চট্টগ্রাম কাস্টম হাউস শনিবার খোলা থাকলে ব্যবসার ব্যয় কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি-রপ্তানি বাণিজ্যের ব্যয় কমাতে দেশের ব্যবসায়ীরা চান চট্টগ্রাম কাস্টম হাউস সপ্তাহের সাত দিনই খোলা থাকুক। অন্তত শনিবার যেন তা খোলা থাকে, সে জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তাঁরা। বর্তমানে কাস্টম হাউসে রপ্তানি শুল্কায়ন সাত দিন চললেও আমদানি শুল্কায়ন হয় পাঁচ দিন।কাস্টম হাউস হিসাব করে দেখেছে, শনিবার খোলা রাখা হলে এবং এক-তৃতীয়াংশ কর্মকর্তাকে কাজে নিয়োজিত রাখলে অতিরিক্ত প্রয়োজন হবে ৭৫ হাজার কোটি টাকা। পুরো জনবলকেই কাজে লাগানো হলে মাসে প্রয়োজন হবে তিন কোটি ১২ লাখ টাকা। আর এ টাকা আদায় করতে হবে শনিবার যত বিল অব এন্ট্রি হবে তা থেকে।তবে বেশির ভাগ ব্যবসায়ীই অতিরিক্ত কাজের জন্য কাস্টমস কর্মকর্তাদের প্রণোদনা দিতে রাজি নন।চট্টগ্রাম কাস্টমসহ সব স্থলবন্দর ও শুল্ক স্টেশন সাত দিন খোলা রাখার বিষয়ে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত এক আলোচনায় এসব বিষয় উঠে আসে। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ‘রপ্তানি শুল্কায়ন যদি ২৪ ঘণ্টা চলতে পারে, আমদানির কার্যক্রম কেন চলবে না?’ এনবিআর চেয়ারম্যানের উদ্দেশে রসিকতা করে তিনি বলেন, ‘সার্ভিস চার্জ না নিয়ে কীভাবে শনিবার সেবা দেওয়া যায়, সে বিষয়ে আপনার মিরাকল দেখান।’তবে সভার প্রধান অতিথি এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ বলেন, ‘আমাদের জনবলের স্বল্পতা আছে। তাই আমরা প্রথমে এটা চাইনি। আপনারা চাইলেই এটা হবে। ডিসেম্বরে বড় ধরনের নিয়োগ হতে পারে। কিন্তু তার আগে যদি এ সুবিধা পেতে চান তাহলে বিদ্যমান জনবল দিয়েই তা করতে হবে। সে ক্ষেত্রে তাদের প্রণোদনা দিতে হবে।’নাসিরউদ্দীন আহমেদ আরও বলেন, ‘কাস্টমস আইন অনুযায়ী আমরা কাজ করি। আইনে এমওটির (বাড়তি কাজের জন্য প্রণোদনা) কথা উল্লেখ আছে।’নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সমিতি বিকেএমইএর সহসভাপতি মো. হাতেম বলেন, চট্টগ্রাম বন্দর থেকে যেখানে মোট রাজস্বের ২৩ শতাংশ আসছে, সেখানে শনিবার এমনিই সেবা দেওয়া উচিত। এ সেবার জন্য অতিরিক্ত অর্থ নেওয়া উচিত নয়।তবে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএর সভাপতি শফিউল ইসলামের অভিমত ভিন্ন। তিনি বলেন, ‘শুধু শনিবারের জন্য যে অর্থ প্রণোদনা হিসেবে দিতে হবে তার পরিমাণ খুব বেশি নয়। এটা দেওয়া সম্ভব। কিন্তু সমস্যা হলো, সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নেই। এ কাজটা সমন্বিতভাবে করতে হবে।’আলোচনায় বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. সাহাবুল্লাহ, এনবিআর সদস্য (কাস্টম) নাসির উদ্দিন, চট্টগ্রাম কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মতিউর রহমান, এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক প্রমুখ অংশ নেন।