ঘোষণার সাড়ে তিন বছরেও চালু হয়নি চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে তড়িঘড়ি উদ্বোধন। এরপর কারখানার যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা। তারপর সরকারি অনুমোদন। মাঝে কেটে গেছে প্রায় সাড়ে তিন বছর। কিন্তু বন্ধ কারখানা বন্ধই রয়ে গেছে। এমন ঘটনা ঘটেছে শিল্প মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্সকে ঘিরে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সাড়ে চার মাসের মাথায় ২০০৯ সালের ২৪ এপ্রিল বন্ধ এই শিল্পটি চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। ওই দিন চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্সে ঢাকঢোল পিটিয়ে মিলটি চালুর ঘোষণা দেওয়া হয়। সংশ্লিষ্ট অনেকে অভিযোগ করে বলেন, ক্ষমতা নেওয়ার পরপর সম্পূর্ণ রাজনৈতিক কারণেই কারখানাটি চালুর ঘোষণা দেন শিল্পমন্ত্রী। শিল্পমন্ত্রীর নিজ বাড়ি মিরসরাইয়ের পার্শ্ববর্তী উপজেলায় কারখানাটি অবস্থিত।অবশ্য যোগাযোগ করা হলে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, সরকারেই অঙ্গীকার ছিল বন্ধ শিল্প কারখানা চালু করার। সার কারখানার জন্য চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্সটি চালু করা জরুরি ছিল। তিনি বলেন, ‘সে জন্যই আমরা চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্সটি চালুর উদ্যোগ নিই। কিন্তু মেশিনগুলো পুরোনো বলে চলছে না।’ এরপর কয়েক দফা দরপত্র আহ্বান করেও আগ্রহী ব্যক্তিদের পাওয়া যায়নি বলে কাজ আটকে আছে জানান বলে মন্ত্রী। খোঁজ নিয়ে জানা যায়, মন্ত্রী যখন মিলটি চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেন তখনো সেটি চালুর বিষয়ে সরকারের লিখিত কোনো অনুমোদনই ছিল না। সেই অনুমোদন মিলেছে ২০১০ সালে। এমনকি বন্ধ মিলটির যন্ত্রপাতি চালুযোগ্য অবস্থায় ছিল কি না, সেই পরীক্ষা-নিরীক্ষাও সঠিকভাবে করা হয়নি। এ কারণে মিলটি চালু করতে গিয়ে শুরুতেই দেখা দেয় বিপত্তি। দীর্ঘদিন অচল পড়ে থাকায় বেশির ভাগ যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন ঠিকাদার নিয়োগ করে মিলটিকে পুনরায় আধুনিকায়ন, যন্ত্রপাতি পুনরায় স্থাপন ও সম্প্রসারণ বা বিএমআরই করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। অথচ মিলটি চালুর ঘোষণাকালে শিল্প মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, ২০ কোটি টাকা খরচ করেই মিলটিকে লাভজনকভাবে চালু করা সম্ভব হবে। এ জন্য আন্তর্জাতিকভাবে ঠিকাদার প্রতিষ্ঠান অনুসন্ধান করছে বাংলাদেশ রসায়ন শিল্প করপোরেশন (বিসিআইসি)। ইতিমধ্যে চার দফা দরপত্র আহ্বান করেও যোগ্য কাউকে পাওয়া যায়নি। পঞ্চম দফায় দরপত্র আহ্বান করা হলে তাতে চীন ও ভারতের দুটি প্রতিষ্ঠান আগ্রহ দেখায়। এখন প্রতিষ্ঠান দুটির দাখিল করা প্রস্তাব মূল্যায়নের কাজ চলছে। বিসিআইসি সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৯৯৭ সালে প্রায় ১১১ কোটি টাকা খরচ করে কারখানাটি একবার বিএমআরই করা হয়েছিল। এরপর লোকসানের কারণ দেখিয়ে ২০০২ সালে তৎকালীন সরকার মিলটি বন্ধ ঘোষণা করে। এরপর দীর্ঘদিন মিলের যন্ত্রপাতিগুলো অব্যবহূত অবস্থায় পড়ে থাকায় একপর্যায়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এখন কোনোভাবে পুরোনো যন্ত্রপাতি দিয়ে মিলটিকে চালু করা সম্ভব নয়। এদিকে উদ্বোধনের দীর্ঘ সময় পরও কারখানাটি চালু করা সম্ভব না হওয়ায় অনেকের মধ্যে অসন্তোষ রয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কারখানাটি দ্রুত চালুর বিষয়ে বেশ কয়েক দফা তাগাদাও দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানিয়েছেন, তাড়াহুড়ো করে কারখানাটি চালুর ঘোষণা না দিয়ে পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন ছিল। জানা গেছে, মিলটি চালুর ঘোষণার পর এটিতে নতুন করে অস্থায়ী ভিত্তিতে বেশকিছু কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। যাঁদের বেতন-ভাতা বাবদ প্রতি মাসে প্রায় পাঁচ লাখ টাকার মতো খরচ হচ্ছে। সেই হিসাবে গত প্রায় সাড়ে তিন বছরে খরচ হয়েছে দুই কোটি টাকারও বেশি। অথচ নিয়োগ হওয়া কর্মকর্তা-কর্মচারীরা কাটাচ্ছেন কর্মহীন সময়। তাঁদের পাশাপাশি রয়েছেন পুরোনো কর্মকর্তা-কর্মচারী। বিসিআইসির চেয়ারম্যান গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ‘অতীতে কারখানাটি চালু করার বিষয়ে কী হয়েছে তা আমি সঠিক বলতে পারব না। কারণ সে সময় আমি দায়িত্বে ছিলাম না। কিন্তু আমি দায়িত্ব নেওয়ার পর থেকে যত দ্রুত সম্ভব কারখানাটি চালু করার চেষ্টা করছি। কয়েক দফা চেষ্টা করেও ঠিকাদার পাওয়া যায়নি। তাই নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে। এখন সেটি মূল্যায়নের কাজ চলছে।’