ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার, সূচক বেড়েছে ৩০৪ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাসের সর্বোচ্চ দরপতনের পর আজ সোমবার ঘুরে দাঁড়িয়েছে ঢাকার শেয়ারবাজার (ডিএসই)। ডিএসইতে আজ সারা দিনই চাঙাভাব অব্যাহত থাকে। একই সঙ্গে বাড়ে বেশির ভাগ শেয়ারের দামও। তবে গতকালের চেয়ে আজ সোমবার আর্থিক লেনদেন ছিল কিছুটা কম। ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। লেনদেনের শুরুতেই সাধারণ সূচক ৪২৪ পয়েন্ট বেড়ে যায়। তবে দিন শেষে দেখা যায় সাধারণ সূচক গতকালের চেয়ে ৩০৪ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ৭৯৫৯ দশমিক ২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সাধারণ সূচক ৫৫১ পয়েন্ট কমে যায়, যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ।ডিএসইতে আজ লেনদেন হওয়া মোট ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটির। আজ মোট এক হাজার ৪৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৭ কোটি টাকা কম।আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—গ্রামীণফোন, বেক্সিমকো, ইউসিবিএল, তিতাস গ্যাস, বে-লিজিং, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, প্রাইম ব্যাংক, মারিকো ও সাউথইস্ট ব্যাংক।আজ সবচেয়ে বেশি দাম বেড়েছে গ্রামীণফোনের শেয়ারের। এ ছাড়া মারিকো, অগ্রণী ইনস্যুরেন্স, ফেডারেল ইনস্যুরেন্স, ইউসিবিএল, এক্সিম ব্যাংক, ফু-ওয়াং সিরামিক, লিব্রা ইনফিউশনস, অ্যাপেক্স স্পিনিং ও তাক্কাফুল ইনস্যুরেন্স দাম বাড়ার শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। এ দিকে আজ সবচেয়ে বেশি কমেছে সোনালি আঁশের শেয়ারের দাম। এ ছাড়া সাভার রিফ্রেক্টরিজ, মুন্নু স্টাফলার, ফার্মা এইড, পদ্মা অয়েল, ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ শিপিং করপোরেশন, প্রথম বিএসআরএস, অষ্টম আইসবি ও প্রাইম প্রথম আইসিবিএ দাম কমে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজারমূলধন তিন লাখ ৪০ হাজার ৬৬৭ কোটি টাকা।