ঘোষণা ছাড়াই পাঁচ হাজার ডলার পর্যন্ত প্রবাসী-আয় দেশে আনা যাবে
এখন থেকে বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাঁচ হাজার ডলারের সমপরিমাণ পর্যন্ত বৈদেশিক মুদ্রা দেশে পাঠাতে কোনো ঘোষণা দিতে হবে না। প্রবাসী-আয় বা রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার নতুনভাবে শিথিল করেছে এর আগের নীতিমালা। এর আগ পর্যন্ত দুই হাজার ডলার ও তার চেয়ে বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠাতে হলে নির্ধারিত ফরম-সি এ তা ঘোষণা দিতে হতো। কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা গতকাল পাঠানো হয়েছে দেশের সব বাণিজ্যিক ব্যাংকগুলোতে।এ নির্দেশনায় বলা হয়েছে, শ্রমিক ছাড়া অন্য বাংলাদেশি নাগরিকেরা বিদেশ থেকে দুই হাজার ডলার বা এর বেশি পরিমাণ অর্থ দেশে পাঠাতে বৈদেশিক বিনিময়সংক্রান্ত নির্দেশনায় ‘সি’ ফরমের মাধ্যমে ঘোষণা দিতে হতো। তবে এখন থেকে পাঁচ হাজার ডলার বা এর বেশি পরিমাণ অর্থ দেশে পাঠাতে ঘোষণা দিতে হবে। প্রবাসী বাংলাদেশি শ্রমিকেরা যেহেতু ওয়ার্ক পারমিট নিয়ে দেশের বাইরে গিয়ে কাজ করেন, তাই তাঁদের যেকোনো পরিমাণ অর্থ দেশে পাঠাতে ঘোষণার প্রয়োজন হয় না। এর বাইরে বিদেশি গিয়ে কিংবা দেশে বসে ব্যবসা, গবেষণা, আইটি, আইনি-সহায়তা বা অন্যান্য উপায়ে পাওয়া অর্থের পরিমাণ দুই হাজার ডলারের বেশি হলে ব্যাংক নির্ধারিত ফরমে ঘোষণা দিতে হতো। সেখানে অনেক ক্ষেত্রে গ্রাহককে বিপত্তিতে পড়তে হয়। এসব ঝামেলা এড়াতে অনেকে ব্যাংকিং চ্যানেলের বাইরে এ ধরনের অর্থ পাঠাতেন। সেটি রোধ করতে এখন সে সীমা বাড়িয়ে পাঁচ হাজার ডলার করা হয়েছে।প্রসঙ্গত, ‘সি’ ফরমে যিনি রেমিট্যান্স পাঠান তাঁর ব্যক্তিগত তথ্য, কোন উপায়ে অর্থ উপার্জন করেছেন, কার কাছে অর্থ পাঠাবেন—এসব তথ্য দিতে হয়। ব্যাংক যখন কেন্দ্রীয় ব্যাংকে রেমিট্যান্সের তথ্য পাঠায়, তখন ওই সি ফরমসহ তথ্য দিয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই যাতে প্রবাসীরা দেশে অর্থ আনতে পারেন, সে জন্য সীমা বাড়িয়ে পাঁচ হাজার ডলার করা হয়েছে। এতে বৈধ উপায়ে আয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়বে বলে ওই কর্মকর্তা মনে করেন।