ফিরে দেখা ২০১২সুবিধার জন্য বিনিয়োগকারীদের প্রতীক্ষা শুধু প্রলম্বিত হয়েছে
ঘোষণা দিলেও কার্যকর করেনি বিএসইসি
ঘোষণা বা প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল ২০১১ সালে। আর তা বাস্তবায়নের সময়ও বেঁধে দেওয়া হয়েছিল গত বছরের মধ্যেই। সেই সময় পেরিয়ে গেছে। কিন্তু বেশির ভাগ ঘোষণা বা প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে পারেনি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিশ্রুতি দেওয়ার সময় যতটা আগ্রহ দেখা গেছে এই নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ ব্যক্তিদের, ঠিক ততটাই পিছুটান ছিল বাস্তবায়নে। অনেক ক্ষেত্রে সংস্থাটির শীর্ষ নেতৃত্বের অনীহায় সিদ্ধান্ত বাস্তবায়নে ‘দীর্ঘসূত্রিতার কৌশল’ দেখা গেছে। ফলে ২০১২ সালে বিনিয়োগকারীদের প্রতীক্ষাই প্রলম্বিত হলো।সুদ মওকুফ হলো না: ২০১১ সালের ২৩ নভেম্বর পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিএসইসির পক্ষ থেকে ঘোষণা করা হয় ‘বিশেষ প্রণোদনা’। প্রণোদনার অংশ হিসেবে বলা হয়েছিল, ২০১০ সালের পুঁজিবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফ সুবিধা দেওয়া হবে। কিন্তু বছর পেরিয়ে গেলেও বিনিয়োগকারীদের সুদ মওকুফের সেই সুবিধা সবার জন্য নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে সংস্থাটি। সুদ মওকুফের জন্য কয়েক দফা সময় বেঁধে দিয়ে দায়িত্ব সেরেছে বিএসইসি। সর্বশেষ বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ার পর আর কোনো ঘোষণা দেওয়া হয়নি। অন্যদিকে, দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির মধ্যে ছিল—ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট প্রণয়ন, সুবিধাভোগী আইনকে কঠোর ও যুগোপযোগী করা, ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণ আইন যুগোপযোগী করা, স্টক এক্সচেঞ্জের পরিচালনা থেকে ব্যবস্থাপনাকে আলাদা (ডিমিউচুয়ালাইজেশন) করা, উন্নত তদারকি ব্যবস্থা চালু ও মিউচুয়াল ফান্ডকে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। এর মধ্যে শেষের দুটি বাস্তবায়িত হলেও বাকি চারটির তেমন কোনো অগ্রগতি নেই।সুপারিশ রয়ে গেল নথিবদ্ধ: পুঁজিবাজার ধসের ঘটনায় গঠিত তদন্ত কমিটির বেশির ভাগ সুপারিশই এখনো বাস্তবায়িত হয়নি। শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিষয়ে পুঁজিবাজার তদন্ত প্রতিবেদনে বেশ কিছু ঘটনা তুলে ধরা হয়েছিল। এসব ঘটনার কোনো কোনোটির অধিকতর তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বলা ছিল। কিন্তু কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত একটি মাত্র মামলা করা হয়েছে। বাকি তদন্তগুলোর বিষয়ে কমিশন এখনো অধিকতর তদন্ত করছে। আর কিছু কিছু বিষয়ে এখনো অধিকতর তদন্তের কাজই শুরু করা হয়নি। তদন্তে কালক্ষেপণ: কমিশন সূত্রে জানা গেছে, তিনটি মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাবের আড়ালে বিভিন্ন ব্যক্তির কারসাজির ঘটনার অধিকতর তদন্ত করে এসইসির একটি দল। সেই তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হয়। কিন্তু ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনটি নিজের জিম্মায় রেখে দেন দীর্ঘদিন। পরে এ নিয়ে প্রথম আলোয় খবর প্রকাশিত হলে সেটি পুনরায় কমিশন সভায় আলোচনায় ওঠে। তারও কিছুদিন পর আবার শুরু হয় অধিকতর পুনঃতদন্ত। বছর শেষে হয়ে গেলেও সেই তদন্তকাজ শেষ করতে পারেনি বিএসইসি। এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পুঁজিবাজার তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে কারসাজির দায়ে অভিযুক্ত বেশ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। বাকি ঘটনাগুলোর তদন্তকাজ চলছে।’ন্যূনতম শেয়ার ধারণ: ২০১১ সালের ২২ ডিসেম্বর বিশেষ ক্ষমতাবলে একটি নির্দেশনা জারি করে বিএসইসি। তাতে বলা হয়, এখন থেকে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সবসময় সম্মিলিতভাবে নিজ নিজ কোম্পানির ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে এবং তালিকাভুক্ত কোম্পানির পরিচালক থাকতে হলে প্রত্যেক পরিচালককে এককভাবে ওই কোম্পানির ন্যূনতম দুই শতাংশ শেয়ার ধারণ করতে হবে। নির্দেশনা জারির পর ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পরিপালনে বিএসইসি সময়সীমা বেঁধে দেয়। বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়। আদালতের রায় আসে বিএসইসির পক্ষে। এরপর ছয় মাস অতিক্রম হলেও নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে পারেনি সংস্থাটি। আবার ২০১২ সালে অনেকগুলো আইনি সংস্কার এনেছে বিএসইসি। কিন্তু পিছিয়ে ছিল বিদ্যমান ও নতুন আইনের যথাযথ প্রয়োগ বা পরিপালনে। আর এই দুর্বলতার কারণে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকাকে সংশ্লিষ্ট সবার কাছে প্রশ্নবিদ্ধ করেছে। অভিমত: জানতে চাইলে বিএসইসির সাবেক চেয়ারম্যান ও পুঁজিবাজার বিশেষজ্ঞ ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘নতুন বিএসইসির দায়িত্ব নেওয়ার পর আমরা অনেকগুলো নতুন আইন দেখতে পেয়েছি। যদিও সেসব আইন করার আগে সব দিক বিবেচনা করা হয়েছিল কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তার পরও আমার মনে হয়, আইন করার পর সেসব আইন পরিপালনে সংস্থাটি সামগ্রিকভাবে নিষ্ক্রিয়তার পরিচয় দিয়েছে। ভেবে করুক আর না ভেবে করুক, যখনই কোনো আইন করা হয়, তখনই সেটির যথাযথ পরিপালন খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সেটি না হলে আইনের প্রতি কারোই কোনো শ্রদ্ধা থাকে না।’ফারুক আহমেদ সিদ্দিকী আরও বলেন, ২০১০ সালের ধসের পর পুঁজিবাজার তদন্ত প্রতিবেদনে কারসাজির অনেক ঘটনার উল্লেখ ছিল। সেখানে হয়তো প্রয়োজনীয় তথ্য-উপাত্তের অভাব ছিল। তাই এসব ঘটনা পুনঃ তদন্ত করে আইন ভঙ্গকারীদের শাস্তির আওতায় আনতে বলা হয়েছিল। এ জন্য যথেষ্ট সময় পাওয়ার পর বিএসইসি কোনো ব্যবস্থাই এখনো পর্যন্ত নেয়নি। এটি খুবই দুঃখজনক। কারসাজির তদন্তে এসইসির এই অবহেলা কোনোভাবে উচিত হয়নি।’