জাতীয় আয়ে যে চট্টগ্রামের অবদান এক-তৃতীয়াংশ, সেই চট্টগ্রামকে এখন মৃতপ্রায় নগর বললেও কম বলা হবে। বন্দরনগর চট্টগ্রাম বাস্তবে মৃত। জলাবদ্ধতা, ভাঙাচোরা রাস্তাঘাট, যানজট এবং গণপরিবহনের স্বল্পতায় এ নগরের ৬০ লাখ মানুষ এখন অসহায়।
রাজধানীর ডেইলি স্টার ভবনে গতকাল বৃহস্পতিবার ‘বৈশ্বিক বন্দর, বৈশ্বিক শহর: জাতীয় উন্নয়নে চট্টগ্রামের অগ্রাধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ চিত্র তুলে ধরেন।
বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি), সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং দৈনিক বণিক বার্তা আয়োজিত এই বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রবন্ধে বলা হয়, চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের ৮০ শতাংশ আমদানি-রপ্তানি হয়; যা থেকে আসে মোট রাজস্ব আয়ের ২৫ শতাংশ। আর দেশের ৪০ শতাংশ ভারী শিল্পের অবস্থানই চট্টগ্রামে। এ নগরে ভারতের সেভেন সিস্টারে যাওয়ারও প্রবেশদ্বার। তাই চট্টগ্রামকে এড়িয়ে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) উচ্চহারে প্রবৃদ্ধি অর্জন, পোশাক খাতের রপ্তানি আয় ৫ হাজার কোটি ডলারে উন্নীত করা এবং সমুদ্র বাণিজ্য ও আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানো সম্ভব হবে না।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের স্বপ্ন বড়, চাহিদা বেশি। তাই সমন্বয়হীনতা দেখা দেয়। তবে চট্টগ্রামকে বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন অসম্ভব।’ আগামী তিন বছরের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের দুরবস্থা থাকবে না বলে মনে করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, শুধু ঢাকা শহরকে ঘিরে উন্নয়নচিন্তা করলে হবে না, চিন্তার বিকেন্দ্রীকরণও দরকার। এ ক্ষেত্রে অবশ্যই চট্টগ্রামের উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে দক্ষিণ বাংলা, খুলনা, সিলেট অঞ্চলের উন্নয়নও কম জরুরি নয়।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম বলেন, কোনো অঞ্চলকে সরকার ছোটো করেদেখছে না। তিনি বেসরকারি খাতকে আরও জবাবদিহির মধ্যে আনার পরামর্শ দেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ দেশের প্রায় সব মন্ত্রণালয় ও বিভাগের প্রধান কার্যালয় ঢাকায় রাখার সমালোচনা করেন। তিনি বলেন, রাজধানী নয়াদিল্লি হওয়া সত্ত্বেও ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) প্রধান কার্যালয় মুম্বাইয়ে।
বিজিএমইএর সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, বন্দরের সক্ষমতা কমছে। পাঁচ বছর পরের পরিকল্পনা এখনই না নিলে অবস্থা আরও খারাপ হবে।
ওয়েল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নুরুল ইসলাম বলেন, বিমানবন্দর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে শহরে যেতে সময় লাগে তিন ঘণ্টা।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এই সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হয়নি।
চট্টগ্রাম ক্লাবের সাবেক সভাপতি মঈনুল ইসলাম মাহমুদ বলেন, জলাবদ্ধতায় প্রতিবছর চট্টগ্রামে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়। অদম্য চট্টগ্রাম এখন অবদমিত হয়ে গেছে।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, ৬০ লাখ অধিবাসীর চট্টগ্রাম শহরে গণপরিবহন বলতে কিছু নেই। ঢাকা থেকে চট্টগ্রামগামী মহাসড়কে চার লেনের কাজ চললেও এটি যখন শেষ হবে, তখন হয়তো আট লেনের দরকার পড়বে।
সাড়ে ছয় বছরে সরকার চট্টগ্রামের জন্য কী করেছে—প্রশ্ন রেখে সোহরাব হাসান আরও বলেন, ‘বিশ্ব অর্থনীতির অংশ হতে চাইলেও এ জন্য আমাদের যথাযথ নীতি পরিকল্পনার অভাব রয়েছে।’