চট্টগ্রাম-কলকাতা পথে উড্ডয়ন শুরু রিজেন্ট এয়ারের
চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক গন্তব্যে উড্ডয়ন কার্যক্রম শুরু করেছে রিজেন্ট এয়ারওয়েজ।
চট্টগ্রাম থেকে গত শুক্রবার ৪৮ জন যাত্রী নিয়ে কলকাতার পথে উড়তে শুরু করেছে রিজেন্ট এয়ারের বিমান।
বিমানসংস্থাটির চেয়ারম্যান ইয়াছিন আলী এ উড্ডয়ন কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূরে আলম, রিজেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ মোমেন, উপব্যবস্থাপনা পরিচালক সালমান হাবীব উপস্থিত ছিলেন।
রিজেন্ট এয়ারওয়েজ জানায়, সপ্তাহের মঙ্গল, শুক্র ও রোববার—এ তিন দিন চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট আসা-যাওয়া করবে। চট্টগ্রাম-কলকাতা রুটে সর্বনিম্ন ১৩ হাজার ৯৫৩ টাকায় আসা-যাওয়া করা যাবে। এই ভাড়া প্রতিযোগী অন্যান্য এয়ারলাইনসের চেয়ে অনেক কম বলে দাবি করেন তারা।
চট্টগ্রামের হাবিব গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্ট এয়ারের বহরে বর্তমানে চারটি বিমান রয়েছে। এর মধ্যে দুটি বোয়িং ৭৩৭-৭০০ উড়োজাহাজ আছে; যার প্রতিটিতে রয়েছে ১২৬টি আসন।
এ ছাড়া ৫০ আসনবিশিষ্ট দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ রয়েছে রিজেন্ট এয়ারের বহরে।