে জুলাইয়ে তৈরি পোশাক খাতে রপ্তানি কমেছে। ঈদুল আজহার কারণে গেল জুনে অনেক শিপমেন্ট অর্ডার হয়। আর তাই জুনে একটি ভালো প্রবৃদ্ধি লক্ষ করা যায়।

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান বলেন, জুলাইয়ে ঈদের কারণে কর্মদিবস পাওয়া গিয়েছিল অনেক কম। ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৯ থেকে ১১ দিন বন্ধ ছিল সব কার্যক্রম। এ ছাড়া উৎপাদনে ‘বায়ার অর্ডার’ কিছুটা কম হয় জুলাইয়ে। এ কারণে রপ্তানি আয় কম হয়। তবে আগস্টে পুরো কর্মদিবস পাওয়া গেছে। তাই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে আয়ের ধারা। এ ছাড়া নতুন বাজারগুলো যেমন অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, সাউথ আফ্রিকা চীনে আমাদের রপ্তানি বাড়ছে। গত অর্থবছরে চীনে প্রায় ৩৪ কোটি ডলারে রপ্তানি হয়েছে। জুলাইয়েও এসব ক্ষেত্রে রপ্তানি বেড়েছিল। আগস্টেও বেড়েছে। তাই আগস্টে তৈরি পোশাক রপ্তানিতে বেশ ভালো প্রবৃদ্ধি লক্ষ করা যাচ্ছে।

একই কথা বলছে রপ্তানি উন্নয়ন ব্যুরোও। তারা জানায়, আগস্টে বড় ধরনের ছুটি না থাকায় রপ্তানি আয় ভালো এসেছে। পরবর্তী মাসগুলোতে এ ধারা থাকবে বলে আশা করছে তারা।

বর্তমান রপ্তানি আয়ের ধারা ইতিবাচক হলেও অর্থনীতির চ্যালেঞ্জগুলো থেকেই যাচ্ছে বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, জুলাই ও আগস্টে ৮ শতাংশের ওপর প্রবৃদ্ধি হয়েছে—এ ধারাটা আশাব্যঞ্জক। তবে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। পণ্যের বহুমুখীকরণ, বাজার সম্প্রসারণ, পণ্যের মান বাড়ানোর দিকে আমাদের জোর দিতে হবে। দেখতে হবে কোন ধরনের পণ্যে মুনাফা ভালো পাওয়া যায়। এ ছাড়া প্রবৃদ্ধির ধারা ইতিবাচক রাখতে অবকাঠামোগত সুবিধা দিতে হবে রপ্তানিকারকদের। যেসব দেশে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যায়, সেই সুবিধাকে কাজে লাগাতে হবে। বিশ্ব বাজারে যে সুযোগগুলো আছে বা আসছে, তা আমাদের নিতে হবে। বাংলাদেশে একসময় রপ্তানি আয়ে ৪০ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধিও দেখেছে। আমাদের লক্ষ্য সেদিকে নিতে হবে।

দুই মাসে ৮ শতাংশ প্রবৃদ্ধি বেশ ইতিবাচক বললেও লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে প্রবৃদ্ধি ডাবল ডিজিটে আনতে হবে বলে মনে করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরও। তিনি বলেন, ‘জুলাইয়ে কমার পর আগস্টে ঘুরে দাঁড়ানোটা বেশ আশাব্যঞ্জক। চলতি বছর লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করছি। তবে ভবিষ্যতে রপ্তানি আয় আরও বৃদ্ধি পাওয়া উচিত।’ সেপ্টেম্বরে ঈদুল আজহার কারণে রপ্তানি আয় আবার কমতে পারে বলে মনে করেন তিনি।