চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন আজ
১৯তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) শুরু হচ্ছে কাল সোমবার। তবে মেলাটির উদ্বোধন করা হবে আজ রোববার বিকেল তিনটায়।চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এই মেলার আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। এতে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে থাইল্যান্ডের রাষ্ট্রদূত তাসানাওয়াদি মিয়ানচারন ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। এবারের মেলায় পার্টনার কান্ট্রি হিসেবে রয়েছে থাইল্যান্ড। মেলায় পকিস্তান, কাশ্মীর, ইরান, আরব আমিরাত ও কোরিয়ার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ৩৬টি প্যাভিলিয়ন ও ২৬৩টি স্টলে তাদের পণ্য প্রদর্শন করবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।এ উপলক্ষে গত বৃহস্পতিবার আয়োজক চট্টগ্রাম চেম্বারের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহযোগিতায় সুন্দরবনের পক্ষে ভোট গ্রহণ করা হবে।এ ছাড়া মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ও পুলিশের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে। আনসার ও ভিডিপির সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে মেলায় সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হবে।