ঘোষিত সময়ে ঈদ বোনাস পাননি অধিকাংশ শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের নির্দেশনা মানলেন না তৈরি পোশাক কারখানা মালিকেরা। গতকাল রোববারের মধ্যে তৈরি পোশাকশ্রমিকদের ঈদুল আজহার উৎসব ভাতা দিতে মালিকদের নির্দেশ দিয়েছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত অধিকাংশ তৈরি পোশাকশ্রমিকই ঈদ বোনাস বুঝে পাননি।
অবশ্য তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর দাবি, ঝুঁকিপূর্ণ ১ হাজার ৭০০ কারখানা তদারক করছে তারা। এর মধ্যে গতকাল পর্যন্ত ৯০০ কারখানা বোনাস দিয়েছে। বাকিরা আজ, কাল ও পরশুর মধ্যে বোনাস পরিশোধ করবে। কোনো সমস্যা হবে না। তবে শ্রমিক নেতারা এটি অস্বীকার করে বলছেন, হাতে গোনা কয়েকটি কারখানা বোনাস দিয়েছে।
একাধিক শ্রমিক নেতা বলছেন, শেষ পর্যন্ত সব শ্রমিক ঈদ বোনাস পাবেন কি না সেটি নিয়ে তাঁরা সন্দিহান। তাঁদের দাবি, শতাধিক কারখানা গত আগস্ট মাসের বেতন দেয়নি। আবার অধিকাংশ কারখানাই চলতি মাসের ১৫ দিনের বেতন দেওয়ার কোনো প্রকার আশ্বাস দেয়নি। সরকারের ঘোষিত সময়সীমার মধ্যে বোনাস পরিশোধ না করার জন্য তদারকি না থাকা ও বিজিএমইএর উদাসীনতাকে দায়ী করেন তাঁরা।

তৈরি পোশাকশিল্প: *চলতি মাসের ১৫ দিনের বেতন পাওয়া নিয়েও শ্রমিকদের শঙ্কা *বিজিএমইএর দাবি, গতকাল পর্যন্ত ৯০০ কারখানা বোনাস দিয়েছে। অন্যরা ঈদের ছুটির আগেই দিয়ে দেবে

সচিবালয়ে গত মঙ্গলবার শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে সংকট ব্যবস্থাপনা সংক্রান্ত মূল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ২০ সেপ্টেম্বরের (গতকাল) মধ্যে বোনাস ও ঈদের ছুটির আগে চলতি মাসের ১৫ দিনের বেতন দেওয়ার বিষয়ে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, তাঁরা (মালিকেরা) রাজি হয়েছেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সারা দেশে সাড়ে তিন হাজারের বেশি পোশাক কারখানা আছে। এর মধ্যে গাজীপুর ও নারায়ণগঞ্জেই আছে ১ হাজার ৪২০টি। তবে গতকাল এই দুই জায়গার শিল্প পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ কারখানা মালিকই বোনাস দেননি।
গাজীপুর শিল্প পুলিশের সহকারি পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার প্রথম আলোকে বলেন, বড় কিছু কারখানা বোনাস দিয়েছে। এই সংখ্যা খুবই নগণ্য। অধিকাংশ কারখানাই মঙ্গলবার ও বুধবার বোনাস ও ১৫ দিনের বেতন দিয়ে ছুটি দিয়ে দেওয়ার কথা বলছে।
অন্যদিকে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখন বোনাস দিলে শ্রমিকেরা কাজ বাদ দিয়ে বাড়ি চলে যাবেন—এমন আশঙ্কায় মালিকেরা দিচ্ছেন না। ঈদের এক-দুই দিন আগে বোনাস দেবেন। তবে তিনি আশা প্রকাশ করেন, গত ঈদে সমস্যা হয়নি। এবারও হবে না।
অন্যদিকে চট্টগ্রামে ৬২০ কারখানার মধ্যে গতকাল পর্যন্ত ১১১ কারখানা বোনাস দিয়েছে। আর চলতি মাসের ১৫ দিনের বেতন দিয়েছে মাত্র ২৫টি কারখানা। ২৮টি কারখানা এখন পর্যন্ত আগস্ট মাসের বেতন দিতে পারেনি। জানতে চাইলে গত রাতে এমনটাই জানান চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পরিচালক সোহেল রানা।
এ বিষয়ে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু প্রথম আলোকে বলেন, ‘১০ শতাংশ কারখানাও এখন পর্যন্ত বোনাস দেয়নি। আর অধিকাংশ কারখানা তো চলতি মাসের ১৫ দিনের বেতন দেওয়ার চিন্তাভাবনাই করছে না। তারা বলছে, তারা বেতন দিতে পারবে না।’ এ জন্য তিনি সরকারের তদারকির অভাবকে দায়ী করে বলেন, ‘সরকার কেবল দায়সারাভাবে সময়সীমার ঘোষণাই দেয়।’
এদিকে যেসব কারখানা বোনাস দিচ্ছে তাদের অধিকাংশ শ্রমিকদের মূল বেতনের ৪০ থেকে শুরু করে ৭০ শতাংশ পর্যন্ত অর্থ বোনাস হিসেবে দিচ্ছে। এমন অভিযোগ করে জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, শ্রম বিধিমালায় উৎসব ভাতার কথা আছে। তবে ভাতার সর্বোচ্চ পরিমাণটি উল্লেখ থাকলেও সর্বনিম্ন হারটি নেই। এ জন্য শ্রমিকেরা ঠকছেন।’ তিনি আরও বলেন, ‘শাস্তির ব্যবস্থা না থাকার কারণেই মালিকেরা সরকারের নির্দেশনা মানছেন না।’
সরকার ঘোষিত সময়সীমা অনুযায়ী বোনাস দিতে মালিকেরা কেন ব্যর্থ—জানতে চাইলে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সরকার তো টাকা দেবে না। শ্রমিকদের বেতন-ভাতা মালিকদেরই দিতে হবে। তাই সরকারের উচিত সেই পরিবেশ তৈরি করা। একটি তারিখ নির্ধারণ করে দেওয়াটা যৌক্তিক না।’
আতিকুল ইসলাম আরও বলেন, ‘ছোট-মাঝারি কারখানা মালিকেরা টাকা জোগাড় করছেন। আশা করছি, গত ঈদের মতো এবারও কোনো সমস্যা হবে না। আমাদের ১৩টি দল তদারক করছি।’ তিনি বলেন, ৭৫ শতাংশ কারখানা মালিক বোনাস ও চলতি মাসের ১৫ দিনের বেতন দেওয়ার বিষয়ে ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছে।
অবশ্য এ বিষয়ে কথা বলতে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু মুঠোফোনে যোগাযোগ করলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক, গাজীপুর ও নারায়ণগঞ্জ প্রতিনিধি)