ঘুরে দাঁড়াল রুপি
ডলারের বিপরীতে ভারতীয় রুপির ক্রমাগত দরপতন গতকাল বৃহস্পতিবার কিছুটা রোধ করা গেছে। শুধু তাই নয়, এক দিনে ডলারের বিপরীতে রুপির দর বেড়েছে প্রায় সাড়ে তিন শতাংশ। দিন শেষে গতকাল প্রতি ডলার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৫৫ রুপিতে। আর মঙ্গলবার এই বিনিময় হার ছিল প্রতি ডলার ৬৮ দশমিক ৮০ রুপি। অবশ্য দিনের মাঝামাঝি দর ছিল ৬৭ দশমিক ৭০ রুপি। আর্থিক বাজারের বিশ্লেষকেরা বলছেন, একদিকে কেন্দ্রীয় ব্যাংক রুপির দরপতন রোধে সক্রিয়ভাবে বাজারে হস্তক্ষেপ করার কথা বলেছে। অন্যদিকে, পশ্চিমা বিশ্ব সিরিয়ায় আক্রমণ চালানোর পরিকল্পনা কিছুটা প্রলম্বিত করছে। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর প্রতি ব্যারেল ১১৫ ডলারের নিচে নেমে এসেছে। এটাও ভারতীয় রুপির দরবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) বুধবার বিকেলেই ঘোষণা দেয় যে, তেল আমদানিকারক তিন প্রধান প্রতিষ্ঠানকে পৃথকভাবে ডলার জোগান দেওয়া হবে। এর মানে হলো, এসব প্রতিষ্ঠানকে আর মুদ্রাবাজার থেকে ডলার কিনতে হবে না। ভারতের মোট তেল আমদানির ৮০ শতাংশ এই তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে হয়। প্রতিষ্ঠানগুলো হলো ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম ও ভারত পেট্রোলিয়াম। এদিকে ভারতের এই আর্থিক অস্থিরতা নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিল্পপতি রতন টাটা। তিনি বলেছেন, ‘গোটা বিশ্বের বিশ্বাস হারিয়েছে ভারত। কেন্দ্রীয় সরকার এর পরিণতি আঁচ করতে বিলম্ব করছে।’ একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন রতন টাটা। রতন টাটা আরও বলেছেন, ‘রাজনীতির কারণেই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেরি করছে সরকার। নেতৃত্বের অভাবেই সংকট চরমে পৌঁছেছে।’ তলানিতে পৌঁছে যাওয়া টাকা, অস্থির বাজার ও অর্থনীতি নিয়ে এই প্রথম মুখ খুললেন রতন টাটা। তবে তিনি অবশ্য প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাজ নিয়ে বলেছেন, ‘প্রধানমন্ত্রী ভারতকে উচ্চতায় নিয়ে গেছেন। কিন্তু এখন আমরা তাঁর মধ্যে সেই সম্ভ্রম পাচ্ছি না।’