চট্টগ্রাম-কাতার পথে ২ জুলাই উড়বে রিজেন্ট
ঢাকার পর এবার চট্টগ্রাম থেকে সরাসরি কাতারের রাজধানী দোহায় উড্ডয়ন শুরু করতে যাচ্ছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। আগামী ২ জুলাই নতুন প্রজন্মের ১৬৭ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে শুরু হবে উড্ডয়ন। প্রতি রবি ও বুধবার রাত পৌনে ১১টায় রিজেন্টের উড়োজাহাজটি চট্টগ্রাম ছেড়ে যাবে এবং দোহায় পৌঁছাবে সেখানকার সময় রাত পৌনে দুইটায়। দোহা থেকে রাত পৌনে তিনটায় ছেড়ে চট্টগ্রাম এসে পৌঁছাবে বেলা ১১টায়।
রিজেন্ট এয়ার গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, সব ধরনের করসহ চট্টগ্রাম-দোহা পথে সর্বনিম্ন একমুখী ভাড়া ২৩ হাজার ৭৮৭ টাকা ও দ্বিমুখী ভাড়া ৪০ হাজার ৪৬২ টাকা। প্রত্যেক যাত্রী দেশ থেকে যাওয়ার সময় ২০ কেজি এবং দোহা থেকে আসার সময় ৪৫ কেজি ব্যাগেজ বিনা মাশুলে আনতে পারবে।
রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম ফজলে আকবর বলেন, দোহায় উড্ডয়ন শুরু করার ফলে কাতারপ্রবাসী চট্টগ্রাম অঞ্চলের দেড় লাখ মানুষ উপকৃত হবে।
রিজেন্ট এয়ার গত ১৯ মে ঢাকা থেকে দোহায় চলাচল শুরু করে।