ঘুষ না দিলে সময় অনেক বেশি লাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ব্যবসায়ীরা কারখানা বা কার্যালয়ের ভবন করবেন, কিন্তু তাঁকে ওই জমির মালিকানা নিশ্চিত করতে হবে। রাজউক কিংবা সংশ্লিষ্ট সংস্থা থেকে ওই জমির মালিকানা নিশ্চিত করতে গেলে কোনো টাকা লাগে না। এ জন্য সর্বোচ্চ ১৫ দিন সময় লাগে। কিন্তু বাংলাদেশে এ কাজটি করতে গড়ে ৪৫ দিন সময় লাগে। উদ্যোক্তা যদি ঘুষ না দেন, তবে দুই থেকে তিন মাস সময় পর্যন্ত লাগে।
গত বুধবার প্রকাশিত বিশ্বব্যাংকের ‘ডুয়িং বিজনেস-২০১৬’ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভবন নির্মাণের সময় সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের পরিদর্শনের সময়ও ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে একদিকে যেমন সময় লাগে, তেমনি ব্যবসা শুরু করার বিভিন্ন পর্যায়ে দীর্ঘসূত্রতা তৈরি হয়। প্রতিবেদনে বাংলাদেশে ব্যবসায় কী ধরনের বাধা পেরোতে হয় তার উদাহরণ হিসেবে ঘুষের কথা বলা হয়েছে। এর ফলে ব্যবসায় শুরু করার বিভিন্ন পর্যায়ে সময় বেশি লাগে, তাই পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় ক্রমশ পিছিয়ে পড়ছে বাংলাদেশ।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ১৮৯ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৪তম। দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। আফগানিস্তান বাংলাদেশের পরে রয়েছে। সবচেয়ে ভালো অবস্থান ভুটানের। ভুটান ৭১তম স্থানে রয়েছে। এ ছাড়া নেপাল ৯৯তম, শ্রীলঙ্কা ১০৭তম, মালদ্বীপ ১২৮তম, ভারত ১৩০তম ও পাকিস্তান ১৩৮তম।
বিশ্বব্যাংকের প্রতিবেদনটি ১০টি সূচকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সূচকগুলো হলো ব্যবসায় শুরু, নির্মাণকাজের অনুমতি প্রক্রিয়া, বিদ্যুৎ-সংযোগ প্রাপ্তি, সম্পত্তি নিবন্ধন, অপেক্ষাকৃত কম বিনিয়োগকারীর সুরক্ষা, ঋণ প্রাপ্তি, কর পরিশোধ, বহির্বাণিজ্য, চুক্তি বাস্তবায়ন এবং আর্থিক অসচ্ছলতা দূর করা।
এসব সূচকের মধ্যে বিদ্যুৎ-সংযোগ প্রাপ্তি, সম্পত্তি নিবন্ধন, ঋণ প্রাপ্তি এবং বাণিজ্য বিরোধ নিষ্পত্তি বা চুক্তি বাস্তবায়ন—এ চারটি সূচকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আর আর্থিক অসচ্ছলতা দূর করা, অপেক্ষাকৃত কম বিনিয়োগকারীর সুরক্ষা ও বহির্বাণিজ্য—এসব সূচকে তলানির দিকে রয়েছে বাংলাদেশ।
ব্যবসা করতে গেলে বিদ্যুৎ একটি অপরিহার্য অনুষঙ্গ। কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ-সংযোগ পেতে সবচেয়ে বেশি, ৪২৯ দিন সময় লাগে। আর সবচেয়ে কম লাগে ভুটানে, মাত্র ৬১ দিন। ভারতে বিদ্যুৎ-সংযোগ পেতে সময় লাগে ৯০ দিন। বিদ্যুৎ-সংযোগ পেতে বাংলাদেশে নয় ধাপ পেরোতে হয়। আর দক্ষিণ এশিয়ার অন্য দেশে তা মাত্র চার-পাঁচ ধাপেই সম্পন্ন হয়।
জমি নিবন্ধন করতে গেলেও বাংলাদেশে নানা ঝক্কিঝামেলা পোহাতে হয়। ঘুষও দিতে হয়। বাংলাদেশে যেখানে সময় লাগে গড়ে ২৪৪ দিন, ধাপ পেরোতে হয় নয়টি। আর সেখানে নেপালে মাত্র তিন ধাপে পাঁচ দিন সময় লাগে।
ব্যবসায় সংক্রান্ত কোনো বিরোধ হলে বাংলাদেশে নিষ্পত্তি করতে সময় লাগে গড়ে ৩ বছর ১১ মাস ১২ দিন। আর ভুটানে মাত্র ২২৫ দিন লাগে।
নয় জায়গায় ধরনা দিয়ে বাংলাদেশে একজন উদ্যোক্তাকে প্রতিষ্ঠানের প্রস্তাবিত নাম যাচাইবাছাই, নাম নিবন্ধন, মূল্য সংযোজন কর (মূসক) নিবন্ধন, ট্রেড লাইসেন্স নিতে হয়। এ জন্য সময় লাগে সাড়ে ১৯ দিন। আর শ্রীলঙ্কায় কেউ বিনিয়োগ করতে চাইলে এসব কাজ করতে মাত্র ১০ দিন লাগবে। আর মালদ্বীপে মাত্র নয় দিন।
তবে সুখবর হলো, বাংলাদেশে কর ব্যবস্থা ব্যবসাসহায়ক। নেপাল ও মালদ্বীপ ছাড়া দক্ষিণ এশিয়ার অন্য সব দেশের তুলনায় বাংলাদেশে ব্যবসায়ীদের কম কর দিতে হয়। একজন ব্যবসায়ীর মুনাফার ৩১ দশমিক ৬ শতাংশ কর দিতে হয়। অন্যদিকে ভারতে একজন ব্যবসায়ীকে তাঁর মুনাফার ৬০ শতাংশের বেশি কর হিসাবে দিতে হয়। শ্রীলঙ্কায় দিতে হয় ৫৫ শতাংশের বেশি। সার্বিকভাবে এ সূচকে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বে ৮৬তম।