চট্টগ্রাম ও সিলেটে গ্রামীণফোনের থ্রিজি সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে থ্রিজি সেবা চালু উপলক্ষে গ্রামীণফোনের শোভাযাত্রা
চট্টগ্রামে থ্রিজি সেবা চালু উপলক্ষে গ্রামীণফোনের শোভাযাত্রা

চট্টগ্রাম ও সিলেটের গ্রাহকদের জন্য গতকাল শনিবার থেকে বাণিজ্যিকভাবে থ্রিজি মুঠোফোন সেবা চালু করল গ্রামীণফোন।
ফলে গতকাল শনিবার থেকে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা এবং সিলেটের মীরাবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, কলিমুল্লাহ মার্কেট, পর্যটন ও বিমানবন্দর এলাকার গ্রাহকেরা এই মুঠোফোন অপারেটরের থ্রিজি সেবা ব্যবহার করতে পারছেন।
গ্রামীণফোন বলছে, এর আগে চট্টগ্রামে অন্য কয়েকটি মুঠোফোন অপারেটর থ্রিজি সেবা চালু করলেও সিলেটে গ্রামীণফোনই প্রথম এই সেবা চালু করল। উভয় শহরেরই অন্য এলাকাগুলো আগামী ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে থ্রিজি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হবে।
গ্রামীণফোনের থ্রিজি সেবা চালু উপলক্ষে চট্টগ্রাম ও সিলেট দুই শহরেই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সিলেটে এর উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
গ্রামীণফোনের থ্রিজি সক্ষম নম্বরে ভিডিওকল করতে খরচ হবে প্রতি মিনিট এক টাকা ২০ পয়সা। আপাতত অন্য অপারেটরে ভিডিওকল করা যাবে না।

গ্রামীণফোন বলছে, দুটি গতি স্তরের থ্রিজি প্যাকেজ গ্রামীণফোনের গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন। ৫১২ কিলোবাইট/ সেকেন্ড গতির আওতায় দুই গিগাবাইট মাসিক প্যাকেজের দাম পড়বে ৪০০ টাকা।

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আছে ৮০০ টাকায় স্মার্ট প্ল্যান, যার মধ্যে আছে অফুরন্ত ডেটা (১ দশমিক ৫ গিগাবাইটের পর ফেয়ার ইউজেস পলিসি), ভয়েসকল, এসএমএস এবং এমএমএস।

বেশি ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আছে অফুরন্ত মাসিক প্যাকেজ (আট গিগাবাইটের পর ফেয়ার ইউজেস পলিসি)।

এক মেগাবাইট/ সেকেন্ড গতির আওতায় দুই গিগাবাইটের মাসিক প্যাকেজের দাম হবে ৭০০ টাকা। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আছে এক হাজার ১০০ টাকায় স্মার্ট প্ল্যান, যার মধ্যে আছে অফুরন্ত ডেটা (১ দশমিক ৫ গিগাবাইটের পর ফেয়ার ইউজেস পলিসি), ভয়েসকল, এসএমএস এবং এমএমএস।

এ ছাড়া অধিকহারে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য চালু করা অফুরন্ত মাসিক প্যাকেজটি (আট গিগাবাইটের পর ফেয়ার ইউজেস পলিসি) পাওয়া যাবে এক হাজার ২৫০ টাকায়।