ঘুরেফিরে ব্র্যান্ডের চাহিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি বিক্রয়কেন্দ্রে গাড়ি দেখছেন ক্রেতারা l প্রথম আলো
রাজধানীর একটি বিক্রয়কেন্দ্রে গাড়ি দেখছেন ক্রেতারা l প্রথম আলো

টয়োটা ব্র্যান্ডের করোলা এক্স মডেলের গাড়ি। পাঁচ-ছয় বছর আগে দেশে একবার ব্যবহৃত (রিকন্ডিশন্ড) গাড়ি আমদানির ৫০ শতাংশই ছিল এই মডেলের। এখন সেখানে জায়গা করে নিয়েছে একই ব্র্যান্ডের অ্যাক্সিওর একাধিক মডেল। এই মডেলের গাড়ি এখন আসে মোট আমদানির প্রায় ৪০ শতাংশই।
একসময় উচ্চবিত্তের বাহন ছিল মোটরগাড়ি। তবে একবার ব্যবহৃত গাড়ি আমদানি হওয়ার পর থেকে চিত্র পাল্টাতে থাকে। দেশে এখন এসব গাড়িই আসছে বেশি। নতুন গাড়ির চেয়ে দাম কম ও পুরোনো গাড়ি কেনার ক্ষেত্রে ব্যাংকের অর্থায়ন—সব মিলিয়ে গাড়ির বাজার চাঙা হয়ে উঠেছিল বছর পাঁচ-ছয় আগে। উচ্চবিত্তের বাহন থেকে চাকরিজীবী নানা পেশার মানুষজনের বাহনের তালিকায় যোগ হয় মোটরগাড়ি।
পুরোনো গাড়ি আমদানিকারকদের সংগঠন ‘বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) হিসাবে, দেশে পুরোনো গাড়ি আমদানির ৮০ শতাংশই আসে জাপান থেকে। এর মধ্যে ৬০ থেকে ৬৫ শতাংশই টয়োটা ব্র্যান্ডের। এ ছাড়া জাপানের মিতসুবিশি, নিশান, হোন্ডা, লেক্সাস ব্র্যান্ডের গাড়িও আসছে।
এর বাইরে ইউরোপিয়ান ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির বাজার উচ্চবিত্তের মধ্যে সীমাবদ্ধ। এগুলোর বেশির ভাগই নতুন হিসেবে আমদানি হচ্ছে। বিলাসবহুল গাড়ির মধ্যে অডি, বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ ব্র্যান্ডের গাড়ি সংখ্যায় কম হলেও এখন সড়কে পথ চলতে চোখে পড়ে। গুটি কয়েক হলেও আছে পোরশে গাড়ি।
বন্দর ও কাস্টম হাউসের দেওয়া তথ্যানুযায়ী, চট্টগ্রাম বন্দর দিয়েই সিংহভাগ গাড়ি আমদানি হয়। সম্প্রতি বন্দরে পড়ে থাকা গাড়ির তালিকায় দেখা যায়, বিএমডব্লিউ ৪৪টি, মার্সিডিজ বেঞ্জ ৩১টি ও তিনটি পোরশে গাড়ি এখনো বন্দরে পড়ে আছে। এ ছাড়া জাগুয়ার, রেঞ্জ রোভার গাড়িও আসছে বন্দর দিয়ে। বিলাসবহুল এসব গাড়ির অধিকাংশ নানা শর্তযুক্ত সুবিধায় আমদানি হয়।
বন্দরের তথ্যে দেখা যায়, প্রায় ১০ বছর আগে বছরে নতুন ও পুরোনো গাড়ি আমদানি হতো ৯ থেকে ১০ হাজার। গাড়ির চাহিদায় চাঙাভাব আসতে শুরু করে ২০০৭-০৮ অর্থবছর থেকে। তখন নতুন ও পুরোনো ব্যক্তিগত ব্যবহারের গাড়ি, মাইক্রোবাসসহ সব মিলিয়ে আমদানি হয় প্রায় ৩০ হাজার। পরের বছর ব্যাপক চাহিদা চাঙা হয়। সে বছর ৩৭ হাজার ৭৭৮টি গাড়ি আমদানি হয় মংলা ও চট্টগ্রাম বন্দর দিয়ে। এরপর আমদানি কমতে থাকলেও পরের দুই বছরও গাড়ির চাহিদা ছিল। তখন আমদানি হয় ৬২ হাজার ৬১৮টি।
আমদানিকারকেরা জানান, পাঁচ-ছয় বছর আগে সবচেয়ে কম দামি হিসেবে প্রোবক্স গাড়ির চাহিদা ছিল। বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে ব্যবহারের জন্য ও এবং প্রথমবার গাড়ি ব্যবহারকারী হিসেবে এটিই চলত। এই মডেলের গাড়ির বাইরে করোলা এক্স ও ফিল্ডার গাড়ি ছিল জনপ্রিয়। আরও একটু বেশি দামে আকর্ষণীয় সুযোগ-সুবিধার টয়োটার এলিয়ন ও প্রিমিও গাড়ির জনপ্রিয়তা বেড়েছিল। সে সময় ১২ থেকে ১৪ লাখ টাকায় এই গাড়ি কেনাবেচা হতো। গ্রাহকদের চাহিদার কারণে ব্যবসায়ীদের আমদানির তালিকায় এসব গাড়ি ছিল জনপ্রিয়। গাড়িগুলো দেড় হাজার সিসির হওয়ায় শুল্কও ছিল কম। এর বাইরে উচ্চবিত্তদের মাঝে ছোট আকারের ১ হাজার ৮০০ থেকে ২ হাজার সিসির টয়োটা ক্যামরি কার এবং টয়োটা ক্রুজার, হ্যারিয়ার ও র্যাভ-৪ জিপগাড়ির চাহিদা ছিল। তবে এসব গাড়ি আমদানির পরিমাণ ছিল কম।
প্রতিবছর গাড়ি আমদানিতে শুল্ক হারে ওঠা-নামা, গাড়ি কেনার ক্ষেত্রে ব্যাংকের অর্থায়ন—এ সবকিছুর ওপর ভিত্তি করে গাড়ির বাজারেও বেচাকেনা ওঠা-নামা করছিল। সময়ের সঙ্গে গাড়ির মডেলেও আসে পরিবর্তন। গ্রাহকদের পছন্দের তালিকায় যোগ হয় নতুন নতুন মডেলের গাড়ি। তবে গাড়ির সিসির ওপর নির্ভর করে শুল্কহারের তারতম্য থাকে। এ কারণে তুলনামূলক শুল্ক-হার কম থাকায় দেড় হাজার সিসির গাড়ি সবচেয়ে বেশি আমদানি হয়। গাড়ির সিলিন্ডার ক্যাপাসিটি যত বেশি হবে, ততই শুল্ক-করও বেশি হয়।
বারভিডার সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানি করা যায় না। আবার দেড় হাজার সিসির বেশি ক্ষমতার গাড়ির বৈচিত্র্য অনেক বেশি। কিন্তু এসবের শুল্কহার বেশি। ফলে গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে দেড় হাজার সিসির গাড়ি বেশি আনা হচ্ছে।