ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপতনের ধারা থেকে ঘুরে দাঁড়াল দেশের শেয়ারবাজার। বুধবার দিনভর নিয়ন্ত্রক সংস্থার নানা প্রচেষ্টায় শেষবেলায় কিছুটা প্রাণ ফিরে পেয়েছিল বাজার। গতকাল বৃহস্পতিবার সেটি আরও গতি পেল। সপ্তাহের শেষ কার্যদিবসে তাই দেশের দুই শেয়ারবাজারেই মূল্যসূচক ও লেনদেন বেড়েছে।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় ৯৬ শতাংশেরই দাম বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে প্রায় ৯৩ শতাংশ কোম্পানির শেয়ারের দাম।বাজার পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নানামুখী উদ্যোগ এবং বাজার স্থিতিশীল করতে সরকারের নির্দেশ ও বিচলিত মনোভাব প্রকাশের খবরে বিনিয়োগকারীরা নতুনভাবে আশাবাদী হন। এসবের প্রভাবই গতকালের বাজারে দেখা যায়।তবে সূচক ও লেনদেন বাড়লেও ঢাকা ও চট্টগ্রামে একদল বিনিয়োগকারী তাঁদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ ও ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।গতকাল লেনদেন শুরুর পরপরই রাজধানীর মতিঝিলের ডিএসই ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনরত বিনিয়োগকারীরা। বেলা চারটা পর্যন্ত সেখানে তাঁরা সমাবেশ করেছেন। তবে সমাবেশ চলাকালে যানচলাচল স্বাভাবিক ছিল। এ ছাড়া গতকাল বেলা একটা থেকে দুইটা পর্যন্ত চট্টগ্রামের আগ্রাবাদে সিএসই কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন সেখানকার আন্দোলনরত বিনিয়োগকারীরা।গতকাল লেনদেনের শুরু থেকেই দুই স্টক এক্সচেঞ্জে সূচক ছিল ঊর্ধ্বমুখী। ডিএসইতে লেনদেন শুরুর পাঁচ মিনিটের মধ্যেই সাধারণ মূল্যসূচক প্রায় ১৯৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক কিছু সময়ের জন্য একটু নিম্নগামী হলেও তাতে আবার গতি সঞ্চার হয়। এতেই একটানা মূল্যসূচক কোনো উত্থান-পতন ছাড়া আগের দিনের চেয়ে প্রায় ২৮৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৬৪৬ পয়েন্টে ওঠে। তবে দিনের লেনদেন শেষ হয়েছে সূচক পাঁচ হাজার ৫৬৮ পয়েন্টে ।যোগাযোগ করা হলে পুঁজিবাজার বিশ্লেষক ও ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন দরে বাজারে যে অবস্থা বিরাজ করছিল তাতে সাধারণ বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েছিলেন। এসইসি সরকারের সঙ্গে আলোচনার পর বাজারসংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে বাজার স্থিতিশীল করার যে প্রচেষ্টা চালাচ্ছে তাতে সাধারণ বিনিয়োগকারীরা কিছুটা আশাবাদী বা আস্থাশীল হয়েছেন। তার প্রতিফলনই গতকালের বাজারে ঘটেছে। এই আস্থা ধরে রাখতে হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় করতে হবে। তারা এখনো বাজার থেকে অনেক দূরে রয়েছে। বর্তমানে এসইসি যেসব উদ্যোগ নিয়ে কাজ করছে সেগুলো অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ ব্যাংককে সঙ্গে নিয়েই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় করতে হবে। ’তিনি আরও বলেন, ‘ব্যাংক, বিমাসহ বাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানির আর্থিক বছর শেষ হবে ডিসেম্বরে। এরপরই লভ্যাংশ ঘোষণা হবে। এই ঘোষণাকে সামনে রেখে বাজারকে স্থিতিশীল করার একটি বড় সুযোগ রয়েছে। সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাজার তার গতি ফিরে পাবে।’ এদিকে, গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরুর পরপরই বেশ কিছু কোম্পানির শেয়ার দরবৃদ্ধির সর্বোচ্চ সীমা স্পর্শ করে। সামান্য কিছু লেনদেনের পরই অনেক কোম্পানির শেয়ার বিক্রেতাশূন্য হয়ে পড়ে। গত কয়েক দিনের টানা দরপতনের ফলে কিছু কোম্পানির শেয়ারের দাম এমন এক পর্যায়ে নেমে এসেছে তাতে শেয়ারধারীরা বিপুল লোকসান দিয়ে ওই শেয়ার বিক্রি করতে চান না। বাজার ভালো হলে ওই কোম্পানির দামও বাড়বে—এই আশায় তাঁরা শেয়ার ধরে রেখেছেন।গতকাল ঢাকার বাজারে ২৫৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়। তার মধ্যে ২৪৫টিরই দাম বেড়েছে, আর কমেছে মাত্র ১১টির। দিনশেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৬৫ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে ৫১ কোটি টাকা বেশি।সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল প্রায় ৫১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৭৯ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে এই দিন ১৮৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়। তার মধ্যে ১৭৬টিরই দাম বেড়েছে, কমেছে ১২টির আর অপরিবর্তিত ছিল একটির দাম। দিনশেষে ওই বাজারে প্রায় ৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।:n: