ঘোষিত ব্যাংকঋণ সুবিধার দ্রুত বাস্তবায়ন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলো দ্রুত স্থানান্তর ও সাভারের চামড়া শিল্পনগরের অবকাঠামো নির্মাণে ব্যাংকঋণ পেতে শিল্প মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) নেতারা।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে গতকাল রোববার বৈঠক করে সমিতির নেতারা এ সহায়তা চান। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সাংসদ এ কে এম রহমতউল্লাহ, অতিরিক্ত শিল্পসচিব বেগম পরাগ, চামড়া শিল্পনগর প্রকল্পের পরিচালক সিরাজুল হায়দার এবং সমিতির চেয়ারম্যান আবু তাহেরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্পনগরে ট্যানারিগুলো স্থানান্তরের ক্ষেত্রে বড় ধরনের ব্যাংকঋণ সুবিধা ঘোষণা করে গত ২ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, যেসব ট্যানারি সাভারে স্থানান্তরের প্রক্রিয়াধীন রয়েছে কিংবা স্থানান্তর হয়ে গেছে, সেসব ট্যানারির অনিয়মিত ঋণ ব্লক হিসাবে স্থানান্তর, মরেটরিয়াম-সুবিধা প্রদান ও ঋণের জন্য নমনীয় পরিশোধ সূচি নিরূপণ করা যাবে। ব্লক হিসাবে স্থানান্তরিত ঋণের জন্য এক বছরের মরেটরিয়াম-সুবিধা প্রদান ও পরবর্তী সর্বোচ্চ আট বছর পরিশোধ সময়কাল হিসেবে বিবেচনা করা যাবে।
মন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএফএলএলএফইএর নেতারা বলেন, চামড়া শিল্পনগরকে পরিবেশবান্ধব শিল্পনগর হিসেবে গড়ে তুলতে হলে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন ও উন্নতমানের অবকাঠামো নির্মাণ করতে হবে। অবকাঠামো নির্মাণে তিন হাজার ৩০০ কোটি টাকা ও নতুন যন্ত্রপাতি স্থাপনে আরও এক হাজার ৮০০ কোটি টাকা ব্যয় হবে। এই টাকার জন্যই তাঁরা বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রজ্ঞাপনটির দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
এর পরিপ্রেক্ষিতে শিল্পমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই হাজারীবাগের ট্যানারিগুলো স্থানান্তর করে সাভারে পরিবেশবান্ধব চামড়া শিল্পনগর চালু করা হবে। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে ট্যানারির মালিকদের যৌক্তিক সব দাবি মেনে নিয়েছে। অবকাঠামো ও যন্ত্রপাতি স্থাপনে উদ্যোক্তাদের সহায়তার অংশ হিসেবে সরকার ২৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে। এর পরও দ্রুত চামড়া শিল্পনগর চালুর স্বার্থে যেকোনো সমস্যা সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।