চকলেট কোম্পানি ক্যাডবেরি বিক্রি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের বিশ্বখ্যাত চকলেট ও মিষ্টিজাতীয় খাদ্যপণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠান ক্যাডবেরি বিক্রি হয়ে যাচ্ছে মার্কিন খাদ্য কোম্পানি ক্র্যাফট ফুডসের কাছে।ক্র্যাফট ফুডস প্রতিটি শেয়ারের দাম ৮৪০ পেনি করে মোট এক হাজার ৮৯০ কোটি মার্কিন ডলারের (যা এক হাজার ১৫০ কোটি ব্রিটিশ পাউন্ডের সমান) বিনিময়ে ক্যাডবেরি কেনার প্রস্তাব দিয়েছে, যা ক্যাডবেরির পরিচালনা পর্ষদ গতকাল মঙ্গলবার গ্রহণ করে। পাশাপাশি বিষয়টি অনুমোদনের জন্য ক্যাডবেরি কর্তৃপক্ষ শেয়ারহোল্ডারদেরও পরামর্শ দিয়েছে। এ ছাড়া শেয়ারহোল্ডাররা অবশ্য শেয়ারপ্রতি ১০ পেনি করে লভ্যাংশ পাবেন। এতে তাঁরা রাজি হবেন বলে আশা করা হচ্ছে।ক্র্যাফটের প্রস্তাব অনুযায়ী ক্যাডবেরির শেয়ারপিছু নগদে ৫০০ পেনি করে পরিশোধ করা হবে। বাকি অংশ ক্র্যাফটের শেয়ার হিসেবে গণ্য হবে। এ চুক্তির অর্থায়নে ক্র্যাফটকে ৭০০ কোটি পাউন্ড বা এক হাজার ১৫০ কোটি মার্কিন ডলার ঋণ নিতে হবে।ক্যাডবেরির মালিকানা বিক্রি নিয়ে কয়েক মাস ধরেই ক্র্যাফটের সঙ্গে প্রতিষ্ঠানটির ‘করপোরেট যুদ্ধ’ চলে আসছিল। এর আগে ক্র্যাফট ফুডস এক হাজার ৫০ কোটি পাউন্ড বা এক হাজার ৭১০ কোটি মার্কিন ডলার অফার করেছিল। অবশেষে তা আরও ১০০ কোটি পাউন্ড বাড়িয়ে প্রস্তাব দেওয়ায় তাতে রাজি হয় ক্যাডবেরি কর্তৃপক্ষ।ক্যাডবেরির মালিকানা কেনার চুক্তির ফলে এটি ‘বিশ্বের শীর্ষ কনফেকশনারি প্রতিষ্ঠান’ হিসেবে গড়ে উঠবে বলে দাবি করেছে ক্র্যাফট কর্তৃপক্ষ।ক্যাডবেরির প্রধান নির্বাহী রজার ক্যার বলেন, ‘আমরা বিশ্বাস করি, শেয়ারহোল্ডারদের জন্য উপযুক্ত দামেই বিক্রি হচ্ছে ক্যাডবেরি এবং তাঁরা এখন ক্র্যাফটের সঙ্গেই কাজ করবেন, যাতে এ ব্যবসায়ের উত্তরোত্তর সফলতা ও প্রবৃদ্ধি অর্জন ত্বরান্বিত হয়।’ক্র্যাফট ফুডসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আইরিন রোজেনফেল্ড ক্যাডবেরি কেনার চুক্তিটিকে শেয়ারহোল্ডার ও কোম্পানির কর্মীদের জন্য একটি সুখবর হিসেবে আখ্যায়িত করেন।এদিকে ক্র্যাফটের প্রস্তাবে ক্যাডবেরি কর্তৃপক্ষ রাজি হওয়ায় গতকালই এর শেয়ারের দর ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। সূত্র: বিবিসি ও এপি।