চট্টগ্রাম কাস্টম হাউসে নতুন পদ্ধতির কার্যক্রম শুরু মার্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মার্চ মাস থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে নতুন পদ্ধতির কার্যক্রম শুরু হচ্ছে। এর ফলে কাস্টম হাউসের শুল্কায়ন-প্রক্রিয়া আরও সহজ হবে এবং এর আগে চালু করা স্বয়ংক্রিয়-পদ্ধতির সুরক্ষা বাড়বে।প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ওয়েবভিত্তিক এ পদ্ধতি পুরোপুরি বাস্তবায়ন করতে ১৮ মাস সময় লাগবে।আন্তর্জাতিক শুল্ক দিবস (২৬ জানুয়ারি) উপলক্ষে চট্টগ্রাম কাস্টম হাউস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুগ্ম কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান। এতে জানানো হয়, চট্টগ্রাম কাস্টম হাউসে অ্যাসাইকুডা পদ্ধতির ওয়ার্ল্ড ভার্সনের কার্যক্রম চালু করা হবে। গত মঙ্গলবারের এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপকমিশনার মো. মাহমুদুল হাসান।সৈয়দ মুসফিকুর রহমান জানান, দেশে প্রথমবারের মতো (আজ বৃহস্পতিবার) আন্তর্জাতিক শুল্ক দিবস পালন এবং এ উপলক্ষে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী পাঁচটি সরকারি সংস্থা ও পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।মুসফিকুর রহমান বলেন, দেশে সমুদ্রপথে পণ্য পরিবহনের ৯০ শতাংশই হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে। এ কারণে ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রথমবারের মতো এই দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে আজ সকালে চট্টগ্রাম কাস্টম হাউসের সামনে থেকে শোভাযাত্রা বের হবে। এ ছাড়া সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।প্রসঙ্গত, চট্টগ্রাম কাস্টম হাউসে প্রায় তিন বছর আগে স্বয়ংক্রিয়-পদ্ধতি চালু করা হলেও তা ৫০ শতাংশের মতো বাস্তবায়িত হয়েছে। এ কারণে সনাতন-পদ্ধতির ওপরও নির্ভর করতে হচ্ছে। তবে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড পদ্ধতির কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন হলে সবই এর আওতায় করতে হবে এবং সনাতন-পদ্ধতির কার্যক্রম বন্ধ হয়ে যাবে বলে জানান সৈয়দ মুসফিকুর রহমান।কাস্টম হাউসের কার্যক্রমে পরিবর্তন আনার কথা তুলে ধরে মুসফিকুর রহমান বলেন, আগামী এক মাসের মধ্যে বন্দরের পণ্য খালাসের গেটগুলো পরিপূর্ণ স্বয়ংক্রিয়-পদ্ধতির আওতায় আনা হবে। স্বয়ংক্রিয়-পদ্ধতি পরিপূর্ণ হলে জাল ছাড়পত্র বা অবৈধভাবে পণ্য খালাসের সুযোগ থাকবে না। নতুন সফটওয়্যার পুরোপুরি বাস্তবায়িত হলে সনাতন-পদ্ধতিতে কাজ করার সুযোগ থাকবে না।চট্টগ্রাম কাস্টম হাউসে বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, শুল্ক ফাঁকির ঘটনায় জরিমানা আরোপের ক্ষেত্রে সবার জন্য একই নিয়ম প্রযোজ্য হচ্ছে। একইভাবে শুল্কায়ন মূল্য নির্ধারণেও একই নীতি মানা হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে এসব নিয়ম একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনা যাবে।সৈয়দ মুসফিকুর রহমান আরও বলেন, শুল্ক ফাঁকির অপচেষ্টা রোধ করতে তদারকির জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ত করা হয়েছে। সম্প্রতি জাল ছাড়পত্রে ১১ কনটেইনার পণ্য আটকের ঘটনায় বন্দর থানায় ফৌজদারি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।