চট্টগ্রাম কাস্টম হাউস এখন থেকে শনিবার খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে চলতি ২০১১-১২ অর্থবছরে ২২ হাজার ৬০০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। আলোচ্য বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৫৬০ কোটি টাকা।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মারুফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করতে এখন থেকে প্রতি শনিবার এই কাস্টম হাউস খোলা থাকবে। দাপ্তরিক সময়ের (সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা) বাইরে শুল্কায়ন কার্যক্রম অব্যাহত রাখতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অধিকাল ভাতা (ওভারটাইম) প্রদান করা হবে। প্রতিটি আমদানি-রপ্তানি চালান থেকে ১০০ টাকা হারে আদায় করে আলাদা একটি তহবিল গঠন করা হবে। যা থেকে অধিকাল ভাতা দেওয়া হবে।এ ব্যাপারে আগামীকাল শনিবার কাস্টম হাউসে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সঙ্গে এনবিআরের একটি চুক্তি হচ্ছে। একই দিন অনলাইনে শুল্ক-কর পরিশোধের কার্যক্রমও উদ্বোধন করা হবে।চট্টগ্রাম কাস্টম হাউস মিলনায়তনে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। এতে কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মতিউর রহমান, যুগ্ম কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান, উপ-কমিশনার মাহমুদুল হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মারুফুল ইসলাম বলেন, চলতি অর্থবছরে আমদানির পরিমাণ ছিল কম। এ কারণে রাজস্ব আদায় নিয়ে টানাপোড়েন ছিল। তবে অর্থবছর শেষ হওয়ার আগেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। পাশাপাশি জরিমানা আদায়ে কঠোর হওয়ার কারণে আপাতদৃষ্টিতে শুল্ক ফাঁকির প্রবণতা কমেছে বলে মনে করেন তিনি।এনবিআরের তথ্য অনুযায়ী দেশের আমদানি বাণিজ্যের ৫৩ শতাংশ এবং রপ্তানি বাণিজ্যের ৮৫ শতাংশ এই শুল্ক ভবনের মাধ্যমে সম্পাদিত হয়। দেশের অভ্যন্তরীণ রাজস্বের ২৩ শতাংশ এই শুল্ক ভবন থেকে আদায় হয়।