ঘোষণা ছাড়াই শ্রমিক ছাঁটাই করে ওয়ালমার্টের কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টকে পোশাক তৈরি করে দেয়—বাংলাদেশের এমন পোশাক কারখানাগুলোয় কোনো ধরনের ঘোষণা ছাড়াই শ্রমিক ছাঁটাই হয়ে থাকে। ছাঁটাইয়ের সময় অনেক ক্ষেত্রে শ্রমিকদের বকেয়া মজুরি ও ক্ষতিপূরণ পর্যন্ত দেওয়া হয় না।
শ্রমিক অধিকার ও মানবাধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠনের জোট—এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্সের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। সুইজারল্যান্ডের জেনেভায় চলমান ১০৫তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন উপলক্ষে ওয়ালমার্ট, এইচঅ্যান্ডএম ও গ্যাপের বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বিপজ্জনক কাজের পরিবেশ নিয়ে তিনটি প্রতিবেদন প্রকাশ করে এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স।
প্রতিবেদনগুলোতে বাংলাদেশের পাশাপাশি ভারত, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমিক অধিকার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। অবশ্য অনেক ক্ষেত্রেই পুরোনো তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে।
ওয়ালমার্টের পোশাক সরবরাহকারী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের ৪৬ পোশাক কারখানার ১২১ জন শ্রমিকের সাক্ষাৎকার নেয় ওয়েজ অ্যালায়েন্স। সাক্ষাৎকার দেওয়া শ্রমিকদের ৫০ শতাংশই বলেছেন, কোনো ঘোষণা ছাড়াই শ্রমিক ছাঁটাই করা হয়। আর ৬০ শতাংশ শ্রমিক বলেছেন, ছাঁটাইয়ের সময় বকেয়া মজুরি ও ক্ষতিপূরণ দেয় না কারখানা কর্তৃপক্ষ। অবশ্য শ্রমিকদের ৮১ শতাংশ বলেছেন, কারখানা কর্তৃপক্ষ নিয়োগপত্র দেয়। ৯৫ শতাংশ শ্রমিক বলেছেন, কারখানা থেকে তাঁরা পরিচয়পত্র পান।
সব মিলিয়ে ওয়ালমার্ট বিষয়ে প্রতিবেদন তৈরিতে ভারত, বাংলাদেশ ও কম্বোডিয়ার ৩৪৪ শ্রমিকের সাক্ষাৎকার নেয় ওয়েজ অ্যালায়েন্স। এই শ্রমিকেরা ওয়ালমার্টে পোশাক সরবরাহকারী কারখানায় কাজ করেন। প্রতিবেদনে বলা হয়, ওয়ালমার্টের সরবরাহব্যবস্থায় স্বচ্ছতার ঘাটতি আছে। তারা কখন কী সুযোগ-সুবিধা দেয়, তা প্রকাশ করে না।
ওয়ালমার্টের পোশাক সরবরাহকারী কম্বোডিয়ার পোশাক কারখানার বিষয়ে ওয়েজ অ্যালায়েন্স বলেছে, দেশটির শ্রমিকেরা দিনে ১০ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত কাজ করেন, যদিও তাঁদের জন্য অনুমোদিত কর্মঘণ্টা হচ্ছে ৮ ঘণ্টা। সেখানকার শ্রমিকেরা বলেছেন, গরমের মধ্যে কোনো বিরতি ছাড়াই কাজ করতে হয়। পানি খাওয়ার সুযোগও মেলে না অনেক সময়।
এদিকে সুইডেনভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম-বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাভারের রানা প্লাজা ধসের পর তিন বছর পার হলেও প্রতিষ্ঠানটিকে পোশাক সরবরাহকারী কারখানা ভবনে জরুরি বহির্গমন পথ নেই। এসব কারখানায় ৭৮ হাজার ৮৪২ শ্রমিক কাজ করেন। এই তথ্যটি আন্তর্জাতিক শ্রম সংগঠন ক্লিন ক্লথ ক্যাম্পেইনের সাম্প্রতিক এক গবেষণা থেকে নিয়েছে এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স।
এইচঅ্যান্ডএমের সরবরাহকারী কম্বোডিয়ার ১৪ ও ভারতের ৪ কারখানার ২৫১ শ্রমিকের সাক্ষাৎকার নিয়েছে ওয়েজ অ্যালায়েন্স। দেশ দুটির শ্রমিকেরা বলেছেন, অনেক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। প্রতিদিনের পোশাক উৎপাদনের লক্ষ্য পূরণের জন্য অনেক সময়ই বিরতি নিতে পারেন না শ্রমিকেরা। এ ছাড়া দিনে ৯ থেকে ১৭ ঘণ্টা কাজ করেন তাঁরা। এতে এইচঅ্যান্ডএমের নির্ধারিত সাপ্তাহিক ১২ ঘণ্টা ওভারটাইমের বিষয়টি লঙ্ঘিত হয়। বিশেষ করে কম্বোডিয়ার নারী পোশাকশ্রমিকেরা গর্ভবতী হলে চাকরিচ্যুত হতে হয়।